'আবারও আলোচনায় গঙ্গা-পদ্মা কাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামালের সাফল্য ঢাকা-কলকাতার ফুটবল যুদ্ধকে আবারও প্রাসঙ্গিক করে তুলেছে। ছবি: সৌজন্য
শেখ জামালের সাফল্য ঢাকা-কলকাতার ফুটবল যুদ্ধকে আবারও প্রাসঙ্গিক করে তুলেছে। ছবি: সৌজন্য

ঢাকা ও কলকাতার ছয় প্রধানকে নিয়ে ২৪ বছর আগে ঢাকায় আয়োজন করা হয়েছিল একটি ফুটবল প্রতিযোগিতা। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে দুর্গত মানষকে আর্থিক সহায়তা দিতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছিল সেই প্রতিযোগিতার। স্পনসর বহুজাতিক একটি প্রতিষ্ঠানের নামাঙ্কিত সেই প্রতিযোগিতাটি আজও স্মৃতিতে অমলিন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে। ঢাকা মোহামেডান, আবাহনী, ব্রাদার্স, কলকাতা মোহামেডান, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মধ্যকার জমজমাট লড়াইয়ে ফাইনালে খেলেছিল ঢাকার দুই প্রধান আবাহনী ও মোহামেডান। এত দিন পর আবারও এমন একটি প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে বেশ ভালোভাবেই।

‘গঙ্গা-পদ্মা কাপ’—আট-দশ বছর আগে বেশ চাউর হয়েছিল নামটি। হ্যাঁ, এই নামেই ঢাকা ও কলকাতার সেরা দলগুলোকে নিয়ে আবারও একটি প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করার কথা ভাবতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

গঙ্গা-পদ্মা কাপের পরিকল্পনাটি দিয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি, ভারতের সাবেক মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। দুই দেশে পরিকল্পনাটি আশার ফানুস ওড়ালেও অনেক পরিকল্পনার মতো এটাও চলে গেছে হিমাগারে।

আইএফএ শিল্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফাইনালে ওঠার পর পুরো বিষয় নিয়ে মানুষের আগ্রহ আবারও উত্সাহিত করেছে দুই দেশের ফুটবল-কর্তাদের। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিছুদিন আগে কলকাতায় গিয়ে ব্যাপারটি নিয়ে আলোচনাও সেরেছেন ভারতীয় ফুটবল-কর্তাদের সঙ্গে। কোনো কিছু চূড়ান্ত না হলেও এ ব্যাপারে অচিরেই একটা সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারেও একমত হয়েছেন তাঁরা। কলকাতার একটি পত্রিকাও আজ এ ব্যাপারে একটি সংবাদ প্রকাশ করেছে। তবে আজ আইএফএ শিল্ডের ফাইনালে শেখ জামালের জয়ই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠতে পারে। শেখ জামাল হেরে গেলে হয়তো বাফুফে এ ব্যাপারে উত্সাহটাই হারিয়ে ফেলতে পারে।