‘আদর্শ’ ছিল না প্রথম সেমির উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসিম আকরাম পিচ নিয়ে অভিযোগ করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের দাবি, প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের উইকেট মানসম্মত ছিল না। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনও আজ স্বীকার করে নিলেন, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের উইকেট টি-টোয়েন্টির জন্য ‘আদর্শ’ ছিল না।‘আমাদের এটা নিশ্চিত করতে হয় যে এক ইনিংস থেকে অন্য ইনিংসে গিয়ে উইকেটের কন্ডিশন যেন বদলে না যায়। হ্যাঁ, প্রথম সেমিফাইনালের উইকেট টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আদর্শ ছিল না। কারণ, এ উইকেটে স্পিনাররা খুব বেশি সহায়তা পেয়েছেন।’ শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ফাইনাল সামনে রেখে আজ শনিবার বলেছেন ডেভ রিচার্ডসন।ওয়াসিম আকরামের সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন রিচার্ডসন। ওয়াসিম অভিযোগ করেছিলেন, স্পিন-সহায়ক উইকেট বানাতে কিউরেটরের ওপর প্রভাব খাটিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা, যেন নিজেদের স্পিনাররা সুবিধা পান, এ আশায়। তবে এ অভিযোগ অস্বীকার করে আইসিসির প্রধান নির্বাহী বলেছেন, দুই দল সমান সুবিধা পায়, এমন উইকেটই বানানো হয়েছিল।রিচার্ডসন বলেন, ‘দুই দলের সামনেই সমান সুবিধা ছিল। লঙ্কান স্পিনাররা সুযোগটা কাজে লাগাতে বেশি সক্ষম হন। আমি কিউরেটরের সঙ্গে কথা বলেছি। তিনি স্বীকার করেছেন, তাঁর ইচ্ছাতেই উইকেট খুব বেশি শুষ্ক রাখা হয়েছিল। এ ধরনের গরম আবহাওয়ায় উইকেট বানানো সত্যি খুব কঠিন।’ সূত্র: পিটিআই।