ম্যাচকে ঘিরে উত্তেজনা যতই থাকুক, আজ মাঠের লড়াই যতই ছড়াক বারুদ, কাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়কের কণ্ঠে মোটেই ঝাঁজ খুঁজে পাওয়া গেল না। ‘জিতবই’ কথাটি জোর দিয়ে বলতে পারেননি কেউ। প্রথাগত কথার সেই সংবাদ সম্মেলনের চুম্বক অংশ তুলে দেওয়া হলো এখানে—

ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা আগের চেয়ে কম কি না—
মোহাম্মদ হাফিজ: কম কি না জানি না। তবে আমরা সবাই এই ম্যাচের অপেক্ষায় আছি। সবাই খুব রোমাঞ্চিত। আগেও বলেছি, প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে হওয়ায় আমরা খুশি। আশা করি কাল (আজ) জিতে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস পাব।
আফ্রিদির বিস্ফোরক ফর্ম—
হাফিজ: আফ্রিদি ফর্মে থাকা আমাদের জন্য বড় একটা স্বস্তি। আমরা সব সময়ই চেয়েছি লোয়ার অর্ডারে এমন কেউ থাকুক যে খেলাটা শেষ করতে পারে। আর সিনিয়র ক্রিকেটাররা ভালো করলে দলের তরুণেরাও চনমনে হয়ে যায়।
পাওয়ার প্লেতে ভারতের সাম্প্রতিক দুরবস্থা—
হাফিজ: দেখুন, ওদের ব্যাটিং লাইনআপ দুর্দান্ত। পরিসংখ্যান হয়তো তথ্যটা জানায়, কিন্তু নির্দিষ্ট দিনটিতে কে কতটা পরিকল্পনা কাজে লাগাতে পারছে, নিজেদের উজাড় করে দিতে পারছে, সেটাই আসল। আমরা ওদের কিছু জায়গা টার্গেট করেছি, দেখা যাক পরিকল্পনা কাজে লাগাতে পারি কি না।
অনেকে এই ম্যাচের জয়কে শিরোপার চেয়েও গুরুত্বপূর্ণ মনে করে—
হাফিজ: আমরা এখানে শুধু একটি ম্যাচ জিততে আসিনি। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচই তো আর গোটা টুর্নামেন্ট নয়! আমরা টুর্নামেন্টজুড়েই ভালো করতে চাই। তবে ছন্দ পাওয়ার জন্য প্রথম ম্যাচে ভালো করাটা জরুরি।
বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে না পারা—
হাফিজ: আমরা ইতিহাসে তাকাচ্ছি না। দল হিসেবে আমরা সব সময় সামনে তাকাতে চাই। ভালো হোক বা খারাপ, অতীত তো অতীতই। নতুন একটি দিনে আগের কিছুর কোনো মূল্য নেই।
প্রস্তুতি ম্যাচে ৭১ রানে গুটিয়ে যাওয়া—
হাফিজ: আমার মনে হয় না ভাবনার কিছু আছে। টি-টোয়েন্টির উপযোগী অনেক ভালো ব্যাটসম্যান আছে আমাদের। আর ক্রিকেটে সব দিনই তো ভালো যায় না। আশা করি খারাপ দিনটা কাল (পরশু) চলে গেছে। প্রস্তুতি ম্যাচকে আমরা পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র হিসেবে নিয়েছিলাম। সেটা আমরা করতে পেরেছি। জয়-হার ব্যাপার না।
আফ্রিদির ফিটনেস—
হাফিজ: আফ্রিদি এখনো শতভাগ নয়। তবে নিজে থেকেই খেলতে চেয়েছে, এটা ইতিবাচক। আশা করি, সে দারুণ কিছু করতে পারবে এই টুর্নামেন্টে।
স্পিন আক্রমণই পাকিস্তানের ভরসা কি না—
হাফিজ: দুটি প্রস্তুতি ম্যাচেই আমাদের পেসাররা ভালো করেছে। উমর গুল দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছে। এশিয়া কাপটা ভালো না করলেও অনেক পরিশ্রম করে ছন্দে ফিরেছে। স্পিন আমাদের বড় শক্তি, কিন্তু এই টুর্নামেন্টে পেসাররাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।
একাদশ সাজানো নিয়ে টিম ম্যানেজমেন্টর সঙ্গে অন্তঃকলহের গুঞ্জন—
হাফিজ: আমরা সবাই একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিই। যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা সবারই সিদ্ধান্ত।
এশিয়া কাপের আফ্রিদি—
হাফিজ: ভারতের বিপক্ষে জয় বড় একটা অনুপ্রেরণা। আশা করি, আফ্রিদি এশিয়া কাপের নায়কোচিত কীর্তির পুনরাবৃত্তি করবে আর সব পাকিস্তান সমর্থককে আনন্দে ভাসাবে।