'আমাকে আমার মতো...'

মারিও বালোতেল্লি সিনেমার নায়ক নন। নইলে হয়তো বলেই ফেলতেন, ‘আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।’ ঠিক এই কথাগুলো বলেননি বটে, কিন্তু কাল যা বললেন তার সারমর্ম এটাই। এসি মিলান স্ট্রাইকার তাঁকে নিজের মতো থাকতে দেওয়ার জন্য একরকম মিনতিই করলেন ইতালিয়ান গণমাধ্যমের কাছে।
কিছুদিন ধরেই ইতালিয়ান পত্রপত্রিকা সয়লাব ‘সুপার মারিও’র ছবিতে। গত সপ্তাহে এক বছর বয়সী মেয়ে পিয়ার পিতৃত্ব স্বীকার করে নিয়ে শিরোনাম হন। নাপোলির সঙ্গে ম্যাচের পর ফল ছাপিয়ে আবারও আলোচনায় বালোতেল্লি। দল যখন হারছিল, তখন সাইডবেঞ্চে বসে অশ্রুসিক্ত এই স্ট্রাইকার! ধারণা করা হচ্ছিল, গোল করে মেয়েকে সেটি উৎসর্গ করতে না-পারার ‘ব্যর্থতাতেই’ এই অশ্রুবিসর্জন।
এসবই মাঠের বাইরের খবর। মাঠেও তো কিছু একটা করতে হবে। পরশু সেটা করলেন তাঁর মতো করেই। ৮৬ মিনিট পর্যন্ত সিরি ‘আ’তে মিলান-বোলোনিয়া ম্যাচ গোলশূন্য। এরপরই বালোতেল্লি-ঝলক। ৩৯ মিটার দূর থেকে বুলেট গতির এক শট থেকে গোল করে বসলেন। সেটাই জয় এনে দিয়েছে মিলানকে। মিলান সভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি তো বলেই ফেলেছেন, ‘এটা বছরের সেরা গোল।’ অথচ গোল করে কোনো উদ্যাপনই করেননি খ্যাপাটে স্ট্রাইকার। একটা বার্তাই কি দিতে চেয়েছিলেন বালোতেল্লি?
আসলেই, ম্যাচ শেষে সেটা বললেনও, ‘মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করছে। আমি এটা না করার পরামর্শ দেব। কারণ আমি ইতালির স্ট্রাইকার। আমাকে নিজের মতো থাকতে না দিলে মাঠে ভালো খেলতে পারব না।’ এএফপি।