ভারতের বিপক্ষে এক টেস্ট খেলেই দলের বাইরে। বিসিবি একাদশের অধিনায়ক হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাও কাজে লাগাতে পারলেন না। দুই ম্যাচে রান করেছেন ১২ ও ৮। শাহরিয়ার নাফীস তবুও বিশ্বাস করেন, জাতীয় দলে আরেকবার সুযোগ পেলে কাজে লাগাতে পারবেন সেটা ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলল। সব মিলিয়ে কেমন হলো ম্যাচ দুটি?শাহরিয়ার নাফীস: আমার মনে হয় আমাদের কন্ডিশনে ওরা স্বচ্ছন্দ বোধ করেনি। ওরা যদিও রান করেছে, কিন্তু বাংলাদেশের মূল অস্ত্র বাঁহাতি স্পিন ওরা একদমই খেলতে পারেনি। এটা জাতীয় দলের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। আমরা যদি আমাদের মূল শক্তি নিয়ে খেলে ব্যাটিংয়ে বড় একটা স্কোর করতে পারি, তাহলে ওদের হারানোও সম্ভব। নিজের কথা বলেন। এখানে তো নিজেকে প্রমাণ করার ভালো সুযোগ পেয়েছিলেন...শাহরিয়ার: ঘরোয়া ক্রিকেটে যতই ভালো খেলি, এই পর্যায়ের ক্রিকেটটা ভিন্ন। এখানে বোলারদের বলে পেস বেশি। এই পেসের সামনে আমার রিফ্লেক্স আরেকটু ভালো হওয়া দরকার ছিল। ভারতের বিপক্ষে টেস্টে দুই ইনিংস, এরপর এখানে দুই ম্যাচ—স্কিলের দিক দিয়ে কোনো সমস্যা আছে বলে মনে হয়নি। তবে স্টাম্প সোজা বলে রিফ্লেক্স কম মনে হচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। এত দিন পর এসে ভারতের বিপক্ষে একটা টেস্ট খেলেই দলের বাইরে চলে গেলেন। পরের টেস্টেও কি সুযোগ পাওয়া উচিত ছিল মনে করেন?শাহরিয়ার: সুযোগ পেলে হয়তো ভালো হতো। জাতীয় দলের সঙ্গে থাকলে তো শুধু খেলাই না, অনুশীলন-সুবিধাও ভালো পাওয়া যায়। ঘরোয়া ক্রিকেট বা সাইড ম্যাচে ভালো খেললে হয়তো বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়, কিন্তু জাতীয় দলে ভালো বা খারাপ খেলার ওপরই আসলে সবকিছু নির্ভর করে। আমার বিশ্বাস, আরেকটা সুযোগ পেলে আমি সেটা ঠিকই কাজে লাগাতে পারব। দলে না থাকলেও বিসিবি একাদশের অধিনায়কত্ব দেওয়া হলো আপনাকে, এটা কি কোনো বাড়তি অনুপ্রেরণা জোগাবে?শাহরিয়ার: জাতীয় দলে যেহেতু নিয়মিত নেই আমি, অধিনায়ক হিসেবেই হোক বা খেলোয়াড় হিসেবে, সাইড ম্যাচগুলো খেলা আমার জন্য প্লাস পয়েন্ট। আমাদের ‘এ’ দলের কার্যক্রম নিয়মিত নয়। আবার ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যবধানও অনেক। এই ম্যাচগুলো খেলাটা সে কারণেই জরুরি। আপনার দল বরিশাল জাতীয় লিগের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গেছে। জাতীয় দলেও নেই। ফাঁকা এই সময়টাতে কী করবেন আপনি?শাহরিয়ার: জাতীয় লিগে পাঁচ ইনিংসে ২০০-এর বেশি রান করেছি। আরও কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো হতো। সেটা যখন হয়নি এখন দুই-একটা দিন বিশ্রাম নিয়ে নিজের দুর্বলতা নিয়ে কাজ করব। স্টাম্পের বলে পা একটু কম যাচ্ছে। এ নিয়ে নান্নু ভাইয়ের (মিনহাজুল আবেদীন) সঙ্গে কথা বলেছি, জাতীয় দলের কোচ জেমি সিডন্সের সঙ্গেও আলাপ হয়েছে। ওনারাও বলেছেন, আমার সমস্যা এই একটাই—স্টাম্পের বলে পা কম যাচ্ছে। অন্য কোনো সমস্যা নেই। তো এখন এই নিয়েই কাজ করব।