‘আপনারা কি এখন আমাকে কাঁদাবেন!’
সিদ্ধান্তটা নিয়ে রেখেছিলেন আগেই। বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই কাল শোয়েব আখতার ঘোষণা করে দিলেন, এই বিশ্বকাপই তাঁর শেষ। কলম্বোতে সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ার, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বললেন পাকিস্তানের গতিতারকা। সেখানে ছিলেন আরিফুল ইসলাম কয়েক দিন আগে বলেছিলেন আরও খেলতে চান, হঠাৎ এই সিদ্ধান্ত?শোয়েব আখতার: দেখুন, বিশ্বকাপের পর বিদায় নেওয়ার সিদ্ধান্ত আমি দুই বছর আগেই নিয়ে রেখেছিলাম। হাঁটুতে চতুর্থবার অস্ত্রোপচারের সময়ই ভেবে রেখেছিলাম, বিশ্বকাপই হবে আমার শেষ। পাকিস্তানের কিছু ক্রিকেটার এমন সব কাজে (পড়তে হবে স্পট ফিক্সিং) জড়িত বলে যখন খবর বেরোল, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম দেশকে সাহায্য করতেই হবে। এ জন্যই ও কথা বলেছিলাম। কিন্তু এখন তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। এর আগেও অনেকবারই আপনার ক্যারিয়ার শেষ বলে ধরে নেওয়ার পর আপনি দারুণভাবে ফিরে এসেছেন। নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন, এই সন্তুষ্টি নিশ্চয়ই আছে?শোয়েব: আপনারা সবাই জানেন, আমি মানসিকভাবে খুব শক্ত। প্রতিবারই যখন এমন হয়েছে, আমার জেদ চেপেছে ফিরে আসবই। অনেক কষ্ট করেছি, শুধু নিজেকে প্রমাণ করতে। কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে। বুঝতে পেরেছি, আমার সময় হয়ে গেছে। ড্রেসিংরুমে সতীর্থদের কী বললেন? ওরা কী বলল?শোয়েব: অনেক কথা। আবেগ ছিল, কষ্ট ছিল...সবাই জানত এই বিশ্বকাপই আমার শেষ। তার পরও সবাই কষ্ট পেয়েছে। ওদের কাছে হয়তো একটু অন্য রকমও লেগেছে। কারণ, পাকিস্তানে কারও বিদায় সাধারণত এমন করে হয় না। সবাই হুট করে চলে যায় বা যেতে হয়। পেছনে ফিরে তাকিয়ে ক্যারিয়ারটাকে কীভাবে দেখবেন?শোয়েব: দেশের হয়ে খেলাটা ছিল আমার স্বপ্ন। কখনো ভাবিনি এই স্বপ্ন সত্যি হবে, যে মানুষগুলোকে আমি এত সম্মান করি, তাঁদের পাশে খেলব। আবার জন্ম হলেও পাকিস্তানের হয়ে খেলতে চাই। চোটের কারণে অনেক খেলা আমি মিস করেছি। কিন্তু ছোটখাটো অনেক চোট, অনেক ব্যথা নিয়েও আমি কখনো পাকিস্তানের ডাক উপেক্ষা করিনি। দেশের জন্য আমি সব সময়ই নিজেকে উজাড় করে দিয়েছি। কিছু আক্ষেপ আছে, কিন্তু ওসব ভাবতে চাই না। দেশকে জেতানোর মুহূর্তগুলোই আমি হূদয়ের কাছাকাছি রাখতে চাই। ফিটনেসের কি কোনো ভূমিকা আছে এই সিদ্ধান্তে?শোয়েব: আমি কখনোই পুরোপুরি ফিট ছিলাম না। সব সময়ই অনেক যন্ত্রণা, অনেক ব্যথা নিয়ে খেলেছি। তার পরও গত এক বছরে পাকিস্তানের প্রায় সব ওয়ানডে আমি খেলেছি, নিয়মিত ১০ ওভার বোলিং করেছি। ফিটনেস নিয়ে সমস্যা ছিল না। ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় স্মৃতি?শোয়েব: পাকিস্তান দলে ডাক পাওয়ার পর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি ভাবতেই পারিনি সত্যি সত্যি একদিন আমি ওয়াসিম-ওয়াকারের সঙ্গে খেলব। ইমরান না খেললেও ছিলেন পাশেই। ইনজামাম...