‘আমরা আবারও চ্যাম্পিয়ন হতে চাই’
বার্সেলোনার হয়ে আরও একটি সফল মৌসুম কাটালেন। মাস দুয়েক পর শুরু হবে নতুন মৌসুম। এর আগে জেরার্ড পিকে এই সাক্ষাৎকারে বললেন নিজের লক্ষ্যের ব্যাপারে সেস ফ্যাব্রিগাস কি বার্সেলোনায় আসবেন?জেরার্ড পিকে: আগেও বলেছি, এখনো তা-ই বলব, আমি আশা করি, ও একদিন বার্সেলোনার হয়ে নিশ্চয়ই খেলবে। আমি অবশ্যই চাই, ও আমার পাশেই খেলুক। কারণ মানুষ হিসেবেই শুধু ও ভালো নয়, খেলোয়াড় হিসেবেও দুর্দান্ত। আমি চাই, ও এ বছরই আমাদের হয়ে খেলুক, সেটা যদি সম্ভব না-ও হয় তো পরের বছর। আমাদের হয়ে সে আরও ভালো খেলবে। পরবর্তী মৌসুমের জন্য মনে মনে কোন ছবিটা আঁকছেন?পিকে: প্রতিবছরই আগের বছরের তুলনায় আরও কঠিন। প্রতিটি বছরই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এবারও তা-ই হবে। টানা জিতে চলা, প্রত্যাশা পূরণ করা সত্যিই কঠিন। তবে সমর্থকদের প্রত্যাশাটাকে আমি চাপ বলব না। আমি চাপ বলব, আমরা নিজেরাই নিজের ওপর যেটি স্থির করি। আমরা ড্রিম টিমের মতো টানা চতুর্থ লিগ শিরোপা জিততে চাই। টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপাও, যেটা এখন পর্যন্ত কেউই করে দেখাতে পারেনি। এই লক্ষ্যটার চাপ আমরা আমাদের ওপর নিচ্ছি, আমরা খুবই উচ্চাভিলাষী। তবে কাজটা কঠিন। কারণ প্রতিপক্ষ প্রতিবছরই আমাদের হারাতে আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। সামনে তো স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও আছে...পিকে: এটা আমাদের জন্য দারুণ এক চ্যালেঞ্জ। আবারও শিরোপা জেতার মতো প্রতিভা আমাদের আছে। ইতিহাস গড়ার দারুণ এক সুযোগও আমরা পাচ্ছি। অনেকেই স্পেন দলের মধ্যে দ্বন্দ্ব খুঁজে পাচ্ছেন। এবার আমরা দেখিয়ে দেব, আসল ছবিটা মোটেও সে রকম কিছু নয়। পরের গ্রীষ্মে ইউরো তো পোল্যান্ড-ইউক্রেনে হবে। দেশ দুটি সম্পর্কে কতটা জানেন?পিকে: আমি অনূর্ধ্ব-১৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলাম পোল্যান্ডেই। ফলে দেশটার সঙ্গে আমার সুখকর কিছু স্মৃতি জড়িয়ে আছে। পরের বছর সেখানে গিয়ে আবারও শিরোপা জেতার চেষ্টা করাটা হবে আমার জন্য দারুণ কিছু। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে জালটা কেন কাটলেন?পিকে: এটা আমি রোমেও (২০০৮-০৯ ফাইনাল শেষে) করেছিলাম। আমার যে বন্ধুরা একটা সুন্দর উপহার চাইছিল, তাদের জালটা কেটে কেটে দিয়েছি। এটা ফাইনালের স্মারক হিসেবে থেকে যাবে। আমি নিজেও আমার জন্য একটা টুকরা রেখে দিয়েছি। বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সির পাশাপাশি জালটাও দেয়ালে সেঁটে দিয়েছি। চ্যাম্পিয়নস লিগের শিরোপা টানা দ্বিতীয়বার জেতা এত কঠিন কেন?পিকে: কারণ আপনি যখন শিরোপা জিতবেন, আপনাকে হারাতে বাকি দলগুলো আরও শক্তি বাড়াতে নতুন নতুন খেলোয়াড় সই করাবে। একের পর এক বছর টানা সেরাটা খেলে যাওয়া আসলেই কঠিন। অবশ্য আমাদের খেলোয়াড়েরা শিরোপা ধরে রাখার জন্য যথেষ্ট ভালো। আমি মনে করি, আমাদের পক্ষে আবারও শিরোপা জেতা সম্ভব। তবে ভাগ্যের কিছুটা পরশ দরকার। লিওনেল মেসি অবশেষে আর্জেন্টিনার হয়ে কিছু জিততে পারবেন বলে মনে হয়?পিকে: আমি সে রকমই মনে করি। এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার মূল শক্তি হবে মেসি। মেসিকে কীভাবে খেলাতে হবে, সেটি ওরা যদি বুঝতে পারে, আর্জেন্টিনার পক্ষে অবশ্যই ভালো কিছু করে দেখানো সম্ভব। লিও বিশ্বের সেরা খেলোয়াড়। এবং তাকে কীভাবে ব্যবহার করতে হবে, সেটি আপনাকে জানতে হবে। তাকে ঘিরেই আপনাকে খেলতে হবে। অবশ্য ব্রাজিল সব সময়ই দুর্দান্ত একটা দল। এবার আর্জেন্টিনা আর ব্রাজিলই কোপার ফেবারিট।—ওয়েবসাইট থেকে ভাষান্তরিত