‘আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এই জয়’
‘কার্ডিফ’, ‘পোর্ট অব স্পেন’, ‘নর্দাম্পটন’...বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় মুকুটে আরও একটি মুক্তা সংযোজিত হলো যার নাম ‘ব্রিস্টল’। হ্যাঁ, এই ব্রিস্টলেই বাংলাদেশ পেল ক্রিকেটের জনক ইংল্যান্ডকে পরাভূত করার আনন্দ। হারতে হারতে ক্লান্ত একটি দল ২৫০ দিন আর ২৪ ম্যাচ পর পেল জয়ের দেখা। ব্রিস্টল তাই চিরদিনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ এক জায়গা দখল করে থাকবে। অনাগত ভবিষ্যতে ইংল্যান্ডের বিপক্ষে হয়তো বাংলাদেশ আরও ম্যাচ জিতবে, কিন্তু ‘প্রথম জয়’ ভিন্ন এক অনুভূতি নিয়ে সব সময়ই হাজির হবে বাংলাদেশের ক্রিকেটভক্তদের মনে। হাজার মাইল দূরের এ শহরটিকে তাই বাংলাদেশের মানুষের কাছে সব সময়ই মনে হবে খুব আপন, খুব কাছের।টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হার। এরপর ইংল্যান্ডে টেস্ট সিরিজে পরাজয়। এশিয়া কাপে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে শোচনীয় হার। সব মিলিয়ে বাংলাদেশ দলের সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। আগের ম্যাচে ট্রেন্টব্রিজে ২৫০ রান করেও ছয় উইকেটে হেরে যাওয়ার পর অধিনায়কত্ব ফিরে পাওয়া মাশরাফি খেলোয়াড়দের উদ্দেশে কী বলেছিলেন, তা জানা নেই। তবে এটা নিশ্চিত মাশরাফি সেই উজ্জীবনী বক্তৃতাটি কোনো খাতায় বা ডায়েরিতে টুকে রাখবেন আজীবন। সেই বক্তৃতাটি যে মাশরাফির বাকি ক্যারিয়ারের সঞ্জীবনী সুধা হিসেবে কাজ করবে।মাশরাফি নিজেও দারুণ উচ্ছ্বসিত এই জয়ে। খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘একটি জয় বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল। খেলোয়াড়েরাও উদগ্রীব ছিল একটি সাফল্যের জন্য। কতটা উদগ্রীব ছিল তার প্রমাণ পাওয়া যায় যখন জেমস অ্যান্ডারসনকে আউট করলাম তখন অনেকে দৌড়ে এসে স্ট্যাম্প উপড়ে ফেলেছিল। খেলোয়াড়েরা ভুলেই গিয়েছিল আহত হলেও ইয়ান বেল রানার নিয়ে মাঠে আসতে পারেন। ঠিক সেই মুহূর্তে বেলকে রানার নিয়ে মাঠে নামতে দেখে আমরা সবাই সম্বিত ফিরে পেলাম। না, ম্যাচ এখনো শেষ হয়নি।’ দীর্ঘ বিরতির পর একটি জয় যেন বাংলাদেশ ক্রিকেট দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। মাশরাফি নিজেও মানেন এই কথা। তিনি বলেছেন, ‘২৫০ দিন পর এই জয়, অনুভূতিটা অসাধারণ।’ ঐতিহাসিক এই জয়ের রেসিপি সম্পর্কে বলতে গিয়ে মাশরাফি পুরো দলকেই কৃতিত্ব দিয়েছেন। তিনি মনে করেন, ‘বোলাররা তো শতভাগ পারফরম্যান্স উজাড় করে দিয়েছেই, ব্যাটসম্যানরাও বোলারদের সামনে লড়িয়ে একটি পুঁজি এনে দিয়েছে। ফিল্ডিংটাও হয়েছে অসাধারণ। সব মিলিয়ে এটি খেলোয়াড়দের দলগত প্রচেষ্টার ফল।’গতকালের ম্যাচে বাংলাদেশের জয়ে টার্নিং পয়েন্ট হিসেবে মাশরাফি অভিহিত করেছেন পল কলিংউডের উইকেটটিকে। তবে তিনি বলেছেন, ‘শেষ ব্যাটসম্যান হিসেবে জনাথন ট্রটকে যখন শফিউল কট বিহাইন্ড করল, তখনই আমি জয় সম্পর্কে নিশ্চিত হয়ে গেলাম।’ইংল্যান্ডকে তাদের মাটিতেই হারিয়ে দেওয়ায় দারুণ খুশি কোচ জেমি সিডন্স। তিনি বলেন, ‘ম্যাচের পর ম্যাচ হেরে যাওয়াটা মোটেও ভালো ব্যাপার নয়। আজকের এই ম্যাচে জিতে আশা করছি, খেলোয়াড়েরা অন্তত এতটুকু অনুধাবন করবে যে বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।’ক্রিকইনফো ।