যাঁদের শুধু টিভিতেই দেখতাম, তাঁদের পাশে আমি। টেস্ট ক্যাপ পাওয়ার মুহূর্তটা অবিস্মরণীয়। মনে আছে, টেস্টের প্রথম দিনের পোশাকটা আমি টানা তিন দিন গা থেকে খুলিনি, ওটা পরেই ঘুমিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম ওভারটা করেছিলাম নিজের হোমগ্রাউন্ডে (পিন্ডিতে), নিজের দর্শকদের সামনে, সেটা স্মরণীয় হয়ে আছে। ভারতে খেলা স্মরণীয়। কলকাতার সেই টেস্ট—দ্রাবিড়-টেন্ডুলকারকে টানা দুই বলে বোল্ড। আমার আদর্শ (ওয়াকার ইউনুস) তখন আমার জন্যই বাইরে বসে ছিল, এ জন্য খারাপও লাগছিল। ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করার প্রথম কীর্তি আপনার, গর্ব হয় না?শোয়েব: ২০০৩ বিশ্বকাপের ওই ১০০ মাইলের আগেও আমি কিছু বল ১০০ মাইল গতিতে করেছি, দুর্ভাগ্যজনকভাবে সে সবের কোনো রেকর্ড নেই। বিশ্বের সর্বকালের সবচেয়ে দ্রুততম বোলার পাকিস্তানের এবং এই উপমহাদেশের—এটা ভেবে আমার নিজেরই গর্ব হয়। কার সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছেন? প্রিয় প্রতিপক্ষই বা কে ছিল?শোয়েব: ইনজামাম আছেন, ওয়াসিম-ওয়াকারের সঙ্গে বোলিং করতে অসাধারণ লাগত। গিলক্রিস্ট ছিল, আই লাভ টু হেট হিম। রিকি পন্টিং—গ্রেটেস্টদের একজন। আশা করি, আরও কিছুদিন ও খেলবে অস্ট্রেলিয়ার হয়ে। তারপর আমার প্রিয় লারা...এতটাই সুন্দর ছিল ওর ব্যাটিং যে মাঝেমধ্যে ওই সৌন্দর্য আমাকে গ্রাস করে নিত, ঠিকভাবে বোলিং করতে পারতাম না। ওকে আমি তিনটি মাত্র বল করেছি, তিনটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় বল। আমার বলে আঘাত পেয়ে ওকে মাঠ ছাড়তে হয়েছিল, এ জন্য এখনো কষ্ট হয়। মাঝেমধ্যে ভাবি, যদি ভিভ রিচার্ডসকে বোলিং করতে পারতাম! কে জানে, আমার ভাগ্য ভালো যে ভিভকে বোলিং করতে হয়নি! পাকিস্তানের ক্রিকেট নিয়ে এই যে অন্তহীন বিতর্ক, এটা কষ্ট দেয় না?শোয়েব: দেয়। তার চেয়েও বেশি কষ্ট অন্য কারণে। পাকিস্তান ক্রিকেট যে কত কিছু অর্জন করেছে, এসব কেন কেউ মনে করে না! বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের কত অবদান...কত সব প্রতিভা ক্রিকেটকে উপহার দিয়েছে, যারা বিশ্বজুড়ে তরুণদের উদ্বুদ্ধ করে! পাকিস্তানের ক্রিকেট কত রোমাঞ্চকর... বিতর্কিত ক্রিকেটার না বিধ্বংসী ফাস্ট বোলার, লোকে আপনাকে কীভাবে মনে রাখবে বলে মনে করেন?শোয়েব: আমি চাই, সবাই আমাকে প্রচণ্ড দেশপ্রেমিক ও সৎ হিসেবে মনে রাখুক। অনেক চোট, অনেক ব্যথা সয়েও আমি দেশের হয়ে খেলেছি। ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছেন?শোয়েব: আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। গত ১৪ বছর, সবকিছু মিলিয়ে ধরলে ১৮ বছর পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারিনি। আমি যতটা না চাই, বাবা-মা হয়তো আরও বেশি আমাকে কাছে চান। বিশেষ করে, আমার মা বলেছেন, ‘আমরা অনেক বুড়ো হয়ে গেছি, এবার ঘরে ফিরে এসো।’ আপাতত তাই ইসলামাবাদের বাড়িতেই সময় কাটাব।শেষ কিছু কথা...পাকিস্তানের জন্য যতটা আবেগ দিয়ে খেলেছি, এই মুহূর্তটা আমার কাছে তার চেয়েও আবেগময়। কত ব্যথা সয়ে খেলেছি! চেষ্টা করেছি কখনো কোনো বিতর্কে না জড়াতে, কিন্তু...আপনারা কি এখন আমাকে কাঁদাবেন!