‘আমরা ড্রয়ের কথা ভাবিইনি’
সাড়ে ছয় বছর পর টেস্ট প্রত্যাগত জিম্বাবুয়ের কাছে হারার পর সাকিব আল হাসান মলিন মুখে সংবাদ সম্মেলনে আসবেন, সেটিই স্বাভাবিক। হতাশার কথা বললেন, প্রস্তুতিতে ঘাটতির কথা এবং নিজের ভুলের কথাও। সেখানে ছিলেন উ ৎ পল শুভ্র এই টেস্টে পরাজয়টা নিশ্চয়ই খুব হতাশার। কোথায় সব গড়বড় হয়ে গেল?সাকিব: খুবই হতাশাজনক। আমরা ভালো ব্যাটিং করিনি, যদিও উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। এটাই মূল সমস্যা। প্রস্তুতিতে কি ঘাটতি ছিল?সাকিব: বলতে পারেন, আমরা অনেক দিন বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলিনি। কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেললেও তা টেস্ট ম্যাচের জন্য যথেষ্ট ছিল না। জিম্বাবুয়ের দুই পেসার জার্ভিস ও ভিটরিকে আগে না খেলায় কি একটু সমস্যা হয়েছে?সাকিব: জার্ভিসকে তো আমরা বাংলাদেশে খেলেছি। জিম্বাবুয়ের এই দুই পেসার ঠিক জায়গায় বল করে গেছে এবং চাপ তৈরি করেছে। ওরা একটা পরিকল্পনা নিয়ে নেমেছিল এবং সেটি খুব ভালোভাবে কার্যকর করেছে। সাড়ে ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা একটা দলের কাছে এমন পরাজয়। এটা কি বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে হতাশাজনক দিন?সাকিব: আমরা সবাই হতাশ, তবে এটি সবচেয়ে বেশি হতাশাজনক কি না, তা বলতে পারব না। যেকোনো ম্যাচে হারাটাই হতাশাজনক। পরিস্থিতি চিন্তা করলে এখানে ওদের কাছে হারাটা আরও বেশি হতাশার। তবে আমি জিম্বাবুয়ের কৃতিত্বকে খাটো করতে চাই না। ওরা অনেক ডিসিপ্লিনড ছিল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ওরা আমাদের আউটপ্লেড করে দিয়েছে। আবারও সেই একই প্রশ্ন, প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে কি মনে হয়েছে কখনো?সাকিব: আমরা ভেবেছিলাম, আমাদের প্রস্তুতিটা ভালোই হয়েছে। তবে যতই সময় গেছে, ততই বুঝতে পেরেছি আমাদের আরও ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন ছিল। বড় দৈর্ঘ্যের ম্যাচ এবং প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচ। আমরা কয়েকটি ম্যাচ খেলেছি, কিন্তু তা টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। প্রথম ইনিংসে আশরাফুলের ব্যাটিং ছাড়া এই টেস্ট থেকে আর কোনো ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন?সাকিব: এভাবে একটা ম্যাচ হারার পর ইতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, অ্যাশ ভালো খেলেছে। প্রথম ইনিংসে খুব ভালোভাবে ইনিংসটা গড়েছে। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করেছিল। তবে আমাদের জন্য সবচেয়ে হতাশার হলো, অনেক ব্যাটসম্যান সেট হয়েও আউট হয়ে গেছে। কেউ বড় স্কোর করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে আপনার আউটটি নিয়ে কী বলবেন? তখন তো বাংলাদেশের একটু ধরে খেলে অন্তত ড্র করার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু আপনি তো গিয়েই চালাতে শুরু করলেন...সাকিব: আমরা কখনো ড্রয়ের কথা চিন্তাই করিনি। আমরা শুধু জয়ের কথাই ভেবেছি। এটা ঠিক, আমি ইনিংসের শুরুতেই তাড়াতাড়ি বেশি শট খেলে ফেলেছি। আমার তা খেলা ঠিক উচিত হয়নি। তাহলে খেললেন কেন?সাকিব: দ্যাটস্ ক্রিকেট। কখনো কখনো এমন হয়ে যায়। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করার পরও আজ ৭ নম্বরে নামলেন কেন?সাকিব: আমরা নাইটওয়াচম্যান পাঠানোর কথা ভাবছিলাম। কিন্তু মুশি (মুশফিকুর) বলল, ও যেতে চায়। কারণ, প্রথম ইনিংসে ও সঙ্গ দেওয়ার মতো যথেষ্ট ব্যাটসম্যান পায়নি। ও উইকেটে আরও সময় কাটাতে চেয়েছিল বলে ৫ নম্বরে গেছে। এ কারণে আমি ৭ নম্বরে নেমেছি। আপনাদের ব্যাটিংয়ে টেস্ট ম্যাচের মেজাজটাই পাওয়া গেল না। ব্যাটসম্যানরা বেশি বেশি শট খেলে সব সময়ই আউট করার সুযোগ দিয়েছে। এই মানসিকতাটা কি ঠিক ছিল?সাকিব: আমরা আমাদের খেলার ধরন বদলাতে চাই না। তবে ব্যাটিংয়ের সময় আমাদের আরও অ্যাপ্লিকেশন দেখাতে হবে। আমাদের মধ্যে বড় ইনিংস খেলা বা বড় পার্টনারশিপ গড়ার মতো অ্যাপ্লিকেশন ছিল না। আরেকটা টেস্ট থাকলে কি ভালো হতো? তাহলে এই টেস্টের ভুলগুলো শুধরানোর সুযোগ পাওয়া যেত...সাকিব: আরও টেস্ট ম্যাচ থাকলে তো ভালোই হতো। তবে আমরা তো এই টেস্ট শুরুর আগেই জানতাম, এই সফরে একটাই টেস্ট ম্যাচ। টেস্ট শুরুর আগে তামিম ইকবাল বলেছেন, বাংলাদেশ সামর্থ্যের ৭০ ভাগ খেললেই জিতবে। কাল (পরশু) সংবাদ সম্মেলনে ব্রায়ান ভিটরিকে ‘অর্ডিনারি’ বলে গেছেন। আপনার কি মনে হয়, ওসব বলা ঠিক হয়েছে?সাকিব: আমি জানি না, কাল ও কী বলেছে। তবে আমি মনে করি, জিম্বাবুয়ের পেস বোলাররা টানা ভালো জায়গায় বল করে গিয়ে আমাদের ভুল করতে বাধ্য করেছে। আমার মনে হয় না, ওরা খুব অর্ডিনারি, তা হলে দুই ইনিংস মিলিয়ে পাঁচ শর মতো রানে আমাদের অলআউট করে দেয় কীভাবে!