
বাংলাদেশের ফুটবলে বিদেশি খেলোয়াড় আসে আর যায়। ব্যতিক্রমী কয়েকজনের মধ্যে সবচেয়ে পুরোনো আউডু ইব্রাহিম। প্রায় ১০ বছর হতে চলল আবাহনীর জার্সি গায়ে খেলছেন। এবারের মৌসুম খেলতে পরশু ঢাকা এসে পেছন ফিরে তাকাচ্ছেন ঘানাইয়ান ফরোয়ার্ড
l প্রথম কবে আবাহনীতে খেলতে এসেছেন, মনে আছে?
আউডু ইব্রাহিম: হুম...বছর দশেক আগে (২০০৪ সালে)। প্রথমবার এসে তো কিছুই চিনি না, এখানকার ভাষা বুঝি না। একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম।
l এখন তো সবই চেনেন ঢাকার। বাংলা ভাষাও শিখে ফেলেছেন অনেকটা...
ইব্রাহিম: সত্যি বলতে, এখন নিজেকে বাংলাদেশিই লাগে (হাসি)। চাইলে তো বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া যায় আমাকে। এখানকার সবই এখন চিনি। বাংলাও টুকটাক বলতে পারি, ‘তুমি কেমন আছ? ভালো আছি, আমি ভাত খাব না...আরও অনেক পারি।’
l আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব দিলে সত্যিই নেবেন?
ইব্রাহিম: না, ওটা আসলে মজা করে বলেছি। একটা দেশে প্রায় ১০ বছর ধরে খেলছি, তাই একটু রসিকতা করলাম।
l ব্যক্তি হিসেবে আপনার খুব সুনাম। মজা করতে ভালোবাসেন। কোচ অমলেশ সেন একটু আগে সেটাই বলছিলেন...
ইব্রাহিম: আমি আসলে গম্ভীর হয়ে থাকতে পারি না। সারাক্ষণই সহ-খেলোয়াড়দের সঙ্গে ফান করি। আসলে আবাহনীর ঘরের ছেলে হয়ে গেছি তো। মজা না করলেই খারাপ লাগে।
l কিন্তু ফুটবলার হিসেবে আপনি একটু খেয়ালি। মন-মেজাজ ভালো থাকলে ভালো খেলেন, নইলে মাঠে চেনা যায় না। এটা কেন?
ইব্রাহিম: আমি সব সময় মাঠে এক শ ভাগ দিতে চাই। সব সময় হয়তো পারি না। এটা ইচ্ছে করে করি না। দলের প্রতি আমার শতভাগ মনোযোগ আছে। আবাহনী আমার খুব প্রিয় ক্লাব।
l কিন্তু গত দুই মৌসুম মাঠে আপনার উপস্থিতি তেমন উজ্জ্বল ছিল না। তাই আবাহনীও প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার কি স্বরূপে ফিরতে পারবেন?
ইব্রাহিম: আমার তো মনে হয় আমি নিজের সেরাটা দিতে পারব। দেখুন, আবাহনীর অনেক সাফল্যে একটু হলেও আমার অবদান আছে। আমি এখনো ফুরিয়ে যাইনি। স্বীকার করছি, চোটের কারণে গত মৌসুমটা ভালো যায়নি।
l এবার আপনার ভালো বিকল্প পায়নি বলে আবাহনী আপনাকে এনেছে বলে শুনেছি। আপনার কী মনে হয়, কেন আবাহনী বারবার আপনাকে আনে?
ইব্রাহিম: সেটা তো আবাহনী ভালো বলতে পারবে। তারা নিশ্চয়ই আমার ওপর আস্থা পায়। আস্থার প্রতিদান দিয়েছি বলেই তো বারবার আমাকে ডাকে।
l এই যে প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে খেলছেন, তো বাংলাদেশের ফুটবলে কোনো পরিবর্তন কি চোখে পড়ছে?
ইব্রাহিম: আগের চেয়ে খেলার মান এবং প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। এখন মাঠে নামলে বড় দলগুলো জিতবেই এমন নিশ্চয়তা নেই। তবে খেলোয়াড় তেমন উঠে আসছে না। ১০ বছর ধরে প্রায় একই মুখগুলোই দেখছি মাঠে।
l এবার দেশে গিয়ে কী করলেন?
ইব্রাহিম: পরিবারকে সময় দিয়েছি। এদিক-সেদিক একটু ঘুরলাম। তা ছাড়া আমার ব্যবসা আছে ঘানায়। ব্যবসায়ও একটু সময় দিলাম।
l কী ব্যবসা করছেন?
ইব্রাহিম: ঘানায় আমার একটা কসমেটিকসের দোকান আছে। আর টেলিভিশন বিক্রির ব্যবসাও করছি, মানে দুটি দোকান আমার। এগুলো অবশ্য আমার ভাই দেখাশোনা করে। ফুটবল খেলে যা আয় করছি, সবই ব্যবসায় বিনিয়োগ করছি।
l বাংলাদেশে আগামী মৌসুমে যদি আর খেলা না হয়, কী করবেন?
ইব্রাহিম: দেশে ফিরে যাব। এটা ঠিক আমি এখন মধ্য ত্রিশে। তার পরও আমি এখনো ইউরোপের কোথাও খেলার স্বপ্ন দেখি। এই স্বপ্ন অমার বহুদিনের। কিন্তু পূরণ হয়নি। সুযোগ পেলে ইউরোপের কোথাও খেলব।