'আমাকে সন্দেহ করা দুঃখজনক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম।
মামুনুল ইসলাম।

সাফ ব্যর্থতায় খেলোয়াড়দের দিকে ওঠা অভিযোগের তির তাঁর দিকেও ছুটেছে। পা বাঁচিয়ে অল্প সময় খেলেছেন, এমন কথাও শুনছেন মামুনুল ইসলাম। তবে কাল বাফুফের তদন্ত কমিটির সামনে দেওয়া জবানবন্দিতে সব অভিযোগই অস্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। এরপর প্রথম আলোর মুখোমুখি হয়ে দিয়েছেন অপ্রিয় সব প্রশ্নের উত্তর
 দলের ব্যর্থতার জন্য বাফুফের কাঠগড়ায় দাঁড়াতে হলো। একজন খেলোয়াড় হিসেবে নিশ্চয়ই এটা সুখকর নয় আপনার জন্য...
মামুনুল ইসলাম: অবশ্যই এটা সুখকর নয়। আমরা এখানে (বাফুফে ভবনে) আসামি হয়ে এসেছি। আসামিরা সব কিলার হয় অথবা চোর-ডাকাত। আমরা আসামি হয়েছি সাফে রেজাল্ট না পাওয়ায়। কিছু করার নেই। কাঠগড়ায় দাঁড়াতেই হবে।
 কিন্তু অধিনায়ক হিসেবে আপনার দায় তো অন্যদের চেয়ে বেশি, এটা স্বীকার করেন?
মামুনুল: স্বীকার করি। তদন্ত কমিটির সামনেও আমি আমার অক্ষমতার কথা বলেছি। আমরা খেলোয়াড়েরা আমাদের দায় নিয়েছি। বাদবাকি সবাই তাদের দায়টা নিলে আমার বিশ্বাস, এই খারাপ সময় পেছনে ফেলা সম্ভব।
 আপনি নেপাল ম্যাচে খেলেননি। ভারত-পাকিস্তান ম্যাচে খেলেছেন শেষ ১০ মিনিট। নানা মুখে শোনা যাচ্ছে, আপনি পা বাঁচাতে বেশি সময় খেলেননি। এই অভিযোগ খণ্ডাবেন কীভাবে?
মামুনুল: দেখুন, সাফের দিন দশেক আগে ব্যথা পাওয়ার পর ডাক্তার আমাকে এক মাস বেড রেস্ট দিয়েছিলেন। ডাক্তার বলেননি আমি সাফে খেলতে পারব। বলেছিলেন চেষ্টা করতে। এই অবস্থায় আমি নিজেই বলেছিলাম, এক পা নিয়ে হলেও চেষ্টা করব। কিন্তু ব্যথাটা সারেনি। তাই আমি মাঠে নামা মানে ছিল ১০ জন নিয়ে খেলা।
 কিন্তু দলের ফিজিও, ফিটনেস ট্রেনার কাঠমান্ডুতে আমাদের বলেছিলেন, আপনার মাঠে নামতে বড় কোনো সমস্যা নেই। তার পরও কেন নিজেকে অনেকটা দর্শক বানিয়ে রাখলেন?
মামুনুল: আমি চাইনি দর্শক হতে। আমি তো দলের সঙ্গে যেতেই চাইনি প্রথমে। কিন্তু কোচ দলে চেয়েছিলেন আমাকে। পরে আমার নিজেরও আগ্রহ হয়েছে যেতে। কোনো খেলোয়াড়ই চায় না এভাবে বাইরে বসে থাকতে।
 আপনি দলকে সে অর্থে উজ্জীবিত করতে পারেননি। দল যখন খারাপ খেলছিল, তখন কি কোচকে বলেছিলেন, মাঠে নামতে চান?

মামুনুল: আমি কোচকে বললে হবে না যে আমি মাঠে নামব। কখন আমাকে ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। এখানে আমার কোনো বক্তব্য নেই। কোচ হয়তো মনে করেছেন, শেষ ১০ মিনিট খেলাবেন। তা-ই করেছেন, আমি কী করতে পারি, বলুন।

 অপ্রিয় অনেক কথাই কিন্তু উঠছে। অনেকে এ-ও বলছেন, দলবদল সামনে বলে আপনি ঝুঁকি নিতে চাননি...
মামুনুল: এটা একদম ভুল কথা। আমাকে সন্দেহ করা দুঃখজনক। দেশের প্রতি আমার কমিটমেন্ট এক শ ভাগ। যাঁরা এসব কথা বলেন, তাঁদের মধ্যে কেউ সাবেক ফুটবলার থেকে থাকলে তিনিও হয়তো অতীতে এমন পরিস্থিতিতে পড়েছেন।
 বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনই তো আপনার চোটের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন আকার-ইঙ্গিতে। এ ব্যাপারে কী বলবেন?
মামুনুল: সালাউদ্দিন ভাই এমন কিছু বললে সেটা খুবই বেদনার। যদি উনি আমার চোট নিয়ে সন্দেহ প্রকাশ করে থাকেন, তাহলে সেটি ওনার ব্যর্থতা। ডাক্তার বা ফিটনেস ট্রেনারের সঙ্গে হয়তো উনি কথা বলেননি। পত্রিকায় সালাউদ্দিন ভাইয়ের মন্তব্য আমি দেখেছি। উনি বলেছেন, আমার কী চোট ছিল, সেটা উনি জানেনই না। জানতে চাইলে জানা কঠিন ছিল না। আসলে রেজাল্ট খারাপ হওয়ায় এসব কথা আসছে।
 প্রশ্নগুলো আসছে আপনারা ক্লাবের জার্সিতে নিজেদের যতটা উজাড় করে দেন, জাতীয় দলের হয়ে তা সব সময় দেখা যায় না। খেলোয়াড়দের আত্মনিবেদনের অভাব নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার বক্তব্য কী?
মামুনুল: খেলোয়াড়েরা চেষ্টা করেছে। কিন্তু প্রত্যাশিত ফল আসেনি। এটা থেকে শিক্ষা নিতেই হবে। খেলোয়াড়েরা পা বাঁচিয়ে খেলেছে, আমি নিজে চেষ্টা করিনি—এসব না বলে আসল সমস্যাগুলো খুঁজে বের করা দরকার।