'আমাদের উঠে আসা স্বপ্নের মতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদুল ইসলাম (স্বপন)
শহিদুল ইসলাম (স্বপন)

তৃণমূল থেকে সর্বোচ্চ স্তরে। আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জায়গা করে নিয়েছে উত্তর বারিধারা ক্লাব। দেশের শীর্ষ লিগে নবাগত এই ক্লাবের উঠে আসা আর ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বললেন বারিধারার অধিনায়ক শহিদুল ইসলাম (স্বপন)

l আপনাদের জন্য সময়টা নিশ্চয়ই খুব আনন্দের। তা প্রিমিয়ার লিগে ওঠার পর উৎসবটা কেমন হয়েছে?

শহিদুল ইসলাম: আমরা সবাই খুব খুশি। কারণ আমাদের এই উঠে আসা স্বপ্নের মতো। এই সেদিন আমরা তৃতীয় বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় বিভাগে খেলেছি। আর এখন সব সিঁড়ি ভেঙে প্রিমিয়ারে। এই আনন্দে ক্লাব আলোকোজ্জ্বল। খুব তাড়াতাড়ি বড় অনুষ্ঠানও হবে।

l উত্তর বারিধারা দলটার এত দূর উঠে আসার গল্পটা কেমন?

শহিদুল: দারুণ। খুব দ্রুতই সবকিছু ঘটল। ২০০৫ সালে তৃতীয় বিভাগের দল আদমজী ক্লাব হাতবদল হয়ে নতুন নাম হয় উত্তর বারিধারা। ওই বছরই তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন। দ্বিতীয় বিভাগে এক বছর খেলার পর দ্বিতীয় বছরে অপরাজিত চ্যাম্পিয়ন। প্রথম বিভাগে এক বছর খেলে রানার্সআপ। পরের বছর বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে খেলার জন্য আমন্ত্রণ জানায় বাফুফে। এই নিয়ে দ্বিতীয় স্তরের দুটি আসরেই আমরা খেললাম। গতবার ছিলাম রানার্সআপ, এবারও অন্তত রানার্সআপ নিশ্চিত। চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে।

l আপনি কত দিন ধরে আছেন এই দলে?

শহিদুল: দ্বিতীয় বিভাগ থেকে আছি। অন্য দলে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু যাইনি। কারণ এই ক্লাবের সবকিছুই আমার ভালো লাগে। কর্মকর্তাদের কথা-কাজে মিল থাকা খুব দরকার, যেটা এই ক্লাবে আছে।

l আপনাদের ক্লাবের অবকাঠামো, সুযোগ-সুবিধা কেমন?

শহিদুল: ভালোই। উত্তর বারিধারা ডিপ্লোমেটিক জোনের পাশে, নর্দা, কালাচাঁদপুরে আমাদের ক্লাব। আলাদা অফিস ভবন আছে, খেলোয়াড়দের থাকার জন্য হচ্ছে নতুন ভবন। ওটার দোতলা হয়ে গেছে, তৃতীয় তলার কাজ চলছে। গোটা ত্রিশেক খেলোয়াড় থাকতে পারেন।

l আর অনুশীলন-সুবিধা?

শহিদুল: অনুশীলন-সুবিধাও ভালো। বসুন্ধরার ভেতরে একটা মাঠে আমরা অনুশীলন করি, যেটা এত দিনে ক্লাবের নামে হয়ে যাওয়ার কথা শুনেছি। ক্লাবের পাশে একটা ছোট মাঠ আছে, সেখানে ওয়েট ট্রেনিং করি, নয়জনে ভাগ হয়ে খেলার মতো ওই মাঠ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বদেশ প্রপার্টিজের এমডি ওয়াকিল উদ্দিন সাহেব এসব ব্যবস্থা করছেন। তিনি খুব আন্তরিক। স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেন বাবুল ভাইও অনেক সহায়তা করেন। আমাদের ক্লাবের বড় স্পনসর স্বদেশ প্রপার্টিজ, বিএসবি ক্যামব্রিয়ানও আর্থিক সহযোগিতা করে আসছে। আছে আরও অনেকেই।

l ক্লাবের আর্থিক দিকটা কেমন? মানে কেমন টাকা পান খেলোয়াড়েরা?

শহিদুল: এই ক্লাবে আমার জানামতে, খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে তিন থেকে চার লাখ টাকা। সবচেয়ে বড় কথা, চুক্তি অনুযায়ী খেলোয়াড়েরা সব টাকাই পান। আরেকটা কথা বলব, আমাদের অভিজ্ঞ প্রধান কোচ মোহাম্মদ আলমগীর খুবই ভালো। ক্লাবের সঙ্গে শুরু থেকে আছেন, এই সাফল্যে তাঁর অনেক অবদান।

l পেশাদার লিগটা তো অনেক বড় প্রতিযোগিতা। এই মঞ্চে টিকে থাকার মতো শক্তি কি বারিধারার আছে?

শহিদুল: প্রিমিয়ারে টিকে থাকা কঠিন, এটা আমরা জানি। বড় দলগুলোর সঙ্গে লড়াই করা সহজ নয়, তবু টিকে থাকার মানসিকতা নিয়েই আমরা সবাই প্রস্তুত। কিছু সংযোজন-বিয়োজন হলেও এই দলটা সেই দ্বিতীয় বিভাগ থেকে একসঙ্গেই খেলছে। একই সঙ্গে শক্তি বাড়াতে ক্লাব নিশ্চয়ই নতুন খেলোয়াড়ও নেবে। উত্তর বারিধারা ক্লাব এগিয়ে যাবে, এটাই আমি আশা করি।