‘আমরা চ্যাম্পিয়ন হতেই পারি’
ফন ডার ভার্ট হল্যান্ড জাতীয় দলে খেলছেন নয় বছর ধরে, তবে সেরা একাদশে জায়গা পাকা করতে পেরেছেন মাত্রই বছর দুয়েক হলো। গত ইউরোতে নজরকাড়া নেদারল্যান্ড দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি, বড় ভূমিকা রেখেছেন এবারের বিশ্বকাপ বাছাইপর্বে দলের শতভাগ সাফল্যেও। রিয়াল মাদ্রিদের ডাচ অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্ট জানাচ্ছেন তাঁর বিশ্বকাপ ভাবনা—বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলা যেকোনো ফুটবলারের জন্যই রোমাঞ্চকর। আমার মনে আছে, ২০০৮ ইউরোতে ইতালির বিপক্ষে ম্যাচের সময় আমার মনে হচ্ছিল, ‘সবাই আমাদের দেখছে আর আমরা ইতালিকে হারিয়ে দিচ্ছি! আমরা কী করব!’২০০৮ ইউরোতে আমরা দেখিয়েছি আমাদের দলটা দুর্দান্ত, ফ্রান্স ও ইতালির মতো দলকে আমরা সহজে হারাতে পারি। আমরা সত্যিই দারুণ গর্বিত ছিলাম। রাশিয়ার বিপক্ষে ম্যাচটিই স্রেফ বাজে খেলেছি। ব্যস, ওতেই বাদ পড়তে হয়েছে।এমনিতে প্রায় প্রতিবারই বাছাইপর্ব পেরোতে আমাদের বেশ কষ্ট করতে হয়, কিন্তু এবার বাছাইপর্ব উতরেছি সহজে। আমরা দুর্দান্ত খেলেছি, ম্যাচ জিততে থাকলাম ২-০, ৩-০ ব্যবধানে। সমর্থকেরা আবার আমাদের খেলা উপভোগ করছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। বছর কয়েক আগেও দেশের মানুষ জাতীয় দলকে এতটা পছন্দ করত না।নেদারল্যান্ডের বাইরে আমাদের কোচ বার্ট ফন মারউইকের খুব একটা পরিচিতি নেই। তিনি ডাচ মানসিকতার কোচ, দলকে আক্রমণাত্মক খেলাতে পছন্দ করেন। ফুটবলারদের সঙ্গে তিনি প্রচুর কথা বলেন, খুব সহজেই তাঁর কাছাকাছি যাওয়া যায়। সবাই তাঁকে খুব পছন্দ করে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফুটবলাররা সবাই ইউরোপের নানা জায়গায় খেলে। তাই যখন আমরা একসঙ্গে থাকি তখন একটা দল হয়ে ওঠা জরুরি।রবিন ফন পার্সি দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ফুটবলার এবং আমি নিশ্চিত, সময়মতোই সে ফিট হয়ে যাবে। সে একজন গ্রেট ফুটবলার। দলের জন্য সে যেভাবে খেলে তা আমরা অনেক পছন্দ করি। সে সত্যিই বিশেষ কিছু। দলের বেশির ভাগ ফুটবলারকেই সবাই চেনে। তার পরও এমন একজনের কথা বলতে পারি যে চমক দেখাতে পারে—আয়াক্স আমস্টারডামের রাইটব্যাক গ্রেগরি ফন ডার উইয়েল। শিরোপা জয়ে লোকে নেদারল্যান্ডের ওপর কি বাজি ধরবে? অবশ্যই, কেন নয়! আমি তো মনে করি আমাদের ভালো সম্ভাবনা আছে। বেশ কটি দলই বিশ্বকাপ জিততে পারে, কিন্তু আমাদের যেসব প্রতিভা আছে আর ভাগ্যটাকে যদি একটু পাশে পাই তাহলে আমরা চ্যাম্পিয়ন হতেই পারি। —বিদেশি পত্রিকা অবলম্বনে