'আবার আসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ধানমন্ডি লেকে সনি নর্দে l শামসুল হক
কাল ধানমন্ডি লেকে সনি নর্দে l শামসুল হক

ঢাকার ফুটবল তো বটেই, মাতিয়ে এসেছেন কলকাতাও। আইএফএ শিল্ডে নজরকাড়া পারফরম্যান্সে বোঝা যাচ্ছিল, বেশি দিন ধরে রাখা যাবে না সনি নর্দেকে।  তবে ভারতে নয়, হাইতিয়ান প্লে-মেকার যাচ্ছেন বেলজিয়ামের ক্লাব ওসটেন্ডেতে। কাল রাতেই উঠে পড়ার কথা ছিল হাইতির বিমানে। তার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বসে খুলে দিলেন স্মৃতির ঝাঁপি। সাক্ষাৎ​কার নিয়েছেন বদিউজ্জামান

দুই মৌসুম বাংলাদেশে খেলে ইউরোপে যাচ্ছেন। এখানকার দিনগুলো কেমন কেটেছে?

সনি নর্দে: সত্যিই দারুণ সময় কাটিয়েছি এখানে। আসলে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রস্তাবটা আমার জন্য খুব ভালো সুযোগ হয়ে এসেছিল। বোকা জুনিয়র্স​ আমাকে ছেড়ে দিল। এরপর কী করব, সেটাই ভাবছিলাম। মেক্সিকোতে খেললাম কিছুদিন। তারপর বাংলাদেশে আসা।

বাংলাদেশে আসার গল্পটা শুনতে চাই...

নর্দে: হঠাৎ একদিন আমার এক বন্ধু বলল, তুমি বাংলাদেশে খেলতে চাও? ও তখন শেখ রাসেলে খেলত। ভাবলাম মন্দ কী, চলে আসি। সে সময় আমার অন্য উপায়ও ছিল না। এরপর শেখ রাসেল সভাপতির কাছে আমার খেলার কিছু ভিডিওসহ কাগজপত্র পাঠালাম। তিনি পছন্দ করলেন। ঢাকায় এসে এক মৌসুমের জন্য শেখ রাসেলের সঙ্গে চুক্তি করলাম। দলটির হয়ে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, প্রিমিয়ার লিগ জিতলাম। এর পর থেকেই ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলাম। ওই সময় শেখ জামালের সভাপতির দেওয়া বড় অঙ্কের প্রস্তাব গ্রহণ করলাম। ফেডারেশন কাপ ও লিগ জিতলাম এ​ই দলের হয়ে। খুশি মনেই এখন ফিরে যাচ্ছি।

ইউরোপে তো শেখ জামালের চেয়েও বেশি পারিশ্রমিকে যাচ্ছেন?

নর্দে: হ্যাঁ, তা তো অবশ্যই। তবে সত্যি বলতে শুধু টাকার জন্যই ইউরোপে যাচ্ছি না। ক্যারিয়ারের কথা ভেবেই যাচ্ছি। এটা আমার স্বপ্ন ছিল।

বাংলাদেশে কতটা উপভোগ করেছেন?

নর্দে: অ-নে-ক। বলে বোঝানো কঠিন। এখানকার সবকিছু দারুণ উপভোগ করেছি।

যেমন...

নর্দে: বাঙালি খাবার, এ দেশের সংস্কৃতি, মানুষ...সব। বলতে পারেন, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। শেখ জামাল আমার বাড়ির মতোই। এখানকার মানুষের ভালোবাসা কখনো ভুলব না। বাংলাদেশে আসার সুযোগ পেলে আবার আসব।

এ পর্যন্ত বাংলাদেশে আসা বিদেশিদের মধ্যে অন্যতম সেরা ফুটবলার বলা হয় আপনাকে...

নর্দে: জানি। এ জন্য সবাইকে ধন্যবাদ। আমি সব সময় মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করি। কারণ, আমি শুধু ফুটবলই খেলতে পারি। অন্য কিছু নয়।

অনেকে শুধু আপনার খেলা দেখতেই মাঠে আসত..

নর্দে: সেটাও জানি। এও জানি, আমার অনেক ভক্ত আছে এ দেশে। একটা প্রজন্ম আমার খেলা পছন্দ করে। ওরা ফেসবুক, টুইটারে আমার সঙ্গে যোগাযোগ রাখে। আমার ড্রিবলিংসহ সব পছন্দ করে। এটা একজন ফুটবলারের জন্য অনেক বড় পাওয়া। তাই আবারও ভক্তদের ধন্যবাদ। সত্যি বলছি, বাংলাদেশকে খুব মিস করব।

বাংলাদেশে খেলে কোনো অপ্রাপ্তি আছে?

নর্দে: অপ্রাপ্তি বলতে আইএফএ শিল্ড জিততে পারলাম না। এই বেদনা সারা জীবন বয়ে বেড়াব। কলকাতার মানুষ আমার খেলা দেখে মুগ্ধ। এমনকি বাংলাদেশের অনেকেই আমাকে নতুন করে চিনেছে।

দুই মৌসুমে বাংলাদেশের ফুটবল দেখে কী মনে হলো?

নর্দে: উন্নতি হয়েছে। গত মৌসুমের কথা ধরুন। ফেনী সকারের সঙ্গে শেখ জামাল বড় ব্যবধানে জিতত। কিন্তু এবার জিততেও ঘাম ছুটে গেছে। লিগের মান বেড়েছে, বেড়েছে প্রতিদ্বন্দ্বিতাও। তারই প্রভাবে ভারতের সঙ্গে সর্বশেষ প্রীতি ম্যাচে ভালো খেলেছে বাংলাদেশের ফুটবলাররা। এটা এ দেশের ফুটবলের জন্য ভালো দিক।

ঢাকার বাইরে খেলতে গেলে সেখানকার দর্শকদের কেমন লেগেছে?

নর্দে: আমার খেলা দেখতে অনেক দর্শক মাঠে আসত। অনেকে এসে বলেছে ‘সনি, তুমি এ দেশ ছেড়ে যেয়ো না।’

আপনার অবসর কাটে কীভাবে?

নর্দে: বাড়িতে ফোনে কথা বলি। বন্ধুদের সঙ্গে ফেসবুক আড্ডা দিই। আর খুব সিনেমা দেখি। বসুন্ধরায় গিয়ে প্রায়ই পছন্দের সিডি কিনে আনতাম।

বাড়িতে কে কে আছেন?

নর্দে: মা, এক ভাই, এক বোন। সবাই আমার ওপর নির্ভরশীল। আমার উপার্জনেই সংসার চলে। আমি না খেললে হয়তো ওরা অভুক্ত থাকত। ছোট ভাইকে স্কুলে পাঠাতে পারতাম না। কিছুদিন আগে মাকে একটা দোকান করে দিয়েছি। বোনকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি।

বিয়ের পিঁড়িতে কবে বসছেন?

নর্দে: (হাসি) আমার বান্ধবী আছে। ওকেই বিয়ে করব। তবে এক বছর পর।

যাওয়ার আগে বাংলাদেশের কোনো আনন্দের মুহূর্ত মনে পড়ছে?

নর্দে: আমাকে একবার শেখ জামালের সভাপতি মনজুর কাদের সাহেব ক্রিকেট ম্যাচ দেখাতে নিয়ে যান মিরপুর স্টেডিয়ামে। একটু বেশি সময় লাগে খেলাটা দেখতে। কিন্তু আমি দারুণ উপভোগ করেছি। বাংলাদেশের ম্যাচ ছিল সেদিন। সাকিব আল হাসানের খেলা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এরপর সাকিবের ভক্ত হয়ে গেছি। সবাইকে খুব মনে পড়বে। যাওয়ার আগে আবারও ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন।