'আমরা কেন জিতব না?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের মধ্যে চারবার কোচ বদলের পালায় দায়িত্ব পেয়েছিলেন গত অক্টোবরে। আপৎকালীন দায়িত্বে দলকে বিশ্বকাপ বৈতরণি পার করানোর পর পাকা হয়েছে চাকরি। এই কয়েক মাসেই বেশ আলোচিত হয়েছেন মাঠের ভেতরে-বাইরে। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে মেক্সিকো কোচ মিগুয়েল হেরো কথা বললেন তাঁর দলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে

মিগুয়েল হেরো
মিগুয়েল হেরো

 বিশ্বকাপের আগে মেক্সিকোর অবস্থা কেমন বুঝছেন?
মিগুয়েল হেরেরা: আমার ধারণা, আমরা বেশ ভালো অবস্থায় আছি। আমি দায়িত্ব নেওয়ার পর খুব কম সময়ই হাতে ছিল। খানিকটা উৎকণ্ঠা তো আছেই। তবে আমি এটিকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। এ অবস্থাতেই আমি দায়িত্ব পেয়েছি এবং সেটা থেকে পালিয়েও যেতে চাই না।
 নিজের পদ্ধতির কথাটা আপনি খুব বলেন। আপনার কোচিংয়ে আগে খেলেনি, এমন ফুটবলারদের জন্য আপনার ধরনটা আত্মস্থ করা কি কঠিন?
হেরেরা: ঠিক তা নয়। কখনো কখনো জাতীয় দলের ফুটবলারদের পাওয়া যায় ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে। এমন পরিস্থিতিতে কোনো পদ্ধতি বাস্তবায়ন করা খুব কঠিন। চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করার পর কাজ করার আরও সময় পাব এবং তখন দলটা আরও সুসংবদ্ধ হবে।
 এই অল্প কদিনেই আপনি বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। যেমন ইউরোপভিত্তিক তারকাদের বাদ দেওয়া...
হেরেরা: নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে (গত ৫ মার্চ) আমি আবার ওদের ফিরিয়েছি এবং ওদের মানসিকতা ও দলের প্রতি দায়বদ্ধতা আমার ভালো লেগেছে। কাজেই ওরা খুব ভালোভাবেই বিবেচনায় আছে। যে জায়গায় যাকে সেরা মনে করি, তাকেই আমি দলে রাখব।
 এই মুহূর্তে কোন জায়গাটায় মেক্সিকোর সবচেয়ে বেশি উন্নতি প্রয়োজন?
হেরেরা: বোঝাপড়া ও ট্যাকটিক্যাল শৃঙ্খলা নিয়ে এখনো কাজ করতে হবে। ব্রাজিলে আমাদের প্রতিপক্ষের মান সম্পর্কে আমাদের জানা আছে। আমরা পুরো ম্যাচ একই একাগ্রতায় খেলতে চাই। আগে গোল খেয়ে বসলে যেন ভড়কে না যাই। আমার ধারণা, পুরো স্কোয়াডের সঙ্গে একসঙ্গে কাজ করা শুরু করলে ওই জায়গাটায় আমরা পৌঁছে যাব।
 আপনি সংবাদমাধ্যমকে কখনো এড়িয়ে চলেন না, সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব উপস্থিতি। কেন?
হেরেরা: আমি জানি না। সব সময়ই আমি এমন ছিলাম, এখন জাতীয় দলের দায়িত্ব নিয়েছি বলেই কেন নিজেকে বদলাব! আমি খোলামেলা থাকতে পছন্দ করি, ভালো লাগে লোকজন ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে। আমার তো লুকানোর কিছু নেই। এড়িয়ে চলার চেষ্টা করলে তো নিজের প্রতি সৎ থাকতে পারব না। আমি এমনই থাকব।
 বেশ আবেগপ্রবণ হিসেবেও একটা পরিচিতি আছে আপনার। নিজেকে আপনি ট্যাকটিক্যাল কোচ মনে করেন, নাকি প্রেরণাদায়ী?
হেরেরা: আবেগ ও ট্যাকটিকস—দুটোরই সমন্বয় থাকতে হবে মাঠে। সম্প্রতি যেমন যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মাঝ বিরতিতে ফুটবলারদের বলতে হয়েছিল যে আমাদের আত্মসম্মান থাকা প্রয়োজন। তাতে ছেলেরা সাড়া দিয়েছিল। পাশাপাশি ট্যাকটিক্যাল কিছু সমন্বয়ও করতে হয়েছিল। শেষ পর্যন্ত সেটা কাজে লেগেছিল, প্রথমার্ধে হজম করা দুই গোল আমরা ফিরিয়ে দিতে পেরেছিলাম। সেরা পন্থা হলো তাই দুটোর সমন্বয়।
 আপনি সম্প্রতি বলেছেন, মেক্সিকো বিশ্বকাপ জিততে পারে। এটা কি দলকে অনুপ্রাণিত করার কোনো চাল?
হেরেরা: বিশ্বকাপে ৩২ দলের যে কেউ চাম্পিয়ন হতে পারে। আমরাও এর মধ্যে একটি। আমাদের ভালো ফুটবলার আছে, ছেলেরা দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রস্তুতির জন্য খুব ভালো অবকাঠামোও আছে। মেক্সিকো এর মধ্যেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে, অলিম্পিক জিতেছে। আমরা কেন জিতব না?