প্রায় সাত বছর পর শুরু হয়েছে প্রথম বিভাগ বাস্কেটবল লিগ। এবারই প্রথম লিগে খেলছেন ১৩ বছর ধরে জাতীয় দলে খেলা নৌবাহিনীর মোহাম্মদ রাশেদুজ্জামান। ধানমন্ডি ইনডোরে বসে বাস্কেটবলের সমস্যা ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন বাংলাদেশ দলের এই অধিনায়ক সাত বছর বাস্কেটবল লিগ খেলতে পারলেন না। খারাপ লাগেনি এ জন্য?মোহাম্মদ রাশেদুজ্জামান: খারাপ তো লাগেই। এটা ফেডারেশনের ব্যর্থতা। তবে সাত বছর পর হলেও আবার বাস্কেটবল লিগ হতে দেখে ভালো লাগছে। আপনি বাংলাদেশের অন্যতম সিনিয়র খেলোয়াড়। গত কয়েক বছরে কোনো পরিবর্তন দেখেছেন দেশের বাস্কেটবলে?রাশেদ: পরিবর্তন আর হলো কই। এখনো সেভাবে খেলোয়াড় উঠে আসছে না। কেন?রাশেদ: খেলা থাকলেই না খেলোয়াড় আসবে। আপনি যদি মাঠে খেলা না রাখেন, তাহলে কীভাবে খেলোয়াড় আসবে বলুন? আগে ক্রিকেটার ছিলেন। বাস্কেটবলে কীভাবে এলেন?রাশেদ: আমি তখনো চাকরিতে ঢুকিনি। খেলতাম রাজশাহীতে ওয়াইসিএসআর ক্লাবে। ঢাকাতে এসে ইয়াং পেগাসাসেও খেলেছি কয়েকবার। এর পর ১৯৯৬ সালে বাংলাদেশ গেমসের সময় রাজশাহীর হয়ে বাস্কেটবল খেলতে আসি। তখন এক দিন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক এ কে সরকার আমাকে দেখে বলেন, ‘তুমি তো অনেক লম্বা (৬ ফুট ৪ ইঞ্চি)। আমরা তোমার মতো খেলোয়াড়ই খুঁজছি।’ পরের বছর জুলাইয়ে নেভিতে যোগ দিই। পরে জাতীয় দলেই সুযোগ পেয়ে যাই। বাস্কেটবলে বেশির ভাগই প্রতিরক্ষা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খেলোয়াড়। জাতীয় দল গড়তে গেলে এর বাইরে খেলোয়াড় খুঁজে পাওয়া দুষ্কর। কারণটা কী...রাশেদ: ঠিকই বলেছেন। গত এসএ গেমসের জাতীয় দলটা দেখুন—সেনাবাহিনীর ছিল ৫ জন, নৌবাহিনীর ৩ জন, বিডিআর, পুলিশ ও বিকেএসপির ছিল ১ জন করে। বাকি একজন সিভিলিয়ান। আসলে বাস্কেটবলের প্রতি বাংলাদেশের মানুষের আকর্ষণ কম। স্কুল-কলেজের ছেলেরা শখের বশে খেলতে আসে। কিন্তু লেখাপড়া শেষ হলে আর এই খেলায় ক্যারিয়ার গড়তে চায় না। এ ক্ষেত্রে ফেডারেশনের কী করা উচিত?রাশেদ: ফেডারেশনকে অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে। এ দেশে বাস্কেটবলকে জনপ্রিয় করে তুলতে হলে বেশি বেশি টুর্নামেন্ট করতে হবে। সেই সঙ্গে খেলোয়াড়দের ক্যারিয়ারকে সুরক্ষিত করতে হবে। ভারতে দেখুন, ওখানে জাতীয় দলে খেললেই চাকরি মেলে। রেলওয়ে, ব্যাংকে অথবা অন্য কোথাও একটা না-একটা ব্যবস্থা হয়ে যায়। আমাদেরও এভাবে জাতীয় দলের খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করা উচিত। অন্তত কিছু খেলোয়াড়কে গ্রেডিং পদ্ধতিতে আনা উচিত। খেলার জন্য নৌবাহিনী থেকে কি কোনো উৎসাহ পান?রাশেদ: অবশ্যই। শুধু উৎসাহই না। দল জিতলে বা কেউ ভালো করলে তার প্রমোশন হয়, বিদেশে ঘুরতেও পাঠানো হয় পুরো দলকে। এ ছাড়া আর্থিক পুরস্কারও দেওয়া হয়। আপনার প্রিয় কোনো খেলোয়াড় আছে?রাশেদ: হ্যাঁ। যুক্তরাষ্ট্রের কোবি ব্রায়ান্ট। এনবিএর (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) খেলাগুলো নিয়মিতই দেখি। ওদের দেখলে একটু আক্ষেপও হয়। কেন?রাশেদ: এই বাস্কেটবল খেলেই তারা কোটি কোটি টাকা আয় করছে। বিশ্বজুড়ে সবাই চেনে তাদের। অথচ আমরা জাতীয় দলের খেলোয়াড়, আমাদের কেউ চেনেই না।