‘আমাদের আরেকটু ভালো খেলতে হবে’
লক্ষ্য অর্জনের শেষ সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে অধরা ওয়ানডে জয়টা কি আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ধরা দেবে? সিরিজের শেষ ওয়ানডের আগে এই প্রশ্নের সমান্তরালেই থাকছে মাশরাফি-বিতর্ক আর ফিল্ডিং-ব্যর্থতার আলোচনা। কাল অনুশীলন শেষে সেসব নিয়েই মিডিয়ার মুখোমুখি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কালকের (আজ) ম্যাচেও কি আপনাদের পরিকল্পনা স্পিন-নির্ভরই থাকবে?সাকিব আল হাসান: হ্যাঁ, দেশে খেলা হলে আমরা সাধারণত স্পিনের ওপরই নির্ভরশীল থাকি। এই ম্যাচেও ও রকমই হতে পারে। আর উইকেট দেখেও মনে হয়েছে এখানে মিরপুরের চেয়ে বল একটু বেশি ঘুরবে। ইংল্যান্ডের স্পিন খেলার সামর্থ্য নিয়ে কী বলবেন?সাকিব: ওরা যে খুব ভালো স্পিন খেলেছে তা নয়। আগের ম্যাচে বল আরেকটু বেশি ঘুরলে হয়তো ওরা অনেক বেশি সমস্যায় পড়ত। তবে আমার মনে হয় মরগান ভালো স্পিন খেলছে। আয়ারল্যান্ডের হয়ে খেলার সময়ও সে আমাদের বিপক্ষে ভালো স্পিন খেলেছে। তার পরও আমার বিশ্বাস, স্পিন দিয়ে এখনো ওদের কাবু করা সম্ভব। ইংল্যান্ডের বিপক্ষে অন্তত একটা জয়ের আশা নিয়ে সিরিজ শুরু করেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে সেটা পেতে পেতেও পাওয়া হয়নি। লক্ষ্যপূরণের প্রশ্নে শেষ ম্যাচটা কি বাড়তি গুরুত্ব পাচ্ছে?সাকিব: এ ম্যাচকে আলাদাভাবে দেখার কিছু নেই। বেশ কিছুদিন ধরেই আমরা খুব ভালো ক্রিকেট খেলে আসছি। আগের ম্যাচ শেষেও সংবাদ সম্মেলনে বলেছি, আমাদের আরেকটু ভালো খেলতে হবে যাতে ম্যাচগুলো জিততে পারি। সঙ্গে দু-একটা সিদ্ধান্ত আর আমাদের ফিল্ডিংটাও একটু ঠিকঠাক হলে এসব ম্যাচ জেতা সম্ভব। আমাদের সমস্যাগুলো কিন্তু বড় নয়, আগে বড় বড় সমস্যা থাকলেও এখন সমস্যা ছোট ছোট। এগুলো সমাধান করা জরুরি। দলের ফিল্ডিং নিয়ে কি আপনি সন্তুষ্ট?সাকিব: গত ম্যাচের ফিল্ডিং নিয়ে অবশ্যই সন্তুষ্ট। দুইটা ক্যাচ পড়া বাদে আমরা সেদিন খুবই ভালো ফিল্ডিং করেছি। কেউ মিস ফিল্ড করেনি, কারও হাত থেকে দুই রান নিতে পারেনি, যেগুলো আগে হয়েছে। এসব অবশ্যই পজিটিভ দিক। মাশরাফিকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের কোনো প্রভাব কি দলে পড়ছে?সাকিব: জানি না, আমার মধ্যে অন্তত পড়ছে না। ওনার সঙ্গে কাল রাতে আমার টেলিফোনে কথা হয়েছে। আমরা দুজন যখন ঠিক আছি, কে কী বলল সেসব নিয়ে এত ভাবার আসলে দরকার নেই। তবে সবার জানা দরকার, আমাদের মধ্যে সম্পর্কের কোনো অবনতি হয়নি। উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন, আমিও ওনাকে বড় ভাইয়ের মর্যাদা দিই। দল এখন ভালো ক্রিকেট খেলছে, আমাদের ক্রিকেটেই মনোযোগী থাকতে হবে। গত দেড় বছরে আমরা যে রকম খেলছি, আমার মনে হয় না এর আগে কখনোই বাংলাদেশ দল এতটা ধারাবাহিক ছিল। আমরা চাই না সেখান থেকে সরে আসি বা বাইরের কোনো ব্যাপার আমাদের অগ্রযাত্রা ব্যাহত করুক। টেলিফোনে কী কথা হয়েছে মাশরাফির সঙ্গে?সাকিব: দুজনই দুজনকে ফোন দিয়েছিলাম। প্রথমবার কেউই ধরতে পারিনি। পরে আমি ফোন দিলে উনি ধরেছেন। আমরা আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছি। আমি যখন প্রথম খেলা শুরু করি উনি তখন থেকেই আমাকে সব ব্যাপারে পরামর্শ দেন। সে সম্পর্ক বদলে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের মধ্যে যে কোনো সমস্যা নেই, সেটাই নিশ্চিত হলাম দুজনে কথা বলে। আমরা নিজেরা ঠিক থাকলেই হয়। বাকিটা তো আমাদের হাতে নেই। আপনাদের দ্বিতীয় ম্যাচের পরিকল্পনায় মাশরাফি ছিলেন না, তৃতীয় ম্যাচের পরিকল্পনায় কি তিনি ছিলেন?সাকিব: আমার জানামতে তো ছিলেন। কিন্তু মায়ের অসুস্থতার কারণে প্রথম ম্যাচের পর উনি নিজে থেকেই সরে গেলেন। তখন তো আমাদের আর কিছু বলার থাকে না। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। দলে বিকেএসপি এবং বিকেএসপির বাইরের ক্রিকেটারদের মধ্যে গ্রুপিংয়ের কথা শোনা যাচ্ছে। এটা কি ঠিক?সাকিব: হ্যাঁ, গ্রুপিং তো আছেই দুইটা, (হাসি) একটা হলো বোলিং গ্রুপ, আরেকটা ব্যাটিং গ্রুপ। যদি অন্য কোনো গ্রুপের কথা বলতে চান তাহলে অবশ্যই কিছুদিন সময় দিতে হবে। তিন-চারটা গ্রুপ করতে বলতে হবে, তাতে কী ফলাফল আসে সেটা জানানো তো জরুরি।