‘আফ্রিদির আচরণ অপরিণত’
আফ্রিদিকে নিয়ে পাকিস্তান ক্রিকেট অঙ্গনে চলমান বিতর্কটা নতুন করে আরও উসকে দিয়েছেন ওয়াকার ইউনুস। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে আফ্রিদি অনেক অশান্ত ও অপরিণত আচরণ করেছেন বলে পিসিবির কাছে জমা দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছেন পাকিস্তানি এই কোচ। আফ্রিদির সেই আচরণ দলের মধ্যে অস্থিরতা ও বিভেদ সৃষ্টি করেছে বলে মন্তব্য তাঁর। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দুটি ওয়ানডেতে পরাজিত হয়েছিল বলে মনে করেন ওয়াকার।ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে পিসিবির কাছে একটি প্রতিবেদনও পেশ করেছেন তিনি। সেখানে ওয়াকার বলেছেন, ‘একজন সাবেক অধিনায়ক হিসেবে আমি মনে করি, আফ্রিদি আচরণে খুবই অপরিণত। সে অনেক নিয়ম-শৃঙ্খলাই মানে না। অন্যের মতকে পাত্তা দিতে চায় না। মাঝে-মধ্যে সে শিশুদের মতো আচরণ করে। অনেক সময়ই তার এ ধরণের অশান্ত, অপরিণত আচরণগুলো দলের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুইটা ম্যাচ হারার পেছনেও এগুলো প্রভাবক হিসেবে কাজ করেছে।’ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পরই আফ্রিদির সঙ্গে পিসিবির দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। সে সময় টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করে আফ্রিদি বলেছিলেন যে সবাইকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত এবং কারও কাজে কারও নাক গলানো উচিত না। এর পরপরই আফ্রিদির কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি ক্রিকেট বোর্ড।ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম তিনটি ম্যাচ অনায়াসে জিতলেও শেষ দুটি ওয়ানডেতে হারের স্বাদ পেতে হয়েছে পাকিস্তানকে। এই দুটি ম্যাচ হারের জন্যও ওয়াকার অনেকাংশে আফ্রিদিকেই দায়ী করেছেন। এমনকি দল নির্বাচন নিয়েও অনেক সিদ্ধান্ত আফ্রিদি একাই নিয়েছেন অভিযোগ করে ওয়াকার বলেছেন, ‘নির্বাচক কমিটির একজন সদস্য হিসেবে দল নিয়ে আমি বেশ কিছু বিকল্প চিন্তাভাবনা করেছিলাম। কিন্তু আফ্রিদি সেগুলো মোটেই পাত্তা দেয়নি এবং মিটিং শেষ না করেই বের হয়ে গেছে।’ ডন অনলাইন।