‘আমরা একটা চক্র পূর্ণ করছি’
ছয় বছর ধরে ফ্রান্স ফুটবল দলের দায়িত্বে আছেন রেমন্ড ডমেনেখ। এই ৬টি বছরে প্রশংসা যেমন পেয়েছেন, কুড়িয়েছেন অনেক সমালোচনাও। তবে একটি জিনিস নেই তাঁর জীবনবৃত্তান্তে, সেটা শিরোপা। গত বিশ্বকাপে যাওয়ার আগে বলেছিলেন, তাঁর দল ফাইনাল খেলবে। ইতালির কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছে। এবার কিছু বলবেন? বিশ্বকাপ শুরুর দিনটাকে এখন সপ্তাহ দিয়ে গোনা যাচ্ছে। প্রস্তুতিটা কেমন চলছে বলে মনে হয় আপনার?রেমন্ড ডমেনেখ: আমি যেমন দেখেছি, তাতে কোনো সমস্যা নেই। মাঠগুলো দারুণ। আর শেষ মুহূর্তের কাজগুলো করে নেওয়ার জন্য এখনো তো দুই মাস সময় আছে। বাছাইপর্বে ফ্রান্স দলের সমালোচনা কি দলকে সংঘবদ্ধ করতে আরও সাহায্য করবে?ডমেনেখ: খেলোয়াড়েরা এ ধরনের সমালোচনায় অভ্যস্ত। তারা জানে, যখনই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারবে না, তখনই সমালোচিত হতে হবে। এ পর্যন্ত তাদের চেয়ে আমিই বেশি তোপের মুখে ছিলাম। এখন বিশ্বকাপ আসছে, পাদপ্রদীপের আলো ওদের ওপরে পড়বে। আমার কাজ হবে তাদের এগিয়ে যাওয়ার দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং যখন টুর্নামেন্ট শুরু হবে এই কাজগুলো তাদেরই করতে হবে। খেলোয়াড়দের রক্ষা করতে এবং প্রস্তুত করতে যা কিছু করা প্রয়োজন, আমি সেটাই করছি। ব্যক্তিগত সমালোচনাটা কীভাবে সামাল দেন আপনি?ডমেনেখ: অন্য সব কোচের মতোই আমিও সবাইকে গরম পানির ব্যাঙের গল্পটি শোনাই। আপনি যদি এটাকে গরম পানির মধ্যে ছুড়ে ফেলেন, তাহলে ও চিত্কার করবে এবং একসঙ্গে অনেক কষ্ট ভোগ করবে। কিন্তু আপনি যদি একে ঠান্ডা জলে রেখে ধীরে ধীরে সেই জলটা ফোটাতে থাকেন, তাহলে অনেক বেশি সময় ধরে কষ্ট সহ্য করবে সে। একজন কোচের ব্যাপারটা আসলে এ রকমই। সব সময়ই চাপের মধ্যে থাকবেন আপনি। এই দলটাকে ঘিরে যেমন প্রত্যাশা কখনোই তারা তা পূরণ করতে পেরেছে বলে মনে হয়নি। ডমেনেখ: এ মুহূর্তে আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। একটা প্রজন্ম আরেকটা প্রজন্মের হাতে দিয়ে যাচ্ছে সবকিছু। ব্রাজিলকে বাদ দিলে আর কোনো দেশেই প্রতিভার এত ছড়াছড়ি নেই যারা স্বয়ংক্রিয়ভাবে সবকিছু ঠিক রেখে নতুনভাবে দল গড়তে পারে! অন্য সব দেশকেই একটা চক্রের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা এখন এমন একটা চক্র পূর্ণ করছি। এ কারণেই সময়টা আমাদের জন্য কঠিন। আমাদের দলে অনেক বয়সী খেলোয়াড় আছে, কেউ আবার অবসর নিচ্ছে। এদের যোগ্য বিকল্প তো খুঁজে বের করতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। গত নভেম্বরে আয়ারল্যান্ডের সঙ্গে প্লে-অফ ম্যাচটি দেখে মনে হয়েছে, পর্যাপ্ত অভিজ্ঞতা থাকার পরও দল ভয় পেয়ে গিয়েছিল।ডমেনেখ: এটা সহজবোধ্য। আয়ারল্যান্ডের হারানোর কিছু ছিল না। নিজেদের মাঠে ওরা ০-১ গোলে হেরেছিল। বিশ্বকাপের হাতছানি ছিল ওদের সামনে। আর সেটা পেতে হলে গোল করতে হতো, আর গোল করতে হলে খেলতে হতো ভালো। ওদের আর কোনো বিকল্প ছিল না। এমন অবস্থায় আপনি ভালো ফুটবল তো খেলবেনই। স্বাগতিক দলের গ্রুপে পড়ে আপনি কি উত্তেজিত বা কিছুটা ভয়ে আছেন?ডমেনেখ: আফ্রিকা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা দারুণ ব্যাপার। কিন্তু স্বাগতিকদের সঙ্গে আমরা খেলব তৃতীয় ম্যাচ। আর ওই ম্যাচটিই হয়তো নির্ধারণ করে দেবে এই দলটি যাবে, না ওই দলটি যাবে পরের রাউন্ডে, নাকি দুটোই যাবে। এই ম্যাচটি আমরা কিছুতেই হালকাভাবে নিতে পারব না। ২০০৬ জার্মানি বিশ্বকাপে যাওয়ার আগে আপনি সবাইকে বলেছিলেন, ৯ জুলাই ফাইনালের অপেক্ষা করতে। এবার কি ১১ জুলাইয়ের প্রস্তুতি নিতে বলবেন?ডমেনেখ: আমি মন থেকে যখন কিছুতে নিশ্চিত হয়ে যাই, সেটিই জোর দিয়ে বলি। কিন্তু একমাত্র খেলোয়াড়েরাই পারে আমাকে কোনো বিষয়ে নিশ্চিত করতে। ২০০৬ সালে খেলোয়াড়দের দেখে এবং ওদের কথা শুনেই আমি বলেছিলাম, ‘আমরা ফাইনালে যাচ্ছি।’ এবার এখনো আমি দলকে একসুতোয় গাঁথছি এবং দল গঠনে এখনো অনেক অনিশ্চয়তা আছে। সবাইকে যখন একত্র করতে পারব এবং ওদের সঙ্গে কথা বলতে পারব, তখনই আমি জানতে পারব, এবার কতদূর কী করতে পারব।