‘আমাদের ঠিক আন্ডারডগ মনে করি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ভারতীয় দলের দুর্বল দিককুমার সাঙ্গাকারা: নির্দিষ্ট করে কিছু বলা কঠিন। ওরা বেশ ভালো দল। ওরা ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল। সেভাবে খেলেই ফাইনালে উঠেছে, সবাই ফাইনালেও ওদের কাছ থেকে এমন খেলা আশা করবে। ফাইনালে শ্রীলঙ্কাকে আন্ডারডগ মনে করেন কি নাসাঙ্গাকারা: আমি আমাদের ঠিক আন্ডারডগ মনে করি না। আমরা যথেষ্ট ভালো দল। তবে এটা তো সত্য, ভারতকে গত বছর দুয়েক ধরে সবাই এই টুর্নামেন্ট জেতার জন্য ফেবারিট বলে আসছে। আমি নিশ্চিত, ওরা নিজেদের ফেবারিটই ভাবছে। আমাদের কাজ হলো যতটা পারি ভালো খেলা।  চার বছর আগে বারবাডোজে ২০০৭ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিসাঙ্গাকারা: চার বছর আগের ওই ফাইনালে অ্যাডাম গিলক্রিস্টের দুর্দান্ত এক ইনিংস আমাদের সর্বনাশ করