'আমাকে সবাই বিউটি ভাই ডাকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বড় পরিচয় বাংলাদেশের সেরা মহিলা অ্যাথলেট। ১০০ ও ২০০ মিটারে ১১ বার জাতীয় চ্যাম্পিয়ন। এরই মধ্যে ফুটবলের রেফারির কোর্সটাও সেরে  ফেলেছেন নাজমুন নাহার (বিউটি)। বর্তমানে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজে ১০ মাসের বিপিএড কোর্স করছেন। প্রস্তুতি নিচ্ছেন কমনওয়েলথ ও এশিয়ান গেমসেরও। সেসব নিয়েই কাল কথা বললেন টেলিফোনে

নাজমুন নাহার (বিউটি)
নাজমুন নাহার (বিউটি)

l আপনার বিপিএডের পড়াশোনা কেমন চলছে? 
নাজমুন নাহার: ভালোই। আশা করছি ফলও ভালোই হবে। এখানে ৭০০ মার্কের প্র্যাকটিক্যাল, ৩০০ মার্কের থিওরি।
l প্র্যাকটিক্যাল ক্লাসে কী কী করা লাগে?
নাজমুন নাহার: অনেক খেলায় অংশ নিতে হয়। অনেক খেলা নতুন করে শিখছি। যেমন হ্যান্ডবল, জিমন্যাস্টিকস, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, কাবাডি, খো খো, সাঁতার। সাঁতারের সব ইভেন্ট শিখে ফেলেছি। ক্রিকেট খেলা আগে থেকেই ভালো লাগে। আমি বোলিংটা পারতাম না। এখন সব শিখে ফেলেছি। সবচেয়ে বেশি মজা লাগে টেবিল টেনিস খেলতে।
l অ্যাথলেটিকস?
নাজমুন নাহার: সেটা তো আছেই। অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটার দৌড়াব। লং জাম্প, শট পুট খেলব। শারীরিক শিক্ষা কলেজের প্রতিযোগিতায় এবার আমি লড়ব চট্টগ্রাম ফিজিক্যাল কলেজকে চ্যাম্পিয়ন করতে।
l ট্রায়াথলন, হেপ্টাথলনের অনেকটাই তো শিখে ফেলেছেন?
নাজমুন নাহার: না, এখানে শুধু সাইক্লিংটা নেই।
l তার পরও তো আপনাকে অলরাউন্ডার বলা যাবে?
নাজমুন নাহার: এখনো পুরোপুরি বলা যাবে না। যখন পাস করে বের হব, তখন বলবেন অলরাউন্ডার।
l বিওএ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের জন্য খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেবে। এসব নিয়ে আপনার কী ভাবনা?
নাজমুন নাহার: আমি এখনো কিছু জানি না। তবে ডানা আপা (কামরুন নাহার ডানা) আমাকে ফোন করেছিল কুইন্স ব্যাটন রিলেতে যাওয়ার জন্য। আমার পরীক্ষা। তাই বলেছি, ঢাকায় যেতে পারব না। তবে যদি আমাকে নির্বাচিত করে বিওএ চেষ্টা করব ভালোভাবে দৌড়ানোর জন্য।
l ফুটবল রেফারি হওয়ার ভাবনা কীভাবে এল?
নাজমুন নাহার: আমি বিপিএড করতে চট্টগ্রাম এলে আমাকে স্যাররা বললেন, তুমি গেম টিচার হবে, সবকিছুই শেখ। রেফারি আবদুল হান্নান মিরন ভাই বললেন, তুমি রেফারির ট্রেনিংটা করো। আমাদের তেমন ভালো মানের মহিলা রেফারি নেই। তুমি এলে ভালো করবে। তখন আমি ভাবলাম ঠিক আছে তাহলে করে দেখি।
l আর কত দিন খেলবেন। ভবিষ্যৎ পরিকল্পনা কী?

নাজমুন নাহার: ভবিষ্যৎ নিয়ে তো সারাক্ষণ ভাবি। এখন বিজেএমসিতে আছি। বিপিএডটা শেষ করি। যদি ভালো বেতনের চাকরি পাই তাহলে খেলাটা ছেড়ে দেব। এরপর বিয়েশাদি করব।

l সবগুলো খেলা শিখছেন। এসব কতটুকু উপভোগ করেন?

নাজমুন নাহার: আমি দারুণ উপভোগ করি সব। এতটা বছর শুধু দৌড়িয়েছি। কিন্তু দৌড়ের অনেক নিয়মকানুন জানি না। ২ নম্বর লেন আগে কেন, ১ নম্বর পেছনে কেন? এটার একটা মাপ আছে। অঙ্ক কষে সেটা বের করতে হয়। আমি সেটা শিখেছি। অথচ এত দিন খেলেও আমার এটা নিয়ে কোনো ধারণা ছিল না। আসলে শেখার শেষ নেই।

l কোর্স করতে গিয়ে কোনো সমস্যা?

নাজমুন নাহার: ওখানে খাওয়া-দাওয়ার একটু কষ্ট হয়। খেলোয়াড় মানুষ। এ জন্য প্রথম প্রথম সমস্যা হতো। পরে মানিয়ে নিয়েছি। এখন তো আমি বেশ জনপ্রিয় সবার কাছে।

l সেটা কেমন?

নাজমুন নাহার: মজার ব্যাপার, আমি ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল যাই খেলি, সব ছেলেদের সঙ্গে খেলি। আমাদের মেয়েরা ভালো করে দৌড়াতেই পারে না। সবাই আমাকে ‘বিউটি ভাই’ বলে ডাকে। সবাই আমাকে নিয়ে টানাটানি করে। কারণ ওরা জানে আমি একজন স্প্রিন্টার। আমার গতি আছে। আমি খুব মজা পাই এসব দেখে। ওরা আমাকে অনেক সম্মান করে।