‘আমাদের একাডেমি খুবই পেশাদার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপি-বিসিবি একাডেমি দলের সঙ্গে সিরিজ খেলতে এক মাসের বাংলাদেশ সফরে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল। দলের অধিনায়ক উইয়ান ফন জিল কথা বলেছেন এই সিরিজে তাঁদের লক্ষ্য নিয়ে, জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাডেমি সম্পর্কেও এই সিরিজে কী লক্ষ্য নিয়ে খেলবে আপনার দল?উইয়ান ফন জিল: বাংলাদেশ সফরে আমাদের মূল লক্ষ্য উপমহাদেশের কন্ডিশনটাকে জানা। কারণ দল হিসেবে আমরা এই প্রথম উপমহাদেশের কোনো দেশ সফর করছি। সিরিজে ভালো খেলাটাও আমাদের লক্ষ্য। আশা করি, নিজেদের সেরা খেলা খেলতে পারলে এই অপরিচিত কন্ডিশন থেকেও জয় নিয়ে ফিরতে পারব। গত বছর নিজেদের মাটিতে বাংলাদেশ একাডেমি দলকে হারিয়েছেন। এবার অপরিচিত কন্ডিশনেও আত্মবিশ্বাসটা কি সে কারণেই?ফন জিল: ঠিক সেটা নয়। আমরা জানি এখানে স্পিনাররা ভালো করে। আমাদের দলে খুব ভালো কয়েকজন স্পিনার আছে। দলে ভালো ভালো ব্যাটসম্যান আছে। আশা করি, ওরা তাদের কাজটা ভালোভাবে করে দিতে পারবে। আমাদের ফাস্ট বোলিং আক্রমণটাও খুব ভালো। ওরা যদি নতুন বলে ভালো বল করতে পারে, যেকোনো কিছু সম্ভব। আর আমাদের ফিল্ডিং তো অসাধারণ। সব দিক দিয়েই দলটা ব্যালান্সড, আত্মবিশ্বাস সে কারণেই। বাংলাদেশের কন্ডিশন বা প্রতিপক্ষ দল সম্পর্কে কীভাবে ধারণা পেয়েছেন?ফন জিল: আমাদের দলে একজন ক্রিকেটারই আছে যে এর আগে বাংলাদেশে এসেছে। অ্যান্ড্রু বার্চ ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে এখানে। আগের সেই অভিজ্ঞতা বার্চ আমাদের জানিয়েছে। এ ছাড়া বছর দুই আগে বাংলাদেশ সফর করে গেছে, এমন কিছু ক্রিকেটারের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা আমাদের এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা দিয়েছে। আর বাংলাদেশ একাডেমির সঙ্গে তো গত বছর আমাদের দেশেই খেললাম। সেই দলের অনেকেই হয়তো এবারও আছে। আপনার দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোন পর্যায়ে খেলছে?ফন জিল: দলের সবাই-ই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে। এ ছাড়া সারা দেশে ছড়িয়ে পড়ে এসএ (দক্ষিণ আফ্রিকা) স্কুল, এসএ কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও খেলে অনেকে। আপনাদের ওখানে একাডেমি থেকে জাতীয় দলে যাওয়ার পথটা কেমন? ফন জিল: একটা উদাহরণ দিলেই বুঝবেন। গত বছর আমাদের এই দলটার যিনি অধিনায়ক ছিলেন, তিনি এবার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করবেন। এখন জাতীয় দলে খেলতে হলে তাকে ‘এ’ দলে ভালো খেলতে হবে, সে সঙ্গে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করতে হবে। একাডেমি থেকে জাতীয় দলে আসতে কয়েকটা ধাপেই নিজেকে প্রমাণ করতে হয়। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি কীভাবে কাজ করে?ফন জিল: খুবই পেশাদারিভাবে কাজ করে আমাদের একাডেমি। অনেক আগে থেকে আছে একাডেমিটা...এখন সব দিক দিয়েই স্বয়ংসম্পূর্ণ। খেলোয়াড়দের খুব ভালো যত্ন নেওয়া হয় ওখানে, আছে সব ধরনের সুযোগ-সুবিধাই। একাডেমিটা ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার হাই পারফরম্যান্স সেন্টারে। সব খেলার সুযোগ-সুবিধাই আছে ওখানে। এটা সম্ভবত গোটা দক্ষিণ আফ্রিকারই সেরা ক্রীড়া প্রতিষ্ঠান। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাই কি চালায় এই একাডেমি?ফন জিল: আমাদের একাডেমিটা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাই চালায়। তবে অন্যান্য খেলার দায়িত্বে আছে ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া।