‘আমরা খেলব রুপার জন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নেপালি ভাষাতেই কথা বলতে পারেন। ইংরেজিতে একেবারেই দুর্বল। নেপাল মহিলা কাবাডি দলের অধিনায়ক কল্পনা শ্রেষ্ঠকে সাহায্যের জন্য দোভাষী হয়ে এলেন পশুপতি প্রজাপতি। নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের সদস্যের মুখেই শোনা গেল পাহাড়ি মেয়ের কাবাডি খেলোয়াড় হয়ে ওঠার গল্প আবারও ঢাকায় খেলতে এসে কেমন লাগছে?কল্পনা শ্রেষ্ঠ: খুবই ভালো লাগছে। সর্বশেষ ঢাকায় খেলেছিলাম গত এসএ গেমসে। আমাদের মহিলা কাবাডি দল ব্রোঞ্জ জিতেছিল। সেবারের চেয়ে এবার অনেক গরম লাগছে ঢাকায়। গরমে খুব কষ্ট পাচ্ছি আমরা। আপনি তো ফুটবলও খেলেন। কাবাডি দিয়ে খেলাধুলায় এসেছেন, নাকি ফুটবলেই শুরু?কল্পনা: আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, তখন থেকেই নিয়মিত ফুটবল খেলি। আমি ছোটবেলা থেকেই চাইতাম উপার্জন করব। সেটা খেলেই হোক অথবা চাকরি করে। ২০০৮ সালে জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাই। পরের পাঁচ বছর নিয়মিত ফুটবল খেলছি। আমি ডিফেন্ডার হিসেবে খেলি। ফুটবল খেলার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিলাম কাঠমান্ডুতে। উচ্চমাধ্যমিক পাস করে এরপর নেপাল সেনাবাহিনীতে যোগ দিই।  সেনাবাহিনীতে গিয়ে কাবাডি শুরু?কল্পনা: নেপাল সেনাবাহিনীর আন্ত-ইউনিটে সব ধরনের খেলাধুলার সুযোগ আছে। আমি সেখানে নিয়মিত ফুটবল অনুশীলন করতাম। কিন্তু আমার এক স্যার একদিন আমাকে দেখে বললেন, তোমার বডি ফিটনেস ভালো, কাবাডি খেললে ভালো করবে। স্যারের কথায় কাবাডিতে যোগ দিলাম। মাত্র কয়েক দিনেই খেলাটা পুরো শিখে ফেললাম। এখন এটাই বেশি ভালো লাগে। তা ছাড়া ফুটবলের পাশাপাশি কাবাডি খেলে বাড়তি আয়ও করতে পারছি, পরিবারকেও সাহায্য করতে পারছি। নেপালে তো ফুটবলের পর মার্শাল আর্টের খেলাগুলোই (কারাতে, তায়কোয়ান্দো) বেশি জনপ্রিয়। কাবাডি খেলে কেমন সাড়া পান?কল্পনা: ভালোই সাড়া পাই। আগে তো কাবাডি খেলায় মেয়েরা সেভাবে আসতেই চাইত না। আমাদের ফেডারেশন আর্থিকভাবেও ততটা সচ্ছল না। অনুশীলনের সুযোগ-সুবিধাও অনেক কম। ঠিকমতো অনুশীলন ক্যাম্পই হয় না। শুধু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দল গড়া হয়। গত তিন বছর হলো স্কুল পর্যায়ে কাবাডি চালুর উদ্যোগ নিয়েছে ফেডারেশন। গত এসএ গেমসের পর অবশ্য নেপালে কাবাডির জনপ্রিয়তা অনেকে বেড়েছে। অন্য খেলার মধ্যে তায়কোয়ান্দো, বাস্কেটবলেও নেপাল যথেষ্ট ভালো করছে।  আপনার পরিবারের কেউ কি খেলাধুলায় আছেন?কল্পনা: না। কেউ খেলাধুলায় নেই। তবে আমার স্বামী আমার মতোই সেনাবাহিনীতে চাকরি করেন। উনি আমার খেলার ব্যাপারে সারাক্ষণ উৎসাহ জোগান। এই টুর্নামেন্ট নিয়ে কিছু বলুন। এখানে আপনাদের প্রত্যাশা কেমন?কল্পনা: আমরা হয়তো চ্যাম্পিয়ন হতে পারব না। কারণ এখানে আসার আগে মাত্র ১৫ দিনের অনুশীলন করেছি। ভারতের কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে। আমরা খেলব রুপার জন্য। এসএ গেমসে তো বাংলাদেশের খেলা দেখেছিলেন। এবার এসে বাংলাদেশের মেয়েদের খেলা দেখে কী মনে হচ্ছে?কল্পনা: তখনকার ওই দলের অনেকের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়েছিল। কিন্তু এবার এসে অনেক নতুন মুখ দেখছি। মাত্রই একটা ম্যাচ দেখেছি। তাই আগে থেকে কিছু বলতে চাই না।