‘আমরাও সতর্ক আছি’
শেষ টেস্টই শুধু নয়, চট্টগ্রামের ড্র আজ শুরু ঢাকা টেস্টকে দিচ্ছে সিরিজ নির্ধারণী টেস্টের মর্যাদা। তাতে জয় চান এ মাঠেই টি-টোয়েন্টির জয় দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। জয় চান ওয়ানডে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিও। কাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়কই বলেছেন সিরিজ জয়ের লক্ষ্যের কথা ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য এই টেস্ট কতটা গুরুত্বপূর্ণ?ড্যারেন স্যামি: আমরা চাই ফলাফল সব সময় আমাদের পক্ষেই আসুক। দল হিসেবে তাই সব টেস্টই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আগামীকাল (আজ) শুরু ম্যাচের ক্ষেত্রেও একই কথা। ভালোভাবে শুরু করতে চাই ম্যাচটা। প্রতিটা সেশনেই সেরা খেলা খেলে টেস্ট জিততে চাই। মুশফিকুর রহিম বলেছেন, এই টেস্ট আপনাদের জন্য জীবন-মরণ লড়াই। আপনি কী বলবেন?স্যামি: জীবন-মরণ ম্যাচ! আমার সে রকম মনে হয় না। না জিতলে হয়তো আমরা আবারও পয়েন্ট হারাব, তবে বাংলাদেশের মতো আমরাও তরুণ দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই আমাদের ধারাবাহিক হতে হবে। ভালো খেললে জয় নিয়ে ফেরা সম্ভব। সিরিজ নির্ধারণী টেস্ট। একটু কি চাপে আছেন?স্যামি: চাপ সব ম্যাচেই থাকে। এটি নিয়েই সঠিক পথে এগিয়ে যেতে হবে, ব্যাট-বলের লড়াইয়ে জিততে হবে। আমরা এখানে আসার সময়ই জানতাম, এটা যথেষ্ট কঠিন সিরিজ হবে। বাংলাদেশে এসে বাংলাদেশের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। প্রতিটি পদক্ষেপেই তারা আমাদের বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে। আমরা তাই দেখছি, কোনো কোনো জায়গায় উন্নতি করা যায়। এই টেস্টে ভালো খেলতে সবাই মুখিয়ে আছে। উইকেট কেমন হবে বলে আশা করছেন?স্যামি: উইকেট দেখেছি...ওয়ানডের উইকেটগুলোর তুলনায় একটু শুকনোই মনে হলো। ইংল্যান্ডে গেলে আপনি ওখানকার উইকেট থেকে সুইং আশা করবেন বা অস্ট্রেলিয়ায় গেলে আশা করবেন পেস আর বাউন্স। একইভাবে উপমহাদেশে এলে উইকেটে স্পিন হবে বলেই ধরে নেবেন। আমরাও সে ব্যাপারে সতর্ক আছি। স্পিনারদের বল খুব ভালো খেলতে হবে, বুঝে খেলতে হবে। এই উইকেটে আপনাদের স্পিন আক্রমণ কেমন হবে?স্যামি: শিলিংফোর্ড আছে, বিশেষজ্ঞ স্পিনার ও। আর গত টেস্টে মারলন যা করল, যেকোনো অধিনায়কই তাতে খুশি হবে। প্রথম ইনিংসের শেষ দিকে বিশুর একটু সমস্যা হয়েছে। তবে স্পিন আর পেস বোলিংয়ে আমাদের ভালো ভারসাম্য আছে। বাংলাদেশের বিপক্ষে কেমার রোচের অতীত ভালো। দলে ভালো ভালো অনেক বোলারই আছে। সেখান থেকে ভালো একটা বোলিং আক্রমণ বেছে নেওয়া হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভালো কিছু স্মৃতি জমেছে আপনাদের। সেটাও নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা রাখবে...স্যামি: এই মাঠটা চট্টগ্রামের মাঠের মতো না। এখানে আমাদের ভালো স্মৃতি আছে, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে এখনো কোনো ম্যাচ হারিনি এ মাঠে, এটাও আত্মবিশ্বাস বাড়াচ্ছে। চট্টগ্রামের মাঠে এর আগে আমাদের কেউ কোনো ম্যাচ খেলেনি, তবে ঢাকার মাঠ আমরা ভালোই চিনি। সিরিজে দলের পেস বোলারদের পারফরম্যান্সে খুশি?স্যামি: ওয়ানডেতে বোলাররা ভালো করেছে। এই উইকেটে ফাস্ট বোলারদের করার কিছু নেই, তবু আমরা ওদের কম রানে আটকাতে পেরেছি। ও রকম ফ্লাট উইকেটেও একজন ব্যাটসম্যান মাথায় আঘাত পেল! তার মানে আমাদের ফাস্ট বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। দলের ইনজুরির অবস্থা কী?স্যামি: চন্দরপল ও সিমন্সের ইনজুরি ছিল। তবে স্ক্যান করার পর দেখা গেছে কারও সমস্যাই গুরুতর নয়। দুজনই খেলার জন্য বিবেচনাধীন।