‘আবেগ সামলাতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেগের দুটি মুখ। আবেগ আজ যাকে ভালোবাসায় ভরিয়ে দেয়, কাল তাকেই ডোবায় ঘৃণায়। আবেগকে তাই লাগাম পরাতেই হয়।এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রথম ফাইনাল খেলতে নামার আগে সেই আহ্বানই জানিয়েছেন কোচ স্টুয়ার্ট ল। ‘ফাইনাল মানেই চ্যাম্পিয়ন নয়’ —এই বাস্তবতা মনে করিয়ে দিয়ে কাল বলেছেন, ‘এটা ঠিক, সবাই এখন অনেক বেশি আবেগাক্রান্ত। মানুষ আরও ভালো কিছুর আশা করছে। তবে মনে রাখতে হবে, টুর্নামেন্ট শুরুর আগে আমরা কেউই ফাইনাল খেলার আশা করিনি। ম্যাচ ধরে ধরে এগিয়ে আজ এই জায়গায় এসেছি। ছেলেরা চেষ্টা করবে ফাইনালেও ভালো খেলতে। ফলাফল যা হয়, আমরা মেনে নেব।’অস্ট্রেলিয়ান কোচ এই কদিনেই বুঝে গেছেন ক্রিকেট নিয়ে এ দেশের মানুষের আবেগটা কোন পর্যায়ে। ম্যাচ জিতে হোটেলে ফিরতে গিয়ে দেখছেন রাস্তার দুই ধারে জনস্রোত, সেই স্রোতে আবেগের ছড়াছড়ি। মুদ্রার দুই পিঠই তাই বুঝতে অসুবিধা হচ্ছে না তাঁর। তবে ল-র বিশ্বাস, মানুষের আবেগ আর প্রত্যাশার চাপ প্রভাব ফেলবে না খেলোয়াড়দের ওপর, ‘চাপ থাকবেই। এটাকে জয় করতে হবে। এ পর্যায়ের ক্রিকেটে এ ধরনের চাপ নিয়েই খেলতে হবে। আগের ম্যাচগুলোতেও চাপ ছিল। তার পরও আমরা ভালো খেলেছি। এই ম্যাচটাকেও আশা করি কেউ চাপ হিসেবে নেবে না।’ফাইনালে আরেকটা আত্মবিশ্বাসও আছে স্টুয়ার্ট ল-র। সেটা জোগাচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, ‘তিনটা ম্যাচেই আমরা খুব ভালো খেলেছি। এমনকি পাকিস্তানের বিপক্ষে হারা প্রথম ম্যাচটাও। এই তিন ম্যাচেই ছোট ছোট অনেক ভুল ছিল। কাল (আজ) সেসব ভুল শোধরাতে পারলে ভালো একটা ম্যাচের আশা করাই যায়।’