'আফগান-জুজু'র কাছেই আত্মসমর্পণ
কী বলবেন একে। ঝড়ের কবলে পড়া জাহাজের ডুবে যাওয়া? নাকি লজ্জা!
শ্রীলঙ্কা সিরিজ থেকেই টালমাটাল বাংলাদেশ দল। কখনো চোটাঘাত, কখনো বিতর্ক। মাঠের চেয়ে মাঠের বাইরের জিনিস নিয়েই প্রতিনিয়ত উত্তপ্ত আলোচনার টেবিল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে যার নগদ ফল পাওয়া গেল। আশা ছিল, এশিয়া কাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর কাল আফগানিস্তানের বিপক্ষেও সে আশার জলাঞ্জলি। আফগানদের কাছে ৩২ রানের হার বরং বাংলাদেশের মানসিক চাপ নেওয়ার সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিল নতুন করে।
পুরো শক্তি নিয়ে নামতে পারছে না বলে এ ম্যাচের আগে অজানা এক আতঙ্ক ভর করেছিল বাংলাদেশ দলের ওপর। স্কোরবোর্ডে ২৫৪ রান দেখার পর সেই ‘আফগান-জুজু’ আরও বেশি তাড়া করতে শুরু করল। নইলে বাংলাদেশ কি এর চেয়ে অনেক ভালো বোলিংয়ের বিপক্ষে এর চেয়েও বড় স্কোর তাড়া করে জেতেনি! তিন দিন আগে এই ফতুল্লা স্টেডিয়ামেই কি ভারতের বিপক্ষে ২৭৯ রান করেনি!
বাংলাদেশ যত না আফগানিস্তানের কাছে হারল, তার চেয়ে বেশি হারল ওই ‘আফগান-জুজু’র কাছে! যেটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফিকশ্চার হওয়ার পর থেকেই তাড়া করছিল বাংলাদেশকে। সবকিছু ভুলে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশ দুই আফগান ব্যাটসম্যান আসগার স্টানিকজাই ও সামিউল্লাহ শেনোয়ারির কাছেই হারল কি না, সেটাও একটা প্রশ্ন। ৯০ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল, এরপর ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজনের রীতিমতো ব্যাটিং-তাণ্ডব।
একটু বোধ হয় সংশোধনী প্রয়োজন। আফগানিস্তান ৬ উইকেটে ২৫৪ রান করলেও সেটা কি আসলেই বাংলাদেশ দলের নাগালের বাইরে ছিল? এটা ঠিক যে ব্যাটিং অর্ডারে সাকিব-তামিমের অনুপস্থিতি অনুভূত হচ্ছে প্রতিটি মুহূর্তে। তাই বলে এমন ব্যাটিং উইকেটেও আফগান বোলিংয়ের বিপক্ষে ২৫৫ করা যাবে না! সমস্যা কাগজে-কলমের শক্তিমত্তায় নাকি আত্মবিশ্বাসের ভিতে? এ দুটির কোনোটিতেই টিকচিহ্ন না দিয়ে থাকলে আপনি নিশ্চিত ভাবছেন, বাংলাদেশ হেরেছে খামখেয়ালি ব্যাটিংয়ের মাশুল দিয়ে।
ইনিংসের শুরুতেই এনামুল মাঠ ছাড়লেন ডানে-বাঁয়ে মাথা নাড়তে নাড়তে। মুশফিকুর রহিমকেও তাঁর বিরুদ্ধে দেওয়া এলবিডব্লুর সিদ্ধান্তে স্তম্ভিত মনে হলো। বড় পর্দার সৌজন্যে দুটি দৃশ্যেরই বৃহৎ মঞ্চায়ন হলো দর্শকদের সামনে। কিন্তু কাল রাতে ফতুল্লা স্টেডিয়ামের গ্যালারি ছেড়ে যাওয়া ১২-১৩ হাজার দর্শকের দীর্ঘশ্বাস কি স্পর্শ করতে পারল মুশফিক-নাসিরদের? এই হার যে আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে মাঠে আসা গুটিকয় আফগান দর্শকের কাছে ক্রিকেটপাগল বাংলাদেশের হাজার হাজার দর্শকেরও!
ভগ্নদশার কারণে বাংলাদেশ দলের কাছে আফগানিস্তান ম্যাচটাও হয়ে দাঁড়িয়েছিল ‘মহারণ’। অভিজ্ঞতা এবং শক্তিমত্তায় এগিয়ে থাকলেও চোটাঘাত আস্তিন টেনে ধরছিল বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলেই ওপেনার শামসুরের স্টাম্প উড়িয়ে ফেলে শাপুর জাদরান যেন বুঝিয়ে দিলেন, এই রাতটা তাঁদের। হামিদ হাসানের পরের ওভারে এনামুল এলবিডব্লু। মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের কাছে ‘২৫৪’-ও তখন পাহাড়সম। মুশফিক-মুমিনুলের তৃতীয় উইকেট জুটি আশা জাগালেও মুশফিকের এলবিডব্লুতে সেটাও হারিয়ে গেল।
একটার পর একটা ইনিংসে ব্যর্থ নাসির কাল ব্যর্থতার প্রদর্শনীতে আগের সব ‘রেকর্ড’ ভেঙে ফেললেন! ১, ৪, ১৪ আর ৩১ রানে চারবার জীবন ফিরে পাওয়ার পরও একজন ব্যাটসম্যান যখন ৪১ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন, কথাই তো হারিয়ে যায়! মিরওয়াইস আশরাফের বলে পয়েন্টে শেনোয়ারির হাতে যেভাবে ক্যাচ তুলে দিলেন, দেখে মনে হলো, নাসির বুঝি নিজেই থাকতে চাচ্ছিলেন না উইকেটে। এরপর তো মিছিল! স্কোরটা ১৬৫-তে রেখে দুই ওভারব্যাপী পর পর তিন বলে ফিরে গেলেন নাঈম, রাজ্জাক ও আরাফাত।
বাংলাদেশ ম্যাচ হেরে যায় মূলত এই তিন দায়িত্বজ্ঞানহীন আউটেই। তার পরও মারকাটারি ব্যাটিংয়ে একটা শেষ চেষ্টা করলেন জিয়া। কিন্তু ৪ ছক্কা আর ৩ বাউন্ডারিতে তাঁর ২২ বলে ৪১ রান শুধু সাময়িক বিনোদনই দিল দর্শকদের, আফগান-লজ্জা এড়াতে প্রয়োজন ছিল আরও বড় কিছুর।
ম্যাচের আগে অবশ্য বাংলাদেশের ‘আফগান-জুজু’র চেয়ে আফগানিস্তানের ‘স্পিন-জুজু’ নিয়েই বেশি আলোচনা ছিল। তা আফগান ব্যাটসম্যানরা যে আসলেই স্পিনে দুর্বল, সেটা কালও প্রমাণিত। রাজ্জাক ও আরাফাত ধসিয়েই দিয়েছিলেন আফগান টপ অর্ডারকে। আরেক স্পিনার সোহাগ গাজী তাঁর প্রথম ওভারের তৃতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পান হাতে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চারটি সেলাই পড়েছে। স্টেডিয়ামে ফিরতে ফিরতে শেষ হয়ে গেছে আফগানিস্তানের ইনিংসই। পরে ১১ নম্বরে ব্যাটিং করতে নামলেও এশিয়া কাপে আর খেলা হবে না তাঁর। মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে সোহাগের জায়গায়।
সোহাগ আবার বল হাতে নিলেও খুব বেশি কিছু করতে পারতেন বলে মনে হয় না। ৯০ রানে আফগানিস্তানের ৫ উইকেট পড়ার পর যা করার তা তো আসলে করলেন আসগার স্টানিকজাই ও সামিউল্লাহ শেনোয়ারিই! বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে ১৬৪ রানের নতুন রেকর্ড গড়লেন, আফগানিস্তানের রেকর্ড তো অবশ্যই। শেষ ১০ ওভারে রান এল ১০৭, শেষ ৫ ওভারেই ৬১। ওই ৫ ওভারের মধ্যেই অবশ্য ৭২ ও ৭৭ রানে দুবার আউটের সুযোগ দিয়ে বেঁচে যান স্টানিকজাই।
তার পরও প্রশ্নটা থাকছেই—স্টানিকজাইর অপরাজিত ৯০ আর শেনওয়ারির ৮১ রানের কাছেই হারল বাংলাদেশ? নাকি ‘আফগান-জুজু’র কাছে!
আফগানিস্তান: ৫০ ওভারে ২৫৪/৬
বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২২২
ফল: আফগানিস্তান ৩২ রানে জয়ী