'আফগান-জুজু' জয় করুক বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী আশরাফ হোসেন ও আতহার আলী খান
গাজী আশরাফ হোসেন ও আতহার আলী খান

এবার বিশ্বকাপে বাংলাদেশ কোন কোন দলকে হারাতে পারে? এমন প্রশ্নে নিশ্চয় দুটো দলের পাশে আপনার টিক চিহ্ন পড়বে—আফগানিস্তান ও স্কটল্যান্ড। কিন্তু ‘অবশ্যই জিততে হবে’—এমন শর্ত যখন সামনে আসে, তখনই কেন যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ! ২০০৩ বিশ্বকাপে কানাডা, ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ড, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকং—কত উদাহরণই তো হাতের কাছে! প্রত্যাশার চাপ কি তবে এতটাই অসহনীয় বাংলাদেশের জন্য?
অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে মাশরাফি বিন মুর্তজা অবশ্য বলেছিলেন, ‘জয়ের জন্য নির্দিষ্ট কোনো দলের দিকে তাকাচ্ছি না। নির্দিষ্ট কোনো দলকে টার্গেট করলে ওই ম্যাচে অনেক চাপ তৈরি হবে।’ অধিনায়কের জায়গা থেকে না হয় মাশরাফির মন্তব্য যৌক্তিক। কিন্তু তাই বলে আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার জোর-প্রতিজ্ঞায় কেন এত ভয় বাংলাদেশের?
সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন মনে করেন, ‘আফগানিস্তানকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আফগানিস্তানকে অবশ্যই হারাতে হবে। আমাদের খেলোয়াড়েরা জানে, আফগানিস্তান থেকে অনেক ভালো দল বাংলাদেশ।’
ভালো প্রস্তুতি নিয়েই কিন্তু বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অাফগানরা। ৩০০ রানের বেশি করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে। ভারতের বিপক্ষে আরেক প্রস্তুতি ম্যাচে হারলেও সেখানে প্রকাশিত আফগান ব্যাটসম্যানদের মুনশিয়ানা। অপরপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের তথৈবচ পারফরম্যান্সের কথা তো আর কারও অজানা নয়। গাজী আশরাফ তাই বললেন, ‘প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের টানা চার পরাজয় দেখে আফগানরা নামবে বেশ উজ্জীবিত হয়েই। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে হারাটা কিছুতেই উচিত হয়নি। দলের সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ছিল। তবে যা হওয়ার হয়েছে। প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচই। আশা করব, নিজেদের ব্যর্থতা বিশ্লেষণ করে দ্রুত গুছিয়ে উঠবে দল। বিশ্বকাপে নিজেদের চেনা ছন্দটা ফিরে পাবে বাংলাদেশ।’
এও মানতে হবে, কেবল আফগানিস্তান নয়; বাংলাদেশের আরেক প্রতিপক্ষ চাপ। সেই চাপ সামলে উঠতে পারবে তো? সাবেক তারকা ও বতর্মানে ধারাভাষ্যকার আতহার আলী খান বললেন, ‘শুধু আফগানিস্তান কেন? যেকোনো দলের বিপক্ষেই চাপ থাকবে। সেটা মোকাবিলার সামর্থ্য থাকতে হবে। এ ক্ষেত্রে অভিজ্ঞ ও তরুণদের সমান চাপ নিয়ে সামনে এগোতে হবে। আমাদের প্রত্যাশা আফগানদের হারাব। একই সঙ্গে স্কটল্যান্ডের বিপক্ষেও জিতব। তবে তার আগে ব্যাটিংটা অনেক ভালো করতে হবে। এখন সব নজর থাকুক প্রথম ম্যাচটার ওপর। জেতার লক্ষ্য নিয়ে শেষ বল পর্যন্ত চালিয়ে যেতে হবে লড়াই।’