‘আমরা চেষ্টা করেছি, পারিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের লড়াই তো সবাই দেখেছে। তবে সবার অলক্ষ্যে আরেকটা লড়াইয়েও অন্য রকম নিষ্পত্তি হয়েছে। যেখানে ‘হার’ মেনে নিয়েই দলকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন তামিম ইকবাল!সিরিজের প্রায় সব ম্যাচেই তামিম উইকেটে যাওয়ামাত্রই নানা কিছু বলে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন ক্রিস গেইল। তামিম জবাব দিয়েছেন। কালও যথারীতি এগিয়ে এসেছিলেন গেইল। তবে এবার তামিমের মিনতি, ‘দয়া করে শেষ ম্যাচটায় কিছু বোলো না, শান্তিমতো খেলতে দাও।’ গেইলও কিছু না বলে শুধু হেসে চলে যান। তামিম যদি সত্যি সত্যি ম্যাচটা জিতিয়ে দিতেন, গেইলের নিশ্চয়ই আফসোসের শেষ থাকত না!হারের পর সাধারণত খলনায়ক খোঁজা হয়। কালকের ‘খলনায়ক’ বের করা তো মোটামুটি সোজাই। কাল ম্যাচ শেষে সারা দেশে সবচেয়ে বেশি উচ্চারিত বাক্য সম্ভবত, ‘ইশ্, রুবেল যদি শেষ ওভারে ২৯ না দিতেন!’ কালকের ম্যাচে দু দলের পার্থক্য বোঝাতে তামিম যা বললেন, সেটাও ওই ধারণাকে প্রতিষ্ঠিত করবে, ‘সম্ভবত আমরা ১০-১৫ রান একটু বেশি দিয়ে ফেলেছি।’কিন্তু একজনকে বলির পাঁঠা বানাতে তামিমের প্রবল আপত্তি। বরং সতীর্থকে দারুণভাবে আগলে রাখলেন বাঁহাতি ওপেনার, ‘দেখুন, রুবেল শেষ ওভারে ২৮ (আসলে ২৯) রান দিয়েছে। কিন্তু জিতলেও দল জিতে, হারলেও দল হারে। বিশ্বের সব বড় বড় বোলারেরই এমন এক ওভারে মার খাওয়ার ইতিহাস আছে। কে জানে, রুবেল প্রথম দিকে ওই দুটো উইকেট না নিলে হয়তো আরও বেশি রান ওরা করতে পারত। রুবেল আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। সমালোচনা করে ওর আত্মবিশ্বাস নষ্ট করে দেওয়া উচিত হবে না। ওর জন্য এটা শিক্ষা ছিল। আশা করি ও শিখবে। ওর সামর্থ্য আছে বাংলাদেশের সর্বকালের সেরা বোলারদের একজন হওয়ার।’হারের কারণ অনুসন্ধানে দ্বিতীয় আলোচিত ধারণা সম্ভবত, ‘মাহমুদউল্লাহ যদি আরেকটু আগে থেকে চালিয়ে খেলতেন!’ এবার সতীর্থকে শুধু আগলে রাখাই নয়, একই সঙ্গে ফুটে উঠল তৃপ্তি আর অসহায়ত্ব, ‘১২-১৩ ওভার থেকেই আমরা শট খেলার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি, রিয়াদ ভাইও চেষ্টা করেছে। ওরা আসলে ওই সময়টায় খুবই ভালো বোলিং করেছে। আমি আর রিয়াদ ভাই যখন চেষ্টা করেও মারতে পারিনি, আমার মনে হয় না অন্য কেউ পারত। আসলে ম্যাচটায় আমরা আমাদের সেরা ব্যাটিং করেও হেরে গেছি। আমার মনে হয়, দল হিসেবে আমাদের খুব বেশি হতাশ হওয়া উচিত নয়। সমর্থকদেরও হতাশ হওয়া উচিত নয়। আমরা চেষ্টা করেছি, পারিনি।’দলের হারের ম্যাচে তামিমের প্রাপ্তি টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গড়া সাকিবের ৮৪ রান টপকে নতুন রেকর্ড গড়েছেন তিনি। কাল হবু বধূকে নিয়ে করপোরেট বক্সে বসে সাকিব দেখলেন বন্ধুর কাছে নিজের রেকর্ড হাতছাড়া হওয়া। শেষ ওভারে স্ট্রাইক পেলে হয়তো সেঞ্চুরিও হতে পারত। তবে দলের হারের হতাশায় ওই আফসোস মিলিয়ে গেছে তামিমের, ‘আমি ৩০ রান করেও ম্যাচটা যদি জিততে পারতাম, ওটাই আমার কাছে হতো বড় পাওয়া। আর আজ ১০০ করেও যদি ম্যাচ হারতাম, তবু হতাশ থাকতাম।’শেষটা হলো হারে, তবু সিরিজ আর এই বছরটাকে তামিম মানছেন বাংলাদেশের সেরা, ‘আমার মনে হয় না এর চেয়ে ভালো সিরিজ আমরা খেলেছি। টেস্টে প্রতিদ্বন্দ্বিতা গড়েছি, ওয়ানডে সিরিজ জিতেছি, টি-টোয়েন্টিতে হয়তো আমরা নিজেদের সেরাটা খেলেও হেরেছি। বাংলাদেশের জন্য সেরা সিরিজগুলোর একটি এটি। আর ছয় বছর ধরে জাতীয় দলে খেলছি আমি, এশিয়া কাপ থেকে ধরি, আমার মনে হয় এটাই সেরা বছর। আমরা ৫০ ভাগেরও বেশি ম্যাচ (ওয়ানডে) জিতেছি।’ওয়ানডে সিরিজ জয়ের হতাশা আছে। কিন্তু স্বঘোষিত ‘বিগ ফাইনাল’ জয় তৃপ্তি দিচ্ছে ড্যারেন স্যামিকে। টানা চারটি টেস্ট জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে তৃপ্তি দিচ্ছে পুরো বছরের পারফরম্যান্সও। স্যামির মন কাল রাতেই মাঠ থেকে ফিরে গেছে ঘরে, ‘হোম সুইট হোম, আমার সন্তান, সন্তানের মায়ের কাছে ফেরার জন্য আর তর সইছে না!’