
খেলোয়াড় ও কোচ হিসেবে আফ্রিকান নেশনস কাপ জিতেছেন৷ আর মাত্র একজনেরই আছে এই অর্জন৷ বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোচ হিসেবে এবারই প্রথম পা রাখছেন। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে নাইজেরিয়া কোচ স্টিফেন কেশি বললেন বিশ্বকাপ ও তাঁর ফুটবল দর্শন নিয়ে
২০১৩ আফ্রিকান নেশনস কাপ জেতার পরেই আপনি বলেছিলেন ২০১৮ বিশ্বকাপকে মাথায় রেখেই একটা নতুন একটা দল বেছে নিয়েছেন। এই নাইজেরিয়া কি ব্রাজিল ২০১৪ নাকি ২০১৮-এর জন্য?
স্টিফেন কেশি : অবশ্যই, এই দলটা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের জন্যই৷ এটি এখনো গড়ে ওঠার প্রক্রিয়ায় আছে। আগামীকালও যদি আমি একজন দারুণ মানের শীর্ষ পর্যায়ের খেলোয়াড় পাই, আমি তাকে সঙ্গে সঙ্গেই দলে নিয়ে নেব। প্রক্রিয়াটা আসলে কখনোই থামবে না। দুই বছর ধরে আমি এই কাজ করছি, তার পরও বলতে পারব না যে, আমি খেলোয়াড়দের সঙ্গে লম্বা সময় কাটানোর সুযোগ পেয়েছি। আন্তর্জাতিক খেলা থাকলেই শুধু কাজ করতে পেরেছি।
নতুনদের নিতে গিয়ে আপনি দল থেকে কয়েকজন প্রতিষ্ঠিত খেলোয়াড় বাদ দিয়ে দিয়েছেন। এটা কি একধরনের জুয়া খেলা?
কেশি: আমার তা মনে হয় না। মাঠে একজন খেলোয়াড় নামানোর আগে আমি জানি সে কী করতে পারে, জানি ওর আত্মবিশ্বাস কতটুকু। অনেকেই হয়তো এটাকে ঝুঁকি মনে করতে পারে, কারণ তারা একেবারেই অনভিজ্ঞ কিছু খেলোয়াড় দেখছে। কিন্তু আমি এই খেলোয়াড়দের সঙ্গে কিছু সময় কাজ করেছি, জানি ওরা কী করতে পারে। ওদের ওপর আমার আস্থা আছে।
এই অল্প পরিচিত খেলোয়াড়দের খুঁজে বের করলেন কীভাবে?
কেশি: বুদ্ধি কাজে লাগিয়ে আমি অমন খেলোয়াড় খোঁজার চেষ্টা করি, এটাই মূল ব্যাপার৷ বুদ্ধি থাকলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়বে। ‘হারতে চাই না’—এই মনোভাবটা খেলোয়াড়দের মধ্যে আছে কি না, আমি তা দেখি। কারও মধ্যে সেটি দেখলেই তাকে দলে নিতে রাজি। জয়ের মন্ত্রটা আমি খেলোয়াড়দের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে ওরা তা উপভোগ করবে। আপনার মধ্যে তাড়না ও জিগীষার সমন্বয় থাকলে সবকিছুই সহজ হয়ে যায়।
আপনারা তো আফ্রিকান চ্যাম্পিয়ন। এটা কি বাড়তি চাপ?
কেশি: এটা সত্যি, নাইজেরিয়ানদের প্রত্যাশা অনেক৷ কিন্তু এটা আতঙ্কিত হয়ে পড়ার মতো কিছু নয়। আমি যেভাবেই চাপটা নিই না কেন, সেটি নিয়ে যখন মানুষ কথা বলে, আমি সবাইকে মনে করিয়ে দিই, ফুটবলে তিনটা জিনিসই শুধু হতে পারে—জয়, হার বা ড্র৷ যে ফলই হোক, আপনাকে সেটি মেনে নিয়েই এগোতে হবে। আমাকে ও খেলোয়াড়দের শুধু নিজেদের কাজের ওপর মনোযোগ দিতে হবে। আমি এখনো শিখছি। এবং যা পেয়েছি তাতে আমি খুশি।
নেশনস কাপের সাফল্য কি একটু দ্রুতই পেয়ে গেলেন?
কেশি: না, না, আমাদের পরিকল্পনামতোই সব হয়েছে। এটা নিয়ে আমরা দম্ভ করি না৷ কাপ জেতা ছিল আমাদের স্বপ্ন।
নাইজেরিয়ার কোচের দায়িত্ব অনেক সময় দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়৷ তেমন সময় আপনি কীভাবে পেরিয়ে এলেন?
কেশি: দুঃস্বপ্নের ব্যাপারটা নিয়ে আমি ভাবিত নই। তবে নাইজেরিয়ার সবাই নয়, ক্ষুদ্র একটা মহলই দলের ক্ষতি করতে চায়। ওরা এমনও চায়, দল যেন ঠিকমতো খেলতে না পারে। কিন্তু ওদের উপেক্ষা করেই আমরা সামনে এগোচ্ছি।
এসব ঝামেলার পেছনে এত সময় দেওয়াটা কি হতাশাজনক?
কেশি: খুব একটা না। ওদের পাত্তা না দিলেই হলো।
বিশ্বকাপে নাইজেরিয়া কেমন ফুটবল খেলবে?
কেশি: খেলোয়াড় হিসেবে আক্রমণ ছিল আমার পছন্দ। মানুষ মাঠে এসে দলের খেলা উপভোগ করছে, মজা করছে, এটা আমার পছন্দ। আমি চাই না, জীবন-মরণ ম্যাচ নিয়ে খেলোয়াড়েরা চিন্তায় কাতর হয়ে পড়ুক৷ খেলোয়াড়দের বলি, খেলাটা উপভোগ করতে। এবং নিজেদের লক্ষ্যটা যেন মাথায় থাকে।