‘আমাদের অনেক দূর যেতে হবে’
জন টেরির অধিনায়কত্ব কেড়ে নিয়ে রিও ফার্ডিনান্ডকে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বানিয়েছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। পূর্ণ অধিনায়ক হিসেবে মিসরের বিপক্ষে গত প্রীতি ম্যাচটিতেই অভিষেক হতো ফার্ডিন্যান্ডের। কিন্তু তাঁর সামনে বাধা হয়ে দাঁড়াল ইনজুরি। তাই এ ম্যাচের জন্য লিভারপুলের অধিনায়ক, ইংল্যান্ডের সোনালি প্রজন্মের অন্যতম পুরোধা স্টিভেন জেরার্ডকেই অধিনায়কের বাহুবন্ধনী দিলেন ক্যাপেলো। এই দায়িত্ব নেওয়ার আগে ফিফা ডটকমের সঙ্গে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার জার্মানি বিশ্বকাপে আপনি পর্তুগালের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন, সে ম্যাচে হেরে গিয়েছিল ইংল্যান্ড। ওই অভিজ্ঞতা থেকে আপনার শিক্ষা কী?স্টিভেন জেরার্ড: আমার মনে হয় পেনাল্টি মিস করার পর, সামনে আমি আরও বেশি গুছিয়ে উঠব এবং আরেকটু সময় নেব। আমি ওটা নিয়ে অনুশীলনে কঠোর পরিশ্রম করব, যাতে আমি কী করতে যাচ্ছি সে সম্পর্কে ঠিকঠাক জানা থাকে আমার। ২০০৬ সালে ওটা খুব দ্রুতই ঘটে গিয়েছিল এবং পেনাল্টির পর বুঝতে পেরেছিলাম আমার আরেকটু সময় নেওয়া উচিত। আপনি যখন স্পটকিক নিতে যান, আপনার মনের মধ্যে কী চিন্তা কাজ করে?জেরার্ড: এটা বিশাল চাপ, কিন্তু এটা তো আমাদের সামলাতেই হবে। চাপ সামলানোর চেষ্টাটা আমাদের করতেই হবে। ২০০৬ সালে ওটা আমি সামলাতে পারিনি। সুতরাং আবারও যদি ও রকম পরিস্থিতিতে আমি পড়ি, আমাকে চেষ্টা করতে হবে যাতে আরেকটু ভালোভাবে চাপটা সামলাতে পারি। কিন্তু এটা কঠিন, অনুশীলনে নেওয়া সাধারণ পেনাল্টি তো এটা নয়—আপনাকে অনেক দায়িত্বশীল হতে হবে। আপনি জানছেন যে দেশের সব সমর্থক দেখছে এবং যখন আপনি ক্লান্ত, অসম্ভব রকমের চাপের কাছে নতজানু, তখনই কিন্তু ভুলটা হয়। ২০০৬ সালে ওটাই ঘটেছিল আমার ক্ষেত্রে। ২০১০ বিশ্বকাপের মঞ্চে যাওয়ার পথে বাছাইপর্বে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত কী?জেরার্ড: আমি তো সে রকম একটি মুহূর্তও মনে করতে পারি না। তবে পুরো অভিযানেই আমরা ছিলাম ধারাবাহিক। অন্য দলগুলোর পক্ষে আমাদের হারানো ছিল কষ্টকর, আমাদের বেশ কিছু পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপকে সামনে রেখে আমরা এখনো কঠিন অনুশীলন করে চলেছি। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। ফ্যাবিও ক্যাপেলো তাঁর প্রথম বিশ্বকাপে কতটা মানিয়ে নিতে পারবেন বলে মনে করেন আপনি?জেরার্ড: দলের মধ্যে তিনি নতুন অনেক কিছুই এনেছেন। তিনি একজন বিজয়ী; অসাধারণ তাঁর অভিজ্ঞতার ভান্ডার, স্মরণীয় অনেক সাফল্যও আছে তাঁর। দলে আপনার দায়িত্ব কী? ক্যাপেলো আপনার কাছ থেকে কী চান?জেরার্ড: ম্যানেজার চান আমি যেন স্বাধীনভাবে খেলি, নিজেকে তুলে ধরতে পারি। এটা শুরু হবে বাঁ প্রান্ত থেকে, তবে তিনি চান না যে আমি একটা জায়গাতেই স্থির থাকি। আমি যেন চারদিকে ছড়িয়ে খেলি এবং প্রতিপক্ষ আমাকে প্রত্যাশা করেনা এমন একটা জায়গায় গিয়ে যাতে তাদের সমস্যায় ফেলি। আপনি লিভারপুলের অধিনায়ক, কিন্তু ইংল্যান্ড দলে সহ-অধিনায়ক। অধিনায়ক এবং অধিনায়ক না থাকার মধ্যে কী ব্যবধান দেখেন আপনি? চাপ থেকে কি মুক্ত?জেরার্ড: মোটেই না, চাপটা একই রকম। আমি যখন ইংল্যান্ডের হয়ে খেলি, তখন আমি অধিনায়ক নই, কিন্তু তার পরও আমার দৃষ্টিভঙ্গিটা থাকে আমি যেন ইংল্যান্ডের অধিনায়ক, যার সামনে থেকে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করতে হবে। এটা করি সতীর্থদের সাহায্য করার জন্য এবং এটাই ঠিক। যদিও অধিনায়ক হওয়ার ব্যাপারটা দারুণ এবং তা সম্মানের, তারপরও খেলার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা একই থাকতে হবে, সে বাহুবন্ধনী আপনার কাছে থাক আর না থাক। অনেকেই বলছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের গ্রুপটা অন্যদের চেয়ে সহজ হয়েছে।জেরার্ড: এমন ড্র পেয়ে আমরা খুশি এবং আমরা খুবই আত্মবিশ্বাসী যে গ্রুপ থেকে আমরা উঠব। তবে একই সঙ্গে অন্য দলগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাও থাকতে হবে। প্রতিটি দলই দারুণ পারফরম্যান্স দেখিয়েই বিশ্বকাপে গেছে এবং গ্রুপ প্রতিপক্ষ তিন দলই (আলজেরিয়া, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র) আমাদের হারানোর জন্য মরিয়া। আমরা জানি তারা তাদের সর্বস্ব উজাড় করেই খেলতে যাচ্ছে, সুতরাং আমাদেরও জয়ের জন্য ভালো খেলা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে বলা যায়, তাদের বেশ কিছু খেলোয়াড়কে আপনি পাবেন যাঁরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন, যেমন হাল সিটির জজি আল্টিডোর। তাঁকে আপনি কীভাবে দেখেন?জেরার্ড: সে বিশালদেহী, শক্তিশালী সেন্টার ফরোয়ার্ড। সে পেছন থেকে দৌড়াতে পছন্দ করে এবং তার উচ্চতা ও শক্তি কাজে লাগিয়ে ডিফেন্ডারদের সমস্যায় ফেলে। সুতরাং তাকে আটকাতে ইংল্যান্ড ডিফেন্ডারদের ভালো খেলতে হবে। শৈশবে বিগত ফিফা বিশ্বকাপগুলোর কোন কোন খেলোয়াড় আপনার দৃষ্টি কেড়েছে, কোন কোন খেলোয়াড় আপনার প্রিয়?জেরার্ড: সর্বকালেই আমার প্রিয় খেলোয়াড় জিনেদিন জিদান, সাবেক ফ্রান্স অধিনায়ক। তাকে খেলতে দেখা—যেভাবে সে মুভ করত, যেভাবে বল নিয়ন্ত্রণ করত, যেভাবে পাস দিত, এটা দেখাই তো অনেক কিছু। এই লোকটার কাছ থেকে এত কিছু শিখতে পারেন আপনি—বল পায়ে সে অমিত প্রতিভাধর। ইংল্যান্ডের কথা বললে গাজ্জার নাম করতে হয়। সহজাত প্রতিভাধর খেলোয়াড় যারা নৈপুণ্যভাস্বর, তাদের খেলা দেখতেই ভালো লাগে আমার। এবং এখনো পর্যন্ত গাজ্জা সম্ভবত ইংল্যান্ডের সবচেয়ে নৈপুণ্যভাস্বর খেলোয়াড়দের একজন। সুতরাং আমি এ দুজনের কথাই বলব।