টানা হারতে হারতে পয়েন্ট টেবিলের সঙ্গে তাদের আত্মবিশ্বাসটাও তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু বাংলাদেশ লিগে কালই প্রথম জয়ের দেখা পেয়ে আত্মবিশ্বাস আবার ফিরে আসছে বলেই জানালেন মুক্তিযোদ্ধার অধিনায়ক রোকনুজ্জামান কাঞ্চন টানা হারের পর আগের ম্যাচে ড্র, এরপর জিতলেন? ভালো লাগছে নিশ্চয়ই?রোকনুজ্জামান কাঞ্চন: তা তো অবশ্যই। পরপর ৫ ম্যাচে হারের পরে শুকতারার সঙ্গে ড্র করলাম, আজ (গতকাল) জিতলাম আরামবাগের বিপক্ষে। আমাদের আত্মবিশ্বাসের লেভেলটা এতে অনেক উঁচুতে উঠে গেছে। এখন মোটামুটি সবার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে, আমরা জিততে পারি। এটা আমাদের পরের ম্যাচে দারুণ কাজে লাগবে। এর আগে ফেনী সকারের সঙ্গে তো এগিয়ে থেকেও এর আগে হেরেছিলেন? এমনটি কেন হচ্ছিল?কাঞ্চন: ওই একই কথা বলব, আমরা আসলে আত্মবিশ্বাসটা পাচ্ছিলাম না। সবার মধ্যে একটা তাড়াহুড়ার ভাব ছিল। এই বুঝি গোল হয়ে গেল, এমন একটা আতঙ্কও কাজ করত। ইনশাআল্লাহ এগুলো কাটিয়ে উঠতে পারব সামনে। এই জয় দিয়ে যেটা শুরু করলাম। ভবিষ্যতে এমন হয়তো আর হবে না আমার মনে হয়। কাল তো শেষ মিনিটে দুটি গোল হলো। সময় থাকলে হয়তো ড্র-ই করে বসত আরামবাগ?কাঞ্চন: আসলে আমরা যখন ৩ গোল দিয়ে ফেলেছি এরপর আমরা সামান্য একটু রিলাক্সড হয়ে পড়েছিলাম। ভাবছিলাম খেলা তো আর তিন-চার মিনিট আছে। এই ম্যাচে তো জিতেই গেছি। এ জন্য হয়তো ওদের দ্বিতীয় গোলটা হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে পরে আলাপ করেছি ওরাও একই কথা বলছিল। তবে এই গোলটা কিন্তু ফাউল ছিল। লিগে কালই প্রথম গোল করলেন। নামের পাশে নিশ্চয়ই অনেক গোল দেখতে চাইবেন?কাঞ্চন: তা তো অবশ্যই। আমি আরও গোল করতে চাই সামনের ম্যাচে। আপনি তো একসময় দেশের প্রধান স্ট্রাইকারদের একজন ছিলেন? এখনো কি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন?কাঞ্চন: অবশ্যই, আমি সেই স্বপ্ন দেখি। আমি মনে করি, এখনো ছয় থেকে ১০ বছর আমার খেলার সামর্থ্য আছে। এখন এটা ফেডারেশন দেখবে। বিদেশি কোচ জর্জেভিচ তো আমার খেলা দেখে আমার সঙ্গে কথা বলেছেন। এরপর আমার মোবাইল নম্বরও নিয়েছেন। মুক্তিযোদ্ধা একসময়ের অন্যতম প্রধান দল। দলের এই দুরবস্থা কেন?কাঞ্চন: সত্যি বলতে কি, গত বছর আমরা যে কয়েকজন ছিলাম এবারও তারাই আসলে দলটা ধরে রেখেছি। আমাদের একটা আশা ছিল, মুক্তিযোদ্ধার যে ঐতিহ্য ছিল সেটা একসময় আবার ফিরে আসবে। এ বছর কমিটিতে যাঁরা দায়িত্বে আছেন তাঁরা তো ঠিকমতো চেনেনই না আমাদের। আমাদের তো বিশ্বাস করতে হবে। আমাদের ওপর আস্থা রাখতে হবে। আমাদের সঙ্গে আলোচনাও করতে হবে ওনাদের। সেটা আসলে হয় না। মাত্র ৬ ম্যাচ খেললেন। দলের অবনমন কি এড়ানো সম্ভব?কাঞ্চন: আমি মনে করি, এখনো দলের অবনমন এড়ানো সম্ভব। মানুষ চাইলে কী না করতে পারে বলুন? আপনাদের কোচ গোলাম সারোয়ার টিপুও তো দেশের নামকরা কোচ। কিন্তু সাফল্য তো সেভাবে আসছে না। সমস্যা কোথায় বলে মনে হচ্ছে?কাঞ্চন: আসলে ওই একই কথা বলব। আমাদের দলের বেশির ভাগই জাতীয় দলের খেলোয়াড়। কিন্তু সমস্যা একটাই—আত্মবিশ্বাসের অভাব। আর একটা কথা, প্রথমেই আমাদের খেলা পড়ে গিয়েছিল আবাহনী, মোহামেডান, শেখ রাসেলের মতো বড় দলের সঙ্গে, এটাও হারের একটা বড় কারণ।