'আবার বিশ্ব ক্রিকেট শাসন করতে তৈরি ওয়েস্ট ইন্ডিজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে বিশ্বসেরার শিরোপাটি পুনরুদ্ধার করতে পারায় ওয়েস্ট ইন্ডিজ আনন্দ করতেই পারে। ইডেন গার্ডেন দেখল দুর্দান্ত এক সমাপ্তির মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের নতুন অবস্থান জানান দিল দলটি। শুরুতে একটু হোঁচট খেলেও ইংল্যান্ড খেলায় বেশ ভালোভাবেই ফিরে এসেছিল। কিন্তু হিসেবটা ওলটপালট করে দিয়েছেন কার্লোস ব্রাফেট। আন্তর্জাতিক ক্রিকেটের নতুন এই তারকার ঝোড়ো ব্যাটিং করার সামর্থ্যটাই বদলে দিল সব।
জো রুট এবং জস বাটলার মিলে লড়াই করার মতো দারুণ একটা পুঁজি এনে দিয়েছিল। ইংল্যান্ড লড়েছেও বটে। মারুন স্যামুয়েলস ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই পরিকল্পনামতো খেলতে পারছিল না। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা চাপের মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু স্যামুয়েলস ও ব্রাফেট দারুণভাবে ম্যাচটা শেষ করে। শেষে পর পর চারটি ছয় এই টুর্নামেন্টের জন্যই একটা দারুণ সমাপ্তি এনে দিল। একই দিনে একই ভেন্যুতে দু-দুটো ট্রফি। এই অসামান্য পুরস্কারটির জন্য যোগ্য ছিল ওয়েস্ট ইন্ডিজই।
টি-টোয়েন্টির বিশ্ব আসরে এটা ছিল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় শিরোপা। এবং তাঁদের এই পুনরুত্থানে কারও কোনো দ্বিমত থাকবার কথা নয়। এই সম্মান তারা অর্জন করে নিয়েছে। দেখার মতো ছিল তাদের এই যাত্রা, এই জয়োৎসব। বেন স্টোকসের জন্য আমার খারাপ লাগছিল, কিন্তু ক্রিকেট তো এমনই। কাউকে হারতেই হতো। আর কাল পরাজয়ের পালা ছিল ইংল্যান্ডের। প্রায় অসম্ভব একটা জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ এই জয়টা ছিনিয়ে নিয়েছে। 

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের উপস্থিতি আমার বেশ ভালো লেগেছে। ক্যারিবিয়ানদের মধ্যে ক্রিকেটের এই পুনর্জাগরণে এমন একটা ব্যাপার আছে যা অন্যদের খেলার ধরনেও একটা পরিবর্তন আনতে পারে। ওয়েস্ট ইন্ডিয়ানরা শুধু খেলে না, বিনোদিতও করে। সব সময়ই কেমন যেন একটা অনিশ্চয়তা। খুব খারাপ অবস্থা থেকেও তারা জিতে যেতে পারে। আবার একদম জয়ের খুব কাছে এসেও ফিরে যেতে পারে খালি হাতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট এখন বেশ পরিণতই মনে হচ্ছে। পাইপলাইনে আছে তরুণ প্রতিভাবান ক্রিকেটারের যথেষ্ট জোগান। এটাই তাদের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। আবার বিশ্ব ক্রিকেট শাসন করতে তৈরি ওয়েস্ট ইন্ডিজ।
চার দশক ধরে ইংলিশ ক্রিকেট তাদের গোঁড়ামির কারণে খেলায় নতুন পরিবর্তনগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। ঝেড়ে ফেলেনি তাদের সব সেকেলে অভ্যাসগুলোও। যদিও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল তারা। সেটাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। তবে এখন মনে হচ্ছে ইংল্যান্ড সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছে। তারা ঝুঁকি নিচ্ছে, ক্রিকেটে নতুন নতুন কিছু পরিবর্তন আনছে। ধ্রুপদি ক্রিকেটীয় শট খেলা রুট আলো ছড়িয়েছেন এই টুর্নামেন্টে। ইংল্যান্ডের মানসিকতায় পরিবর্তনের এটা একটা বড় উদাহরণ।
ওয়েস্ট ইন্ডিজের নারী দলটির প্রথম শিরোপা জয় ক্যারিবিয়ান ক্রিকেটের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। এই দলটি শিরোপা জিতেছে তিন বারের জয়ী অস্ট্রেলীয়দের হারিয়ে। সেই ধারা বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছে ছেলেদের দলটিও। এই দুটি জয় আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের নতুন এক জাগরণ। পিচ সল্যুশন।