'আফ্রিদিকে আফ্রিদির মতো থাকতে দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল কাদির
আব্দুল কাদির

কখন যে কী করেন বলা মুশকিল। কখনো দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পেয়ে যান নির্ভরযোগ্য খেতাব। কখনো চরমভাবে ব্যর্থ হয়ে পড়েন তীব্র সমালোচনার মুখে। হ্যাঁ, বলা হচ্ছে শহীদ আফ্রিদির কথাই। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের পর আফ্রিদির মুণ্ডুপাতই করছিলেন অনেকে। কিন্তু পাকিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডার জ্বলে উঠলেন একেবারে মোক্ষম সময়েই। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচটাতে টানা দুটি ছয় মেরে দলকে এনে দিলেন স্মরণীয় এক জয়। যেন বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি। যাঁরা কয়েক দিন আগেও সমালোচনা করছিলেন, তাঁদের সতর্ক করে দিলেন পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদিরও। কাব্য করে না বললেও কাদিরের কথার মর্মার্থ এ রকমই দাঁড়ায়, ‘আফ্রিদিকে আফ্রিদির মতো থাকতে দাও।’

নিজের দিনে আফ্রিদি যেকোনো প্রতিপক্ষের জন্যই হয়ে ওঠেন আতঙ্ক। কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকার কারণে প্রায়ই সমালোচনার তির ধেয়ে আসে তাঁর দিকে। সাম্প্রতিক সময়ে তো ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে অবসরে যাওয়ার পরামর্শও দিতে শুরু করেছিলেন অনেকে। কিন্তু অভিজ্ঞ এই খেলোয়াড়কে এভাবে কাঠগড়ায় তোলাটা একেবারেই মেনে নিতে পারছেন না কাদির।

যত দিন ইচ্ছা তত দিনই আফ্রিদিকে খেলতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কিংবদন্তি এই লেগস্পিনার, ‘আমি সব সময়ই বলে এসেছি যে, আফ্রিদি একের ভেতরে তিন। সে ব্যাট করতে পারে, বল করতে পারে, দারুণ ফিল্ডিংও করতে পারে। তাকে প্রায়ই অযৌক্তিক সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু আমার মনে হয়, একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তাকে সম্মান জানানো উচিত। যত দিন উপভোগ করবে তাকে তত দিনই খেলতে দেওয়া উচিত।’

শুধু এটুকুই নয়, আফ্রিদির হাতেই পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার পক্ষেও মত দিয়েছেন কাদির। বলেছেন, ‘আমার মনে হয় আফ্রিদিকেই পাকিস্তানের অধিনায়ক করা উচিত। ২০১৫ বিশ্বকাপ এখনো অনেক দূরে আছে। আর বিশ্বকাপের দলটা চূড়ান্ত করা হবে খেলোয়াড়দের ফিটনেস, ফর্ম ইত্যাদি বিবেচনা করেই।’ সূত্র: পিটিআই।