‘আফ্রিদিকে অপসারণ দলের বৃহত্তম স্বার্থেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। কোচের সঙ্গে অধিনায়কের বিবাদ তো ক্রিকেটে নতুন নয়। সমাধানের পথ না খুঁজে হুট করে অধিনায়কত্ব কেড়ে নিতে হবে? প্রশ্নটা তুলছেন সমালোচকেরা। তবে এসব সমালোচনা উড়িয়ে দিয়ে নিজেদের সিদ্ধান্তকেই ‘যথাযথ’ বলে রায় দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট।‘অধিনায়ক পরিবর্তন করার অধিকার বোর্ডের রয়েছে। আফ্রিদিকে অপসারণ করা হয়েছে দলের বৃহত্তম স্বার্থেই।’ আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় সৃষ্ট বিতর্কের জের ধরে পাকিস্তানের দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউনকে’ বলেছেন বাট।বোর্ডের সিদ্ধান্তকে যথাযথ আখ্যায়িত করে বাট বলেন, ‘গোটা বিশ্বেই অধিনায়ক পরিবর্তন করা হয়। এর জন্য কোনো বোর্ডকেই কারণ দর্শাতে হয় না। আমাদের কাছে যেটা সেরা সিদ্ধান্ত মনে হয়েছে, সেটাই করেছি। এর কারণ ব্যাখ্যার প্রয়োজন মনে করছি না আমি।’ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে দ্বন্দ্ব, দেশে ফিরে গণমাধ্যমের সামনেও কোচের সমালোচনা—শাস্তি হিসেবে পরশু বৃহস্পতিবার আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেয় পিসিবি।এত দিন টেস্ট দলের নেতৃত্বে ছিলেন মিসবাহ-উল-হক আর সীমিত ওভারের দলের নেতৃত্বে আফ্রিদি। এবার আয়ারল্যান্ড সফরে ওয়ানডে দলের নেতৃত্বও পেলেন মিসবাহ। এখন থেকে সব ধরনের ক্রিকেটে মিসবাহ নেতৃত্ব দেবেন, নাকি আয়ারল্যান্ড সফর শেষে আবারও সীমিত ওভারের দলের নেতৃত্ব আফ্রিদির কাঁধে যাবে, তা অবশ্য এখনো স্পষ্ট করেনি পিসিবি। ওয়েবসাইট।