দীর্ঘক্ষণ বোলিংয়ের পর নেটে ব্যাটিং, পরে ইনডোরে বোলিং মেশিনে আবার ব্যাটিং—এত পরিশ্রম দেখে কে বলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের একমাত্র তাঁরই জাতীয় দলে জায়গাটা পাকা! জন্ম, বেড়ে ওঠা, ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারের প্রায় পুরোটাই অস্ট্রেলিয়ায় কাটিয়ে এখন তিনি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নিয়মিত মুখ। মিরপুরের ইনডোরে কাল ব্রেন্ডন ন্যাশ জানালেন তাঁর কথা জাতীয় দলে জায়গা হারানো বা পেতে চাওয়াদের জন্যই ‘এ’ দল। আপনি এ সফরকে কীভাবে নিচ্ছেন?ব্রেন্ডন ন্যাশ: দলে নিয়মিত হলেও আমি কিন্তু অনেক দিনই খেলার বাইরে। সেই ডিসেম্বরের পর আমরা আর কোনো টেস্ট খেলিনি, আমারও খেলা হয়নি। সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ, এর আগে ভালো একটা প্রস্তুতির সুযোগ পাওয়া গেল এই সফরে। তা ছাড়া ওয়ানডে দলে আমি এখনো নিয়মিত নই। সিরিজে আমার লক্ষ্য তাই টেস্টের জন্য প্রস্তুতি আর ওয়ানডেতে ফেরা। আপনার ব্যাটিংয়ের ধরনটা ঠিক ওয়ানডের জন্য মানানসই নয়, এমন একটা ধারণা প্রচলিত আছে।ন্যাশ: ক্যারিবিয়ানে অনেক তরুণ ক্রিকেটার আছে যাদের কাছে ওয়ানডে মানেই চার-ছয়। কিন্তু আমি দেখাতে চাই ওয়ানডে খেলার আলাদা একটা পথও আছে, এটা প্রমাণ করাই এই সিরিজে আমার চ্যালেঞ্জ। প্রমাণ করতে চাই, আমার মতো খেলেও ওয়ানডেতে সফল হওয়া যায়। ১২ টেস্টে ১ সেঞ্চুরি, ৬ ফিফটি, গড় ৩৯.৩১, এই রেকর্ড নিয়ে সন্তুষ্ট?ন্যাশ: উম্...হ্যাঁ। তিন বছর আগে কেউ যদি আমাকে বলত ১০টা টেস্ট খেলব, তাহলে আমি খুশিই হতাম। আমি এত খেলার আশাই করিনি, কাজেই যা পাচ্ছি তাই বোনাস। হয়তো আরও দু-একটা সেঞ্চুরি বেশি হতে পারত। তবে এখন আমি প্রতিটি ম্যাচই সিরিয়াসলি নিচ্ছি, ভালো করার ক্ষুধাটাও বাড়ছে। অস্ট্রেলিয়া ছেড়ে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমালেন কী কারণে?ন্যাশ: ক্রিকেট নয়, আমাকে টেনেছে ওয়েস্ট ইন্ডিজের জীবন ও সংস্কৃতি। এখানে সবাই জীবনটাকে উপভোগ করে। এই অভিজ্ঞতাটা আমি পেতে চাইছিলাম। তা ছাড়া শেকড়ে ফিরে যাওয়াটাও আমাকে টানছিল। আমার বাবা-মা ছিলেন জ্যামাইকান। বাবা ছিলেন সাঁতারু, জ্যামাইকার হয়ে অংশ নিয়েছেন অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে। কিন্তু টেস্ট খেলার জন্যই অস্ট্রেলিয়া ছেড়েছেন, অনেকের ধারণা এমনই...ন্যাশ: ওটাই মনে হওয়া স্বাভাবিক। রাজ্য দলে আমার জায়গাটাও নড়বড়ে হয়ে গিয়েছিল। কিন্তু সত্যি বলতে কি, ক্রিকেটাই আমার কাছে সব নয়। এটা স্রেফ জীবনের একটা অংশ। জ্যামাইকার জীবন আমাকে টানছিল। ওখানে গিয়েও ক্রিকেট খেলা শুরু করলাম, রানও পেলাম। এর পর টেস্টও খেলে ফেললাম, কিন্তু আমার লক্ষ্য এত দূর ছিল না। অস্ট্রেলিয়ায় খেলতে না পেরে তাহলে কোনো আক্ষেপ নেই?ন্যাশ: না, একটুও না। ওই যে বললাম, আমার ক্রিকেট নিয়ে এত আগ্রহই ছিল না। এ জন্যই হয়তো অস্ট্রেলিয়ায় আমি ভালোও করতে পারিনি। অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে হেইডেন-সাইমন্ডসদের পাশে খেলার অভিজ্ঞতাটা কেমন?ন্যাশ: শুধু হেইডেন-সাইমন্ডস নয় বিকেল, কাসপ্রোভিচ...অভিজ্ঞতা অসাধারণ। ড্রেসিংরুমে হেইডেনের পাশের আসনটাই ছিল আমার, সাত বছর ওর পাশে বসার সৌভাগ্য হয়েছে আমার। যদিও আমাদের খেলার ধরনটা এক নয়, তার পরও অনেক শিখেছি ওর কাছ থেকে। ওর ট্রেনিং পদ্ধতি, নেটে ব্যাটিং, মানসিক শক্তি এসব। অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের পার্থক্যটা কোথায়?ন্যাশ: মূল পার্থক্য পেশাদারিতে। অস্ট্রেলিয়ায় কাঠামো ভালো, টাকাও বেশি। আর অনেক সময় ধরে খেলা হয়। ক্রিকেটার টু ক্রিকেটার বিবেচনা করলে ওয়েস্ট ইন্ডিজে প্রতিভা বেশি। কিন্তু অস্ট্রেলিয়ানরা প্রতিভার পরিচর্যা সঠিকভাবে করতে জানে। ওদের তরুণ ক্রিকেটাররাও জানে দলের প্রতি দায়িত্ব কতটুকু। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। আপনি ঘরোয়া টি-টোয়েন্টিও খেলেছেন মাত্র ১টি। ইচ্ছে করে না টি-টোয়েন্টি খেলতে?ন্যাশ: ইচ্ছে তো করেই। খুব মজার খেলা, কিন্তু ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি এত কম হয় যে নিজেকে মেলে ধরার সুযোগ খুবই কম।