অনেক অনিশ্চয়তার পর অবশেষে আজ মাঠে নামছে ১১তম জাতীয় লিগ। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেনের আশা, সব বিতর্কের অবসান ঘটিয়ে নতুন ফরম্যাটের জাতীয় লিগ দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে আনবে প্রতিদ্বন্দ্বিতা, লিগ হবে জমজমাট অবশেষে জাতীয় লিগ শুরু হচ্ছে। আর্থিক কিছু দাবি নিয়ে ক্রিকেটারদের বিদ্রোহের পর শেষ পর্যন্ত ঠিক কী ধরনের পরিস্থিতিতে শুরু হচ্ছে লিগটা?গাজী আশরাফ হোসেন: শেষ পর্যন্ত ভালোভাবেই শুরু হচ্ছে। সবগুলো দলেরই প্রথম ১৪ জন খেলোয়াড়ের তালিকা আমরা হাতে পেয়েছি। প্রথম ম্যাচের জন্য এই খেলোয়াড়দেরই বিবেচনা করা হবে। কিন্তু এমন কিছু খেলোয়াড়ও তো আছেন যাঁরা গত লিগে ভালো খেলেও এবার নিজ বিভাগের দলে সুযোগ পাচ্ছেন না। তাঁদের খেলার ব্যাপারে আপনারা কী করবেন?গাজী আশরাফ: সত্যি বলতে কি খেলোয়াড় তালিকাগুলো অনেক দেরিতে হাতে পেয়েছি আমরা। এগুলো পর্যবেক্ষণ করব আমরা। যদি সে রকম কিছু চোখে পড়ে অবশ্যই আমরা সেটা দেখব এবং বিভাগের কাছ থেকে এর সদুত্তর আশা করব। গত লিগে তৃতীয় সর্বোচ্চ রান করার পরও এবার খুলনা বিভাগ তুষার ইমরানকে নিচ্ছে না...গাজী আশরাফ: বোর্ডের পক্ষ থেকে খুলনার কাছে অনুরোধ গেছে যাতে তুষারকে দলে নেওয়া হয়। বোর্ড একই সঙ্গে তুষারের বিরুদ্ধে বিভাগের কোনো অভিযোগ থাকলে সেটাও জানতে চেয়েছে বিভাগের কাছে। এই অনুরোধের পর খুলনা বিভাগ টুর্নামেন্ট কমিটিকে জানিয়েছে, পরবর্তী ম্যাচে তুষার দলের সঙ্গে যোগ দেবে। জাতীয় লিগ নিয়ে বোর্ড এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াব অনেকটা মুখোমুখি দাঁড়িয়ে গেল। একপর্যায়ে বোর্ড থেকে বলা হলো, কোয়াবকে আপনারা স্বীকৃতিই দেন না। একজন সাবেক ক্রিকেটার হিসেবে এ ব্যাপারে আপনার বক্তব্য কী?গাজী আশরাফ: লিগ শুরু হচ্ছে। এই মুহূর্তে এ ধরনের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। জাতীয় লিগের নতুন ফরম্যাট নিয়েও কথা হচ্ছে অনেক। এই ফরম্যাট কীভাবে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বলে মনে করেন?গাজী আশরাফ: টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমি ছয়টি বিভাগীয় দলের সঙ্গেই এটা নিয়ে আলোচনা করেছি। সবাই একমত, আগের ফরম্যাটে লিগটা শেষ পর্যন্ত ঝুলে যায়, কোনো আকর্ষণ থাকে না। প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই দুই বছর আগে আমরা বোনাস পয়েন্ট প্রবর্তন করি। এবার আনা হয়েছে ফরম্যাটে পরিবর্তন। এর ফলে প্রথম পর্বের প্রতিটি দলই দ্বিতীয় পর্বে যেতে চাইবে, দ্বিতীয় পর্বে যাওয়া দলগুলোর লক্ষ্য থাকবে ফাইনালে যাওয়া। নিজেদের সেরা দল হিসেবে প্রমাণ করা। খেলোয়াড়েরা এবার আর্থিক সুবিধা বাড়ানোর দাবি করেছিলেন। ভবিষ্যতে কি বিষয়টা বিবেচনা করে দেখবেন আপনারা?গাজী আশরাফ: অবশ্যই। আমরাও চাই খেলোয়াড়দের আয় বাড়ুক। বোর্ডের আয় বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছে আছে জাতীয় দলের সঙ্গে ‘এ’ দল, একাডেমি দল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা ক্রিকেটারদের আয়ের সামঞ্জস্য আনা। আমার পক্ষ থেকে বোর্ডের কাছে এ রকম প্রস্তাব সব সময়ই থাকবে। প্রতিবারই জাতীয় লিগের মাঠ-উইকেট নিয়ে খেলোয়াড়দের অভিযোগ থাকে। এবার সেদিক দিয়ে আপনারা কতটা প্রস্তুত?গাজী আশরাফ: লিগের প্রথম দিকের ম্যাচগুলোর জন্য মিরপুর এবং চট্টগ্রামের মাঠ না পাওয়ায় অন্য মাঠগুলোর ওপর একটু বেশি চাপ পড়ে যাচ্ছে এবার। বরিশাল ও সিলেটের মাঠের আউটফিল্ডও এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তারপরও আমাদের কিউরেটররা তাঁদের সীমাবদ্ধতার মধ্যেই সর্বাত্মক চেষ্টা করেছেন। জাতীয় লিগের স্পনসর কি পাওয়া গেছে?গাজী আশরাফ: এটিএন রেকর্ড নামে একটা প্রতিষ্ঠানকে স্পনসর খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। হয়তো অচিরেই আমরা একটা সুখবর পাব। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন এবার আমাদের মিডিয়া পার্টনার। ওয়ানডে, টি-টোয়েন্টিসহ জাতীয় লিগের বেশ কিছু খেলা এবার টেলিভিশনে সরাসরি দেখানো হবে বলে আশা করি।