'আমাদের ওপর কোনো চাপ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনটি। তবে এখনো অপেক্ষায় আছেন ওয়ানডে বা টেস্ট অভিষেকের। ওয়ানডে অভিষেকের সুযোগ অবশ্য এখন হাতছোঁয়া দূরত্বে। ব্যাটসম্যান শামসুর রহমানের বিশ্বাস নিউজিল্যান্ডের বিপক্ষে সে সুযোগটা এলে কাজে লাগাতে পারবেন

শামসুর রহমান
শামসুর রহমান

l দলের সঙ্গে আছেন। টেস্টে ভালো খেলার প্রভাব ওয়ানডেতে কতটা পড়বে বলে মনে করেন?
শামসুর রহমান: টেস্ট ক্রিকেটে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। ওয়ানডে সিরিজেও চেষ্টা করব এই ধারাবাহিকতা ধরে রাখতে। দলের সবাই সে জন্য প্রস্তুত।
l আগেরবারের হোয়াইটওয়াশ নিয়ে আলোচনা হয় দলের মধ্যে?
শামসুর: অবশ্যই আমাদের মাথায় আছে যে শেষ নিউজিল্যান্ড সিরিজটা ৪-০-তে জিতেছি। তবে ওটা অনেক দিন হয়ে গেছে। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব নতুনভাবে খেলা শুরু করতে। চেষ্টা করব ম্যাচ ধরে ধরে এগোতে।
l জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। এবার ওয়ানডেতে সুযোগ এসেছে। কেমন লাগছে?
শামসুর: সবাই আসলে ভালো খেলারই চেষ্টা করে, আমিও করব। যদি খেলার সুযোগ পাই চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার।
l সবাই বারবার ৪-০-এর কথা বলছে। এটা কোনো চাপ তৈরি করছে না তো দলের ওপর?
শামসুর: আমি মনে করি না বাংলাদেশ দলের জন্য এটা কোনো চাপ। আমি অনেক দিন ধরে পত্রিকায় এটা দেখছি। আপনারাই (সংবাদমাধ্যম) আসলে চাপটা দিয়ে দিচ্ছেন। আমাদের ওপর কোনো চাপ নেই।
l টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা শুরু করলেন, ওয়ানডেতে এলেন, এরপর কি টেস্টেও দেখা যাবে আপনাকে?

শামসুর: আশা তো করি। আমি খুব ভাগ্যবান যে দলের সঙ্গে আছি। টি-টোয়েন্টি খেলেছি। আসলে হুট করে সব খেলার চেয়ে ধাপে ধাপে যাওয়াটাই ভালো। আপনি আন্তর্জাতিক ক্রিকেটটা বুঝতে পারবেন, কীভাবে খেলতে হবে, কীভাবে কী করতে হবে জানবেন। বাইরে বসে থাকলেও নিজে নিজে মানসিক প্রস্তুতি নিতে পারবেন।

l ঘরোয়া ক্রিকেটে মিরপুর স্টেডিয়ামে আপনার অনেক ভালো ইনিংস আছে। আন্তর্জাতিক ক্রিকেটে কি সেগুলোও প্রেরণা হবে?

শামসুর: সুযোগ পেলে চেষ্টা করব ঘরোয়া ক্রিকেটের মতোই পারফর্ম করার। সব ম্যাচই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারের জন্য। নিজেকে কীভাবে সামনের দিকে নিয়ে যাবে, সে লক্ষ্য থাকে।

l আপনি তো ওপেনার। কিন্তু দলে এনামুল হকও (বিজয়) আছে। আপনি খেললে কোন জায়গায় খেলতে চাইবেন?

শামসুর: এটা তো আমি বলতে পারব না। তবে আমার মনে হয় আমি দলে এসেছি ওপেনার হিসেবেই। তার পরও টিম ম্যানেজমেন্ট যেখানে খেলাবে ওখানেই ভালো খেলার চেষ্টা করব।

l দুজনের মধ্যে কার সম্ভাবনা বেশি মনে হয় আপনার কাছে?

শামসুর: বিজয় বয়সের দিক থেকে আমার চেয়ে ছোট, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আমার চেয়ে ও অভিজ্ঞ। যদি সুযোগ হয় ওরই আগে হবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেট এত সহজ নয় যে বয়সই সব। বিজয় ওয়ানডে ম্যাচগুলো খারাপ খেলেনি। তবে যেই খেলবে, সে সেরাটা দেওয়ারই চেষ্টা করবে।

l অনেক বছরই তো ক্রিকেট খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটটাকে দূর থেকে কেমন মনে হয়?

শামসুর: আগে দু-একজন ছাড়া কেউ ধারাবাহিক পারফরম্যান্স করত না। এখন সবাই কঠিন পরিশ্রম করছে। নিজে নিজে ট্রেনিং করছে। এক থেকে সাত নম্বর পর্যন্ত ধারাবাহিক ব্যাটিং করছে। বোলিংয়ে ভালো করছে। আমার কাছে মনে হয় এখন আগের চেয়ে অনেক ভালো খেলার তাগিদ আছে।