‘আমরা সবকিছু পরে বুঝি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজে হঠাৎ অধিনায়কত্ব পেয়ে সিরিজ জিতিয়েছেন। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করায়ও নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এখন দেখছেন মুদ্রার উল্টো পিঠটাও। জিম্বাবুয়ে সফরে হার আর হার, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও এখন চোখ রাঙাচ্ছে। শুধুই মান বাঁচানোর শেষ দুই ম্যাচের আগে কী ভাবছেন অধিনায়ক? কাল সকালে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সাকিব আল হাসান প্রথম দুই ম্যাচে যা-তা পারফরম্যান্সের পর তৃতীয় ম্যাচটা তো একটু ভালো হলো, তাই না?সাকিব আল হাসান: এই ম্যাচটায় আমরা ফাইট করেছি। কখনোই ছেড়ে দিইনি। এটা বলছি না যে, প্রথম দুই ম্যাচে আমরা ছেড়ে দিয়েছি। তবে আমার মনে হয়, ওই দুই ম্যাচে লড়াকু মানসিকতার একটু অভাব ছিল। কিন্তু এর উল্টো দিকটাও তো আছে। ১৯ বলে মাত্র ২৪ রান দরকার, হাতে ৫ উইকেট—ওই অবস্থা থেকে হেরে যাওয়ায় তৃতীয় ম্যাচে পরাজয়টা কি বেশি কষ্ট দেয়নি?সাকিব: সব হারেই কষ্ট লাগে। সেটা ১০০ রানেই হোক বা ১ রানে। এই ম্যাচে আমাদের ব্যাটিং-বোলিং ভালোই হয়েছে, কিন্তু ফিল্ডিংটাই আমাদের ডুবিয়েছে। সেই ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি, ক্যাচেস উইন ম্যাচেস। অথচ টাইবু এতবার ক্যাচ দিয়ে ৮৩ করে ফেলল। চিগুম্বুরারও ক্যাচ পড়ল। ক্যাচগুলো না পড়লে হয়তো ওদের ২২০ রান হতো। সিরিজ তো জিম্বাবুয়ে জিতেই গেছে। শেষ দুই ম্যাচ তো এখন শুধুই আনুষ্ঠানিকতা। এ থেকে আর কী পাওয়ার আছে?সাকিব: সিরিজ হেরে গেলেও যদি ভালোভাবে শেষ করতে পারি, সেটি খুব ভালো হবে। সব নেগেটিভের মধ্যে পজিটিভ কিছু আসবে। একটা ম্যাচ জিতলেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তা ছাড়া সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সিরিজ। শেষ দুটি ম্যাচ জিতলে সেখানেও কাজে আসবে। কিন্তু সিরিজ হেরে যাওয়ার পর দলকে অনুপ্রাণিত করা কি কঠিন নয়? অধিনায়ক হিসেবে কীভাবে দলকে অনুপ্রাণিত করছেন?সাকিব: অনুপ্রাণিত হওয়ার তো অনেক কিছু আছে। জিতলেই তো আরেকটি ম্যাচ জিতলাম। ব্যক্তিগতভাবেও সবার অনেক কিছু পাওয়ার আছে। আমি সবাইকে অনুপ্রাণিতই দেখছি। কারও মধ্যেই ‘দেশে ফিরে গেলেই বাঁচি’ এমন ভাব দেখছি না। বাংলাদেশ তো এই সিরিজে হোয়াইটওয়াশও হয়ে যেতে পারে। এই ভয় কি পাচ্ছেন?সাকিব: এমন চিন্তা করছি না। এখানে (বুলাওয়েতে) আমাদের ভালো স্মৃতি আছে। ব্যাটসম্যানদের অনেকেই এখানে বড় ইনিংস খেলেছে। সেই আত্মবিশ্বাসটা কাজে লাগবে। হারারেতে তো শুধুই হারছিলাম। বিশ্বকাপ বাদ দিলে অধিনায়ক হিসেবে যা ছুঁয়েছেন, তাই সোনা হয়ে গেছে। এবার তো মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়ে গেল। অভিজ্ঞতাটা কেমন?সাকিব: মেনে নেওয়া কঠিন। বিশেষ করে ওদের সঙ্গে এভাবে হারা মেনে নেওয়া আরও কঠিন। তবে আমি মনে করি, একটা ম্যাচ জিতলে যত শেখা যায়, হারলে তার চেয়ে বেশি শেখা যায়। ভবিষ্যতের জন্য অনেক শিখেছি। আপনিও নিশ্চয়ই মনে মনে উত্তর খুঁজছেন, এই ব্যর্থতার কী কারণ খুঁজে পেলেন?সাকিব: আমার মনে হয়, আমরা সবাই ভেবেছি, কেউ না কেউ কাজটা করবে। কেউ এটা ভাবিনি যে ‘আমিই করব’। এর আগে ওদের বিপক্ষে যখনই খেলেছি, কেউ না কেউ বড় ইনিংস খেলেছে। এবার সেই দায়িত্বটা কেউ নেয়নি। আমি বলছি না, কেউ চেষ্টা করেনি। কেউই তো আউট হতে চায় না। তবে বাড়তি যে একটা প্রতিজ্ঞার ব্যাপার থাকে, সেটি ছিল না। হতে পারে, গত পাঁচ বছরে ওদের কাছে হারিনি বলে আমরা বোধহয় একটু রিলাক্সড ছিলাম। নিশ্চিত করে বলা কঠিন, কারণ আমি তো সব খেলোয়াড়ের মনের কথা বলতে পারব না। একটা অভিযোগ আছে, হেরে গেলেও বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা মন খারাপ দেখা যায় না। এখানেই যেমন প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের দ্বিতীয় দলের কাছে হারার পরও কারও মধ্যেই নাকি কোনো হেলদোল দেখা যায়নি। কথাটা ঠিক?সাকিব: প্রস্তুতি ম্যাচে অত মন খারাপ করার কিছু ছিলও না। তবে সত্যি কথা হলো, অনেক সময় একটা কিছু হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি, কী সুযোগটা নষ্ট করেছি। টেস্ট ম্যাচের কথাই ধরুন না, আমরা মাত্র তিনটা টেস্ট ম্যাচ জিতেছি। জিতলে মাত্র চতুর্থ জয় হতো। হারার পর সবাই বুঝতে পেরেছে, এমন সুযোগ আবার কবে আসবে কে জানে! আমরা সবকিছু পরে বুঝি, সবাই আগে বুঝতে পারলে ভালো হয়। ওয়েস্ট ইন্ডিজের সিরিজের আগে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বলে মনে করেন?সাকিব: একটা শিডিউল সম্ভবত করা হয়েছে। আসলে এই সিরিজের আগে স্কিল ট্রেনিংটা যথেষ্ট হয়নি। ১৫ দিনের মতো স্কিল ট্রেনিং হয়েছে। তিন মাস গ্যাপের পর আমরা আবার খেলছি, ব্যাটিং-বোলিং নিয়ে আরও কাজ করা প্রয়োজন ছিল।