'আমাদের ওপর চাপ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ের জার্সি গায়ে ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জিতিয়েছিলেন। দিদিয়ের দেশমের চ্যালেঞ্জটা আরও বড়, এবার কোচ হিসেবে দলকে নিয়ে যাচ্ছেন বিশ্বকাপে।ওয়ার্ল্ড সকারকে জুভেন্টাস ও মার্শেইয়ের সাবেক কোচ বললেন লা ব্লুদের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে

দিদিয়ের দেশম
দিদিয়ের দেশম

l আরেকটু হলেই তো ফ্রান্স বাদ পড়তে যাচ্ছিল। ফ্রান্সকে বিশ্বকাপে তুলে আনতে পেরে আপনি খুশি নিশ্চয়ই?
দিদিয়ের দেশম: অবশ্যই। ইউক্রেনের সঙ্গে নভেম্বরের সেই ম্যাচে স্তাদ দ্য ফ্রান্সের সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছিল তারা কতটা ভাগ্যবান। খুবই আবেগের রাত ছিল সেটি । শেষ দুই ম্যাচে আমরা নিজেদের শক্তিশালী ভেবেই মাঠে নেমেছিলাম। ভেবেছিলাম আমরাই পরের পর্বে চলে যাব, কিন্তু অ্যাওয়ে ম্যাচে আমরা ডুবতেই বসেছিলাম৷ স্কোরলাইনটা অনায়াসেই ৩-০ হতে পারত। সৌভাগ্যক্রমে আমরা দ্বিতীয় ম্যাচে সবকিছু ঠিকঠাক করে উতরে গেছি।
l ফ্রেঞ্চ ফুটবল-ভক্তদের মধ্যে একটা অন্য রকম উদ্দীপনা কাজ করছে না?
দেশম: অনেক ফ্রেঞ্চ সমর্থক ব্রাজিলে যাওয়ার জন্য বুকিং দিয়ে দিয়েছে। এটা দারুণ। বিশ্বকাপে কে না যেতে চায়? তার ওপর ব্রাজিলে যাওয়াটা বাড়তি এক আনন্দের উপলক্ষ, শত হলেও এটা একটা ফুটবল-তীর্থ। কিন্তু ওরা যাতে গলা ফাটানোর উপলক্ষ পায় সেটি আমাদের নিশ্চিত করতে হবে।
l এই ফ্রান্স দলটির সম্ভাবনা নিয়ে অনেকেই তো উচ্ছ্বসিত?
দেশম: আমাদের এই দলটি দারুণ কিছু করার ক্ষমতা রাখে। অন্যদিকে এদের কিছু দুর্বলতাও আছে। আমরা নিজেদের বিশ্বকাপ ফেবারিট ভাবতে পারি না। অন্য বেশ কিছু দলের ইতিহাস আমাদের চেয়ে ভালো, আমাদের চেয়ে চার বা পাঁচ বছর ধরে ভালোও করে আসছে। ফিফা র৵াঙ্কিংও সেটাই দেখায়। আমরা টুর্নামেন্টে কত দূর কী করতে পারব সেটা হন্ডুরাসের সঙ্গে ১৫ জুনের ম্যাচেই বোঝা যাবে।
l গ্রুপ ‘ই’-তে ইকুয়েডর, হন্ডুরাস, সুইজারল্যান্ড আছে আপনাদের সঙ্গে। এটা তো খুব কঠিন গ্রুপ নয়, নাকি?
দেশম: লক্ষ্য হচ্ছে হন্ডুরাসের সঙ্গে প্রথম ম্যাচটা জেতা। বাকিটা পরে দেখা যাবে। আমি বাস্তববাদী, এর মানে এই নয় যে আমার উচ্চাকাঙ্ক্ষা নেই। কিন্তু গত বিশ্বকাপগুলোয় কী হয়েছে সেটা ভুলে গেলে চলবে না। সবাই বলেছিল ২০১০ সালে আমরা সহজ গ্রুপে পড়েছিলাম। আমরা জানি কী হয়েছিল (প্রথম রাউন্ড থেকেই বিদায়)। বিশ্বকাপে সর্বশেষ আমরা গ্রুপপর্বে একটাই ম্যাচ জিতেছি, টোগোর সঙ্গে, ২০০৬ সালে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে।
l সফল বিশ্বকাপ অভিযান বলতে আপনি কী বোঝেন?
দেশম: এর উত্তর দেওয়া কঠিন। বরং সবাই জানে বিশ্বকাপে খারাপ করা মানে কী!
l করিম বেনজেমা গতবার জায়গা পাননি, এবার তো রিয়াল মাদ্রিদের হয়ে তিনি দারুণ ফর্মে...
দেশম: গোলের সামনে ওর দক্ষতা এই মৌসুমে মুগ্ধ করার মতো। ওর দলও দুর্দান্ত খেলছে। নিজের খেলাটাকে গোছানোর জন্য সে অনেক কিছু করছে। ওকে ধারালো মনে হচ্ছে। টেকনিকও ভালো।
l রিয়ালে হাঁটুর চোট কাটিয়ে রাফায়েল ভারানের ফেরাটা নিশ্চয়ই আপনার কাছে অনেক কিছু?
দেশম: অবশ্যই। রাফায়েল একজন তরুণ খেলোয়াড় যার অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। সে তার হাঁটুতে বাজে একটা চোট পেয়েছিল। কিন্তু এটা সে কাটিয়ে উঠেছে। এটা ভালো যে তাকে কোনো চোট তাড়া করছে না। সে দলের জন্য ভালো একটা ভূমিকা রাখছে। কোনো সন্দেহ নেই ভবিষ্যতেও রাখবে।
l পল পগবাকে জুভেন্টাসে মাঝেমধ্যে ক্লান্ত ও হতোদ্যম লাগছে। এটা আপনাকে ভাবাচ্ছে না?
দেশম: পগবার বিশাল সম্ভাবনা আছে, কিন্তু ও একেবারেই তরুণ। তাকে আরও উদ্দীপ্ত করা দরকার। জুভেন্টাসে ওর কোচ ব্যাপারটা সামাল দেবে। একজন খেলোয়াড় সব সময়ই উন্নতি করতে পারে, ভুল থেকে শিখতে পারে।
l আপনার খেলোয়াড়েরা কি ব্রাজিল বিশ্বকাপে সবকিছুর মুখোমুখি হওয়ার অবস্থায় আছে?
দেশম: প্রতিটি বিশ্বকাপের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে । কিন্তু আমাদের ওপর কোনো চাপ নেই।