‘আমাদের ক্রিকেটের জন্য দুঃখজনক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে তাঁকেও পাঠানোর চিন্তা ছিল নির্বাচকদের। কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল মাশরাফি বিন মুর্তজার মধ্যেই। তবে পুরো রানআপে বল করতে শুরু করা এই পেসার নিজেকে মাঠে ফেরার জন্য প্রস্তুত বলেই ঘোষণা করছেন এখন ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত গেলেন না। কী মনে হয়, গেলেই কি ভালো হতো?মাশরাফি বিন মুর্তজা: ঈদের আগে ফুল রানআপে ছয় সেশন বল করেছিলাম সমস্যা ছাড়াই। ঈদের পর অন্যরা প্র্যাকটিস শুরুর তিন দিন আগে থেকেই আমি কাজ শুরু করি স্টুয়ার্টের (কার্পিনেন) সঙ্গে। এখন হয়তো খেলার মতো অবস্থা হয়েছে। কিন্তু ম্যাচ পারফরম্যান্সের জন্য কিছু বাড়তি জিনিস লাগে। আমার মনে হয় সেসব ব্যাপারে ফিজিও-চিকিৎসকেরা এখনো পুরোপুরি সন্তুষ্ট নন। গেলে হয়তো ভালো হতো, তবে এটাও ঠিক, এখানে যেমন কোচের সঙ্গে আলাদা কাজ করছি, ইংল্যান্ডে গেলে তা করতে পারতাম না।  স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন, পরে কি ইংল্যান্ড যাওয়া নিয়ে আর কোনো আলোচনা হয়েছিল?মাশরাফি: ঈদের পর স্টুয়ার্টের সঙ্গে কথা বলেছি। ও চাচ্ছে পায়ের শক্তি আরও বাড়াতে, যাতে অন্য সমস্যাগুলো আর না হয়। তাহলেই পুরোপুরি রেডি হয়ে যাব। ও বলেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে শতভাগ ফিট থাকব। এর মধ্যে যেসব ম্যাচ আছে, সেগুলো খেলব। আশা করি, সুযোগ পেলে নিউজিল্যান্ড সিরিজে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারব। নির্বাচকদের ধন্যবাদ, ইংল্যান্ডে না পাঠিয়ে তাঁরা আমাকে পুরোপুরি তৈরি হওয়ার সুযোগ দিয়েছেন। এখন কি প্র্যাকটিসে ম্যাচের মতোই বল করতে পারছেন?মাশরাফি: প্রথম দু-একটা বলে একটু সমস্যা মনে হয়, তবে গা গরম হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না। তবে রানআপটা এক মিটারের মতো ছোট করেছি। আগের চেয়ে একটু জোরে দৌড়াচ্ছি, তাতে বলের পেস আরও বাড়তে পারে। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন?মাশরাফি: এখন আমি যেকোনো খেলার জন্যই প্রস্তুত। প্র্যাকটিস ম্যাচ বলেন, ঘরোয়া ক্রিকেট বা অন্য যেকোনো খেলা আমি এখন খেলতে পারব। নিজেদের মধ্যে সামনে কিছু প্র্যাকটিস ম্যাচ হবে, সেগুলো খেলব। ফিটনেসের দিক দিয়ে আমি প্রস্তুত। বিপিএল ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত প্রতিবেদনে নয়জনকে অভিযুক্ত করা হয়েছে, যাঁর তিনজনই বাংলাদেশি খেলোয়াড়। আপনার প্রতিক্রিয়া কী?মাশরাফি: এ ব্যাপারে কথা বলতে আমাদের নিষেধ করা হয়েছে। তার পরও শুধু এটুকু বলতে পারি, ব্যাপারটা আমাদের ক্রিকেটের জন্য দুঃখজনক।  আপনার নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটরস বিপিএলের দুটি আসরেই চ্যাম্পিয়ন। সেই ফ্র্যাঞ্চাইজিও তো ফিক্সিং বিতর্কের কেন্দ্রবিন্দুতে...মাশরাফি: আমি এই দলের অধিনায়ক, দুই বছর ধরে খেলছি, দুবার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় খেলেছে। খারাপ তো লেগেছেই। খেলোয়াড়দের এ ব্যাপারে সচেতন করে তোলার জন্য আর কিছু করার প্রয়োজন আছে বলে কি মনে করেন?মাশরাফি: আমার মনে হয় আমাকে কে কী শেখাল, সে আশায় বসে থেকে লাভ নেই। এটা নিজের ভেতর থেকেই আসতে হবে। প্রথমত, আমি খেলাটাকে ভালোবাসি। দ্বিতীয়ত, আমি দেশের হয়ে খেলছি। একজন আন্তর্জাতিক ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করে, সে তো কচি খোকা না। সব রকম প্রস্তুতি নিয়ে এসেই সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সে তরুণ খেলোয়াড়ই হোক আর অভিজ্ঞই হোক, তার এ ধরনের ভুল করা উচিত নয়। খেলোয়াড়দের শিক্ষা-দীক্ষাটাও কি একটা ব্যাপার? তা ছাড়া ক্রিকেটের এই কালো দিকটার ব্যাপারে তাঁদের জানাশোনার পরিধিও কি আরও বাড়ানো উচিত?মাশরাফি: দেখেন, বিদেশেও অনেক ক্রিকেটার আছে যারা খুব বেশি শিক্ষিত নয়। ইংরেজি জানা মানেই যে শিক্ষিত, এ রকম তো না। শ্রীলঙ্কা বা ভারত-পাকিস্তানেও অনেক নতুন ক্রিকেটার আসছে যারা খুব বেশি পড়াশোনা করেনি। শিক্ষা আলাদা একটা যোগ্যতা হতে পারে, তবে এই ব্যাপারে নিজেদের চোখ-কান খোলা রাখাটাই গুরুত্বপূর্ণ। কার সঙ্গে কথা বলছি, কী নিয়ে কথা বলছি। আর আমি যদি কিছু দেখি বা শুনি, সেটা যথাযথ জায়গায় জানিয়ে দেওয়াটাও দায়িত্বের মধ্যে পড়ে। যেকোনো সিরিজের আগেই আইসিসি আমাদের এসব ব্রিফ করে।