ক্রীড়া প্রতিবেদকবুলগেরিয়ার ভাসেলিন টোপালভের বিপক্ষে ১২ গেমের খেতাবি লড়াই জিতে টানা চতুর্থবারের মতো ‘অবিসংবাদী বিশ্ব চ্যাম্পিয়ন’ ভারতের বিশ্বনাথন আনন্দ। পুরো সিরিজটি অনুসরণ করা বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার কথা বলেছেনআনন্দ ও তাঁর দাবা নিয়ে বিশ্বনাথন আনন্দের জয় সম্পর্কে কী বলবেন?রিফাত বিন সাত্তার: অসাধারণ। খুব আনন্দ পেয়েছি। প্রতিবেশী দেশের দাবাড়ু বলে বলছি না। যেভাবে আনন্দ তার চ্যাম্পিয়নশিপ ধরে রাখল, সেটা সত্যিই বিস্ময়কর। একটু ব্যাখ্যা করে বলবেন?রিফাত: সবচেয়ে বড় ব্যাপার ভেন্যু। খেলাটা হয়েছে বুলগেরিয়ায়, টোপালভের দেশে। সাধারণত এসব ক্ষেত্রে বর্তমান চ্যাম্পিয়ন আপত্তি করে। তারা চ্যালেঞ্জারের দেশে গিয়ে খেলতে চায় না। এমনিতেই বুলগেরিয়ানদের অনেক দুর্নাম আছে। তারা নিজেদের দেশে খেলা হলে আগে থেকে অনেক মনস্তাত্ত্বিক খেলা খেলে। নানা ধরনের কথা বলে। সেসব মাথায় না নিয়ে আনন্দ ওখানে চলে গেল। আর যাওয়ার পথেও কত বিড়ম্বনা! বিমানের সমস্যা-টমস্যা মিলিয়ে একাকার। তার পরও আনন্দ ভেঙে পড়েনি। ওই অবস্থাতেও খেলতে বসে গেছে। খেলা কেমন হলো?রিফাত: খেলা তো দুর্দান্ত হয়েছে। টোপালভও কিন্তু যেনতেন খেলোয়াড় নন। ১২ গেমের সিরিজের শুরুতেই আনন্দকে হারিয়ে দিয়েছিল। তবে আনন্দ ফিরে এসেছে খেলায়। টোপালভ অনেক অভিনব উপায়ে আনন্দকে আটকানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত কোনোটিই কাজে লাগেনি। সত্যিকারের দাবা চ্যাম্পিয়নশিপ দেখলাম। আনন্দের এত দিন ধরে খেতাব ধরে রাখার পেছনের কারণটা কী মনে হয়?রিফাত: প্রধান কথা হলো, আনন্দের স্নায়ু খুব শক্ত। যেকোনো পরিস্থিতিতে যেকোনো জায়গায় খেলতে পারে। মানসিকভাবে এত শক্তিশালী যে, খুব খারাপ অবস্থা থেকে খেলায় ফিরে আসতে পারে। এর বাইরে আমার কাছে মনে হয়, ওর ব্যক্তিজীবনটাও ওকে খুব সহযোগিতা করে...। যেমন?রিফাত: আপনি দেখবেন, এই পর্যায়ের দাবাড়ুদের নানা রকম ঝামেলা থাকে। এটা-ওটা বিতর্ক লেগেই থাকে। এ-ওর সঙ্গে কথা বলে না, ও-এর মুখ দেখে না। আনন্দ হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ের একমাত্র দাবাড়ু, যার জীবনে বিতর্ক বলে কিচ্ছু নেই। সবার সঙ্গে হাত মেলাতে পারে। খুবই বিনয়ী। মাথার মধ্যে এসব ঝামেলা না থাকলে দাবাটা অনেক বেশি মন দিয়ে খেলা যায়। আনন্দের সঙ্গে আপনার খেলার অভিজ্ঞতা কেমন?রিফাত: ওর সঙ্গে কখনো খেলা হয়নি। তবে কথা হয়েছে, দেখা হয়েছে। বড় বড় টুর্নামেন্টে গেলে কথাবার্তা তো হয়ই। উল্লেখযোগ্য কিছু না। তবে এটুকু বলতে পারি, অতিবিনয়ী মানুষ। বিশ্বের সেরা দাবাড়ু, নিজেই সেধে বাংলাদেশি দাবাড়ুদের সঙ্গে কথা বলছে, এমন খুব একটা দেখা যায় না। একটু নিজের কথা বলুন। দাবা থেকে কি সরেই যাচ্ছেন?রিফাত: না, না। দাবা তো খেলবই। বেশ কিছুদিন ধরে আসলে বেছে বেছে খেলছি। বাইরের সব টুর্নামেন্টে যাই না। আর গত লিগটা কেন খেললাম না, সেটা তো সবাই জানে। আমরা তো লিগ বয়কট করেছিলাম। ফেডারেশনের সঙ্গে ঝামেলাটা কি মিটেছে? রাজীব (এনামুল) তো কমনওয়েলথ দাবায় খেলতে গেলেন?রিফাত: কমনওয়েলথ দাবা তো আর ফেডারেশনের কিছু না। ঝামেলা না মিটলেও ওটা খেলতে যেতে পারে। এই যে ঝামেলা, বর্তমান ফেডারেশন থাকতে এটা মিটবে বলে মনে হয় না। সত্যি কথা বলি, এই ফেডারেশনে আমি যোগ্য লোকই দেখি না। সমস্যার সমাধান তাহলে কী?রিফাত: সমাধান তো শুরুতেই আমরা বলে দিয়েছি। নির্বাচন দিতে হবে। সভাপতি আমাদের সে রকম কথাও দিয়েছিলেন। গণতন্ত্রের এই যুগে নির্বাচনের কোনো বিকল্প নেই।