
ব্যাংককে স্ত্রীকে নিয়ে ডিনারে যাচ্ছিলেন। ঢাকা থেকে ফোন পেয়ে এড়িয়ে যেতে পারলেন না নাথান হল। কথা বললেন মন খুলে। পরশু আবাহনী ফুটবল দলের কোচ মনোনীত হয়েছেন জেনে বেশ উৎফুল্ল ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ
আপনাকে অভিনন্দন...
নাথান হল: ধন্যবাদ। আমি উন্মুখ হয়ে আছি আবার ঢাকা যাওয়ার জন্য। সম্ভবত ১৯-২০ অক্টোবরের দিকে যাব আবাহনীর দায়িত্ব নিতে। সপ্তাহ খানেক আগে ঢাকায় গিয়ে আবাহনী কর্মকর্তাদের কাছে সাক্ষাৎকার দিয়ে এসেছিলাম। তাঁরা আমাকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছেন শুনে খুবই উচ্ছ্বসিত আমি।
কিন্তু কাজটা তো বেশ কঠিন। আপনার বয়স মাত্র ২৯। পারবেন খেলোয়াড়সহ সব দিক সামলাতে?
হল: আমি তরুণ হলেও কোচ হিসেবে অভিজ্ঞতা আছে। অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারতে কাজ করেছি। বাংলাদেশ হবে আমার পঞ্চম কর্মক্ষেত্র। কাজেই আমার দিক থেকে কোনো সমস্যা হবে না। আমি খেলোয়াড়দের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি।
এত কম বয়সে কোচিং বেছে নিলেন কেন?
হল: পেছনের গল্পটা পুরো বললে বুঝতে পারবেন। আমি অস্ট্রেলিয়ায় ফুটবল খেলতাম, ছিলাম উইঙ্গার। কিন্তু একের পর এক চোট মাত্র ১৮ বছর বয়সে আমার খেলোয়াড়ি জীবন শেষ করে দেয়। তারপর ঠিক করি, কোচিংয়ে আসব।
কীভাবে শুরু করলেন কোচিং?
হল: ১৯-২০ বছর বয়সে কোচিং শুরু করি। অস্ট্রেলিয়ায় বছর পাঁচেক কোচিং করিয়েছি একাডেমি, যুব পর্যায়ে। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ডিভিশনেও কোচিং করাই, কিন্তু সত্যি কথা বলতে দ্বিতীয় বিভাগে টাকা নেই। তাই আমি থাইল্যান্ড চলে এলাম। মাত্র ২৪ বছর বয়সে আমি থাইল্যান্ডে কোচিং শুরু করি। এশিয়ায় সম্ভবত আমিই সবচেয়ে কম বয়সী পেশাদার কোচ।
বাইচুং ভুটিয়ার দল সিকিম ইউনাইটেডেও আপনি কাজ করেছেন। সেই অভিজ্ঞতা কেমন?
হল: বাইচুয়ের সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। গত মৌসুমে এক দিন বাইচুং আমাকে তার দলের দায়িত্ব নিতে বলল। ভারতের মতো দেশে কাজ করার সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। তবে সিকিম ইউনাইটেড আই লিগে ভালো করতে পারেনি। আর্থিক সংকটসহ নানা কারণে দলটা সমস্যায় ছিল।
আবাহনীর সঙ্গে যোগাযোগ হলো কীভাবে?
হল: আবাহনীর একজন কোচ প্রয়োজন জেনে আমি আমার জীবনবৃত্তান্ত পাঠাই। তারা এটা পছন্দ করেছে। ব্যাংককে তিনটি প্রিমিয়ার লিগের দল এবং ইন্দোনেশিয়ায় ৯ মাসে সেখানকার প্রিমিয়ারের একটা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও হয়তো আবাহনী বিবেচনায় নিয়েছে।
কোচ হিসেবে আপনার দর্শন কী? কাউকে আদর্শ মানেন?
হল: কোচ হিসেবে আমি আক্রমণাণত্মক। আক্রমণই আত্মরক্ষার সবচেয়ে বড় উপায়। আমি কেমন ফুটবল খেলাব আবাহনীকে, সেটা নির্ভর করছে আমি কেমন খেলোয়াড় পাব। আমার আদর্শ ভিলাস-বোয়াস। তিনিও খুব অল্প বয়সে কোচিংয়ে এসেছেন। কঠিন পরিশ্রম করে নিজেকে তুলে ধরেছেন বিশ্ব ফুটবলে।
কোচিংয়ে তো প্রাতিষ্ঠানিক কিছু সনদ লাগে। আপনার কী কী আছে?
হল: অস্ট্রেলিয়া যখন এএফসিতে যুক্ত হলো, তখন এএফসির ‘এ’ লাইসেন্সটা করে নিয়েছি। তার আগে ওশেনিয়া অঞ্চলের ‘এ’ ‘বি’ ‘সি’ সবই করেছি।
গত মৌসুমটা আবাহনীর ভালো কাটেনি। আপনি দায়িত্ব নিয়ে কী করবেন?
হল: বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমার অল্পবিস্তর ধারণা আছে। সাফ ফুটবলে বাংলাদেশের খেলা দেখেছি। আবাহনীর সবকিছুই আমি এরই মধ্যে জেনে নিয়েছি। আমি নিজেকে একজন আধুনিক, কর্মঠ কোচ ভাবি। আবাহনীকে লিগ চ্যাম্পিয়ন করাই আমার প্রথম লক্ষ্য। বাকি সব টুর্নামেন্টেও শিরোপা জিততে চাই। বলতে পারেন, আবাহনীকে কিছু দিতে চাই আমি।
শুনেছি আপনি থাই মেয়েকে বিয়ে করে ব্যাংককেই বসত গড়েছেন?
হল: হ্যাঁ, আমি থাইল্যান্ডে বিয়ে করে থিতু হয়েছি। আমার স্ত্রী ওখানে ব্যবসা করে। আমি বেশ ভালো আছি ব্যাংককে। আশা করছি, বাংলাদেশেও সময়টা ভালো কাটবে।