‘আন্ডারডগ হিসেবে খেলাটাই ভালো’
১৯৯৬ সালে একেবারে অতর্কিতেই বিশ্বকাপটা জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। সেই শিরোপা পুরোপুরিই পাল্টে দিয়েছিল লংকান ক্রিকেটকে। আন্ডারডগ থেকে রাতারাতি শ্রীলঙ্কা পরিণত হয় বিশ্ব ক্রিকেটের অন্যতম এক শক্তিতে। এরপর থেকে যত বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, সবগুলোতেই শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিল ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপদেশটি। গতবার তো শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়ে বৃষ্টি ও আয়োজকদের অদ্ভুত নিয়মকানুনের বেড়াজালে আটকে ব্যর্থ হতে হয় শ্রীলঙ্কাকে।এবার নিজের মাটিতে বিশ্বকাপ। ১৯৯৬ সালের পুরনাবৃত্তি দারুণ আরাধ্য লংকাবাসীর। এবারের দলে বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে খেলছেন কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরলিধরন। এটা তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও বটে। বিশ্বকাপ শেষেই তিনি বিদায় জানাবেন ক্রিকেটকে। তাই শেষ বিশ্বকাপ হিসেবে তিনি শিরোপা জিতেই স্মরনীয় করে রাখতে চান এটিকে।তবে, মুরলিধরন মনে করেন, বিশ্বকাপে আন্ডারডগ হিসেবে খেলাটাই শ্রীলঙ্কার জন্য ভালো হবে। কারণ, ফেবারিট হলে দলের ওপর চাপ থাকবে। আন্ডারডগ হয়ে খেললে শ্রীলঙ্কা অনেক মুক্তভাবে পারফর্ম করতে পারবে।শ্রীলঙ্কাকে তিনি ফেবারিট হিসেবে মানতে নারাজ। তবে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যে এবারের বিশ্বকাপের ‘হট ফেবারিট’ তা জানাতে ভোলেননি তিনি। তবে, এই দলগুলো ফেবারিট হওয়ার ফলে তাঁরা দারুণ চাপে থাকবে বলে মনে করেন মুরলি।আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা গ্রুপ এ’তে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া ও কানাডার সঙ্গে খেলবে। মুরলিধরনের মতে শ্রীলঙ্কার জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশিত হলেও মুরলি পুরো দলকেই জিম্বাবুয়ে, কেনিয়া ও কানাডাকে হাল্কাভাবে না নেওয়ার আহবান জানিয়ে বলেছেন, বিশ্বকাপে ছোটদলগুলো সবসময়ই বড় বড় আপসেটের জন্ম দিয়েছে। তাই, এঁদের হাল্কাভাবে নেওয়ার কোনোই কারণ নেই।নিজেদের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ফলে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না বলেই জানিয়েছে মুরলিধরন। তিনি বলেন, ক্রিকেট খেলায় সবসময়ই চাপ থাকে। তাই বিশ্বকাপ বলে আলাদা কোনো চাপ অনুভব করছি না। চাপ না থাকলে আসলে ভালো পারফর্ম করা যায় না। ডেইলি নিউজ, শ্রীলঙ্কা।