‘আমাকে কোচ কিছুই জানাননি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ বঙ্গবন্ধু সাফ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা (৪টি) তিনি। দক্ষিণ এশীয় গেমসেও দুটি গোল করেছেন এনামুল হক। কিন্তু এএফসি চ্যালেঞ্জ কাপের জর্জেভিচের দলে জায়গা পাননি এই স্ট্রাইকার। বাদ পড়ার পর জানালেন নিজের প্রতিক্রিয়া আপনি চ্যালেঞ্জ কাপের দলে নেই...এনামুল হক: ব্যাপারটা ভাবতেই খুব খারাপ লাগছে। কিন্তু কী আর করা। কোচ যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। উনি হয়তো তাঁর সেরা দলটাই গড়ার চেষ্টা করেছেন।  বাদ পড়ার জন্য কি হতাশ?এনামুল: না। আমার মধ্যে কোনো হতাশা কাজ করছে না। নিজেকে যদি আবারও প্রমাণ করতে পারি, তাহলে অবশ্যই আবারও জাতীয় দলে খেলব। সেই আত্মবিশ্বাস আমার আছে।  দেশের হয়ে আপনি কতগুলো ম্যাচ খেলেছেন? গোল কতগুলো?এনামুল: আমি এ পর্যন্ত ১২টি আন্তর্জাতিক ম্যাচে ৮টি গোল করেছি। এ ছাড়া যতগুলো টুর্নামেন্টে খেলেছি সবগুলোতেই গোল করেছি।  এখন আপনার লক্ষ্য কী? এনামুল: এখন আমার লক্ষ্য বাংলাদেশ লিগে ভালো খেলা। ক্লাবে এরই মধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছি। ক্লাব ফুটবলেই পুরো মনোযোগ আমার।  আপনার কাছে কী মনে হয়, কোন কারণে বাদ পড়লেন?এনামুল: কোন কারণে বাদ পড়লাম সেটা হয়তো যিনি বাদ দিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন। আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না, কেন আমি দলে নেই। কোচ কি আলাদাভাবে ডেকে আপনাকে বলেছিল যে তুমি এ জন্য দলে নেই?এনামুল: না। আমাকে কোচ কিছুই জানাননি। আমি আমিনুল ভাইয়ের কাছে প্রথম এই খবরটা পাই। উনিই আমাকে বলেছিলেন যে শ্রীলঙ্কা দলে তুমি নেই।  কোচকে কেমন মনে হয়েছে আপনার?এনামুল: কোচের ব্যাপারে কী বলব? (একটু ভেবে) উনি তো ভালোই। আসলে উনার সম্পর্কে মন্তব্য করার ক্ষমতা আমার নেই। তবে একটা ব্যাপার হলো, উনি যেটা ঠিক মনে করেন সেটাই করেন। অবশ্যই উনি ভালো বোঝেন বলেই হয়তো সবকিছু করেন। প্রায়ই দেখা যায়, প্রয়োজনের সময় স্ট্রাইকাররা গোল করতে পারেন না। সমস্যাটা কোথায়?এনামুল: আমাদের দেশে আসলে মাঠের বাইরে যারা বসে থাকে সেই দর্শকেরা তো স্ট্রাইকারদের কাছ থেকে গোল আশা করে, তাই না? আমরাও কম চেষ্টা করি না। কিন্তু না হলে আর কী করা! ওই সময় বুঝতে পারি না ঠিক। তবে কোচ হয়তো এ ব্যাপারে ভালো বলতে পারবেন।  এখন তো ফুটবলে স্ট্রাইকিং জুটির চল। আপনি কার সঙ্গে জুটি গড়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?এনামুল: এমিলির (জাহিদ হাসান) সঙ্গেই খেলতে বেশি ভালো লাগে। যে কয়টি ম্যাচ ওর সঙ্গে খেলেছি আমাদের দুজনের বোঝাপড়াটা ছিল চমত্কার। এর আগে আমি যখন মুক্তিযোদ্ধায় খেলেছি তখন মনি ভাই, আলফাজ ভাইদের সঙ্গে জুটি গড়ে খেলেছি। ওনারা আমাকে খুব সাহায্য করতেন। ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।