‘আমরা তোমাকে ভুলিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্নার বেকেলহফট থেকে রবার্ট রুবচিচ। বাংলাদেশের ফুটবলে অনেক ভিন দেশি কোচেরই সমারোহ ঘটেছে। কেউ এসেছেন জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে, কেউবা মোহামেডান, আবাহনী, ব্রাদার্সের মতো ক্লাবগুলোর কোচ হয়ে। কিন্তু এঁদের মধ্যে একটি নাম এ দেশের ফুটবল ইতিহাসে মহীরুহের মতোই জ্বলজ্বল করছে। তিনি এসেছিলেন ইরান থেকে। নাসের হেজাজি তাঁর নাম। ১৯৮৭ সালে মোহামেডানের কোচ কাম গোলরক্ষক হয়ে এসে এদেশের ফুটবলকে রাঙিয়েছিলেন তিনি। আশির দশকে এ দেশের ঘরোয়া ফুটবলে যে মানের বিদেশি ফুটবলারের আবির্ভাব হতো, তাঁদের মধ্যে সবচেয়ে বড় তারকাই ছিলেন তিনি। বাংলাদেশের ফুটবলে খেলতে আসার আগে তাঁর ঝুলিতে ছিল এশিয়ার সেরা গোলরক্ষক হওয়ার স্বীকৃতি, সেই সঙ্গে ছিল ১৯৭৮ সালের বিশ্বকাপ ফুটবলে ইরানের হয়ে গোলবার সামলানোর অমূল্য অভিজ্ঞতা। ’৮৭ থেকে ’৯১ পর্যন্ত চার বছর মোহামেডানের কোচ হিসেবে এ দেশের ফুটবলে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। মোহামেডান তাঁর কোচিংয়েই এই সময়ের মধ্যে দুবার এশিয়ান ক্লাব কাপ ফুটবলের চূড়ান্তপর্বে খেলার গৌরব অর্জন করেছিল। তাঁর কোচিংয়েই মোহামেডান উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ ক্লাবের মতো দলকে হারিয়েছিল, হারিয়েছিল ইরানের পিরুজি ক্লাবকে। কাতারের আল-সাদ ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র, ইরানের ইশতেগলাল ক্লাবকে রুখে দেওয়া মোহামেডানের পক্ষে সম্ভব হয়েছিল তাঁর কোচিংয়েই। এ দেশের অনেক ফুটবল ব্যক্তিত্বই নাসের হেজাজিকে এ দেশের ফুটবলে যুগ বিবর্তনের কান্ডারি হিসেবে অভিহিত করেন। ১৯৮৯ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল জাতীয় দলের দায়িত্ব। ইসলামাবাদ সাফ গেমসে হেজাজির অধীনে বাংলাদেশ চূড়ান্ত সাফল্য না পেলেও চোখ ধাঁধানো ফুটবল উপহার দিয়ে উপমহাদেশের সেরা ফুটবল শক্তির স্বীকৃতি আদায় করে নিয়েছিল।সেই হেজাজি চলে গেছেন না ফেরার দেশে। দীর্ঘদিন ক্যানসারে ধুঁকছিলেন তিনি। গতকাল সব কষ্ট, সব দুর্ভোগকে পায়ে ঠেলে বিদায় নিয়েছেন এশিয়ার ফুটবলের অন্যতম সম্মানিত এ ব্যক্তিত্ব। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি ফুটবলের সঙ্গেই ছিলেন। ইরানের ঘরোয়া ফুটবলের বিভিন্ন ক্লাবের কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।হেজাজির মৃত্যুতে শোকসন্তপ্ত বাংলাদেশের ফুটবলাঙ্গন। সাবেক কয়েকজন ফুটবলার—যাঁরা হেজাজিকে খুব কাছ থেকে দেখেছিলেন, তাঁর অধীনে খেলেছিলেন, তাঁর মূল্যবান পরামর্শ পেয়ে নিজেদের ফুটবল ক্যারিয়ারকে ঋদ্ধ করেছিলেন—সেই সাবেক ফুটবলাররা প্রায় সবাই একবাক্যে স্বীকার করেছেন, বাংলাদেশের ফুটবল হেজাজির মতো একজন বড় ফুটবল-ব্যক্তিত্বের স্পর্শ পেয়ে ধন্য হয়েছে। এ দেশের ফুটবলকে এক নতুন দিগন্তের সন্ধানও দিয়েছিলেন তিনি। তাঁকে আরও কয়েক বছর বাংলাদেশের ফুটবলের দায়িত্বে রাখলে এ দেশের ফুটবলকে তিনি অন্য জগতেই নিয়ে যেতে পারতেন বলে আক্ষেপ সাবেক ফুটবলারদের।বাংলাদেশের ফুটবলের কিংবদন্তিতুল্য স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম হেজাজির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘তিনি ফুটবল-ব্যক্তিত্ব বা কোচ হিসেবে কী ছিলেন—সেটা নতুন করে বলার কিছু নেই। আল্লাহ তাঁকে যেন বেহেশত নসিব করেন। কারণ, তিনি মানুষ হিসেবে অনেক উঁচু দরের ছিলেন।’আসলাম কখনোই হেজাজির অধীনে খেলেননি। হেজাজি যখন মোহামেডানের কোচ ছিলেন আসলাম ছিলেন আবাহনীর অধিনায়ক। আসলাম ১৯৮৭ সালের আবাহনী-মোহামেডান লিগ ম্যাচের স্মৃতি হাতরে বলেন, ‘সেই ম্যাচে আমরা ড্র করলেই চ্যাম্পিয়ন। কিন্তু আবাহনী হেরে যায় ৩-২ গোলে। ম্যাচটিতে আবাহনী কেবল হেজাজির ট্যাকটিকসের কাছে পরাজিত হয়েছিল। আমি সেই ম্যাচে একটি গোল করেছিলাম। কিন্তু গোলটি করার পরপরই আমি একেবারে বোতলবন্দী হয়ে গেলাম। কায়সার, রণজিত আর কাজী কামাল আমাকে ঘিরে ধরল। সেদিন মোহামেডানের গোলরক্ষক কানন আহত হয়ে মাঠ ত্যাগ করার পর হেজাজি বদলি গোলরক্ষক হিসেবে মাঠে ছিলেন শেষ পর্যন্ত। আমার মনে হচ্ছিল, তিনি একাই ম্যাচটি আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছেন। হেজাজি নামার আগে কিন্তু আবাহনী আমার আর প্রেমলালের দেওয়া গোলে ২-১ গোলে এগিয়ে ছিল।’হেজাজির সঙ্গে ব্যক্তিগতভাবে অন্তরঙ্গ ছিলেন আসলাম। তিনি বলেন, ‘হেজাজি যত দিন মোহামেডানের কোচ ছিলেন, তত দিনই তাঁর খুব ইচ্ছা ছিল আমি মোহামেডানে খেলি। প্রায়ই তিনি আমাকে বলতেন, আসলাম তুমি মোহামেডানে চলে এসো।’আন্তর্জাতিক ফুটবলেও হেজাজির বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে আসলামের ১৯৮১ সালে কুয়েতে এশিয়ান কাপ বাছাইপর্বে ইরানের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় ৬-০ গোলে। সেই ম্যাচে মাঠের হেজাজিকে দেখেছিলেন আসলাম। তাঁর মতে, খেলোয়াড় হেজাজি, গোলরক্ষক হিসেবে ছিলেন বাজপাখির মতো। সেই ম্যাচে কয়েকটি নিশ্চিত হেড আমি মিস করেছিলাম কেবল হেজাজির সতর্কতার কারণে।’হেজাজি সম্পর্কে বলতে গিয়ে বেশ আবেগপ্রবণই হয়ে গেলেন আরেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিব। নকিবের সাফ কথা, ‘দেখুন হেজাজি ছিলেন আমার ওস্তাদ। আমি যে নকিব, আমি জাতীয় দলে ১০ বছর খেলেছি, আমাকে সবাই চেনে—এসবই সম্ভব হয়েছে নাসের হেজাজির জন্য। তিনি আমাকে সন্তানের মতোই স্নেহ করতেন। তাঁর মৃত্যুতে আমি আমার পিতাকেই হারিয়েছি।’১৯৯০ সালে মোহামেডানের বাইন্ডিং খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নকিব। তিনি বলেন, ‘ওই সময় হেজাজি আমার ওপর আস্থা রেখেছিলেন। আমার বয়স তখন খুবই কম। আমার ফুটবল সেন্স, স্কিল, সবই তৈরি করে দিয়েছিলেন হেজাজি। তাঁর জন্যই আমি মোহামেডানের হয়ে নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলাম। অথচ সেই সময়ে মোহামেডানে খেলতেন সম্রাট হোসেন এমিলির মতো স্ট্রাইকার। খেলতেন মোস্তফা কামাল।’বাংলাদেশের ফুটবল ইতিহাসের আরেক কিংবদন্তি খন্দকার ওয়াসিম ইকবালের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃখ হেজাজির অধীনে দীর্ঘদিন খেলতে না পারা। তিনি বলেন, ‘একবার মোহামেডানের অতিথি খেলোয়াড় হিসেবে এশিয়ান ক্লাব কাপে খেলতে ইরান গিয়েছিলাম। হেজাজি তখন কোচ। তিনি খুবই ডিসিপ্লিন্ড পার্সোনালিটি ছিলেন। একটি ম্যাচের আগের দিন আমি আর কায়সার হোটেলের বাইরে গিয়েছিলাম ঘোরাঘুরি করতে। হোটেলে ফিরেই হেজাজির সামনে পড়লাম। মনে আছে, প্রচণ্ড বকা খেয়েছিলাম। বলেছিলেন, তুমি আর কায়সার দুজনই বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুটবলার। তোমাদের কাছ থেকে আমি এমনটা আশা করিনি।’ওয়াসিম বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে হেজাজি বাংলাদেশের ফুটবলকে অন্য মাত্রা দিয়েছিলেন। তিনি খুবই ট্যাকটিক্যাল কোচ ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯১—এ চার বছর বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও খুব ভালো ফুটবল খেলেছিল। এর নেপথ্যে ছিলেন এ হেজাজি।