‘আমরা শ্রীলঙ্কার চেয়ে ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালে তো অনেক দর্শক আসবে। তো কী ভাবছেন এই ফাইনাল নিয়ে?বীরেন্দর শেবাগ: ফাইনাল খেলছে ভারত-শ্রীলঙ্কা। আমার তো মনে হয় না খুব বেশি দর্শক হবে। দেখা যাক, কত দর্শক আসে খেলা দেখতে। আমরা চেষ্টা করব জেতার। কিছুদিন থেকেই এই দু দল নিয়মিত খেলছে। আর আমরা প্রমাণ করেছি, আমরা শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো। আশা করি, গত কিছুদিনের ধারাবাহিকতা ফাইনালেও বজায় থাকবে। গত দু দিন প্র্যাকটিসে আসেননি, ম্যাচও খেলেননি। পুরো ব্যাপারটা নিয়েই একটু ধোঁয়াশা আছে, একটু পরিষ্কার করবেন? শেবাগ: আমি স্রেফ বিশ্রাম নিচ্ছিলাম। টিম ম্যানেজমেন্ট আমাকে বিশ্রাম দিয়েছে আর সময়টা আমিও উপভোগ করেছি। এই তো, এর বেশি কিছু নয়। আশা করি, আবার পুরো উদ্যমে ফিরতে পারব। পুরো টুর্নামেন্টে যা দেখা গেছে, টসটা কি ফাইনালেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে বলে মনে করছেন?শেবাগ: তা তো অবশ্যই। তবে টস আপনাকে ম্যাচ জেতাবে না। ম্যাচ জিততে হলে ভালো খেলে, পারফর্ম করেই জিততে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে ভালো করেই ম্যাচ জিততে হবে, টস জিতে নয়। টস দু দলকেই কিছুটা সাহায্য করবে, তবে শেষ পর্যন্ত জিততে হলে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। তরুণেরা যেভাবে খেলছে এবং সুযোগ লুফে নিচ্ছে, এটাকে কীভাবে দেখছেন?শেবাগ: আমরা আগেই বলেছিলাম তরুণদের জন্য এটা হতে যাচ্ছে ভালো সুযোগ। ওরা সুযোগটা কাজে লাগাতে পেরেছে, এটা দলের জন্য ভালো। দলে এখন অনেক বিকল্প। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, এরপর ২০১১ বিশ্বকাপ আসছে। তরুণেরা ভালো করায় সিনিয়রদের এখন পর্যাপ্ত বিশ্রাম দেওয়া যাচ্ছে। আমি যেমন গত দু ম্যাচে বিশ্রাম নিলাম। এতে অন্যদের সুযোগ মিলেছে। দীনেশ কার্তিক ভালো করেছে, বিরাট কোহলি তো রান করেই যাচ্ছে। এসব কিছুই দলের জন্য ভালো। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির সেঞ্চুরির পর আপনি বলেছিলেন, কোহলির উচিত সুযোগটাকে এভাবেই কাজে লাগানো। সে যেভাবে খেলছে, কীভাবে দেখছেন এটাকে?শেবাগ: এই টুর্নামেন্টে ও একটা ৭০, একটা ৯০, আর একটা সেঞ্চুরি পেয়েছে। এর চেয়ে ভালো আর কী হতে পারে! নিজের ফর্মটাকে ও কাজে লাগাচ্ছে। আশা করি, ফাইনালে ও আরেকটা ভালো ইনিংস খেলবে আর আমরা চ্যাম্পিয়ন হব। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ভারতের বোলিংটা অনেক ভালো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আবার একটু এলোমেলো। ফাইনালে কেমন বোলিং আশা করছেন?শেবাগ: দেখুন, এই বোলাররাই শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করেছে। তাদের সামর্থ্য নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আশা করি ফাইনালেও তারা ভালো করবে এবং দলকে জেতাবে। প্রথম ম্যাচে আপনারা হারলেন, এরপর তিন ম্যাচ জিতে ফাইনালে উঠলেন। টুর্নামেন্টে দল যেভাবে খেলেছে, তাতে আপনি কি সন্তুষ্ট?শেবাগ: অবশ্যই। খেলায় হারজিত থাকবেই, আপনি প্রতিটি ম্যাচই জিততে পারবেন না। এমন যদি হতো আমরা ম্যাচের পর ম্যাচ হারছি, তাহলে একটা কথা ছিল। কিন্তু যতক্ষণ আমরা ম্যাচ জিতছি, ততক্ষণ সবই ঠিক আছে। আমরা ভালো করছি, আশা করি ফাইনালেও ভালো করব। এই টুর্নামেন্টে ২৭০-৮০ রানও তো খুব সহজেই চেজ করে ফেলেছে দলগুলো। তো প্রথমে ব্যাটিং করলে কত রানকে নিরাপদ মনে করছেন?শেবাগ: কোনো স্কোরই আসলে নিরাপদ নয়। রাজকোটে তো দেখেছেন, আমরা ৪১৪ রান করার পরও সেটি তাড়া করে শ্রীলঙ্কা প্রায় জিতে গিয়েছিল। কোনো কিছু অনুমান করা তাই অসম্ভব। হয়তো ৩৫০-৩৬০ এখানে ভালো স্কোর। এই যে এত রানও তাড়া করে ফেলছে দলগুলো, এতে টি-টোয়েন্টির কি কোনো ভূমিকা আছে?শেবাগ: হ্যাঁ, ব্যাটসম্যানদের মানসিকতার পরিবর্তন হয়েছে। তারা এখন ভাবতে পারে, আমরা ৪০০ রানও তাড়া করতে পারি। টি-টোয়েন্টিই আসলে ব্যাটসম্যানদের মানসিকতার পরিবর্তন করে দিয়েছে। ভারতের গত বছরটা খুব ভালো গেছে। বছরের প্রথম টুর্নামেন্ট জিতে এই বছরটাও সে রকম কিছু করতে চান?শেবাগ: আমরা ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ ভাবছি। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা। গত বছর আমরা এক নম্বরে উঠেছি, কিন্তু আমাদের মাথায় কিন্তু কখনো সেটা ছিল না। আমরা চেয়েছি, যেসব জায়গায় ঘাটতি আছে সেগুলোতে মনোযোগ দিতে। আমাদের কাছে ভালো খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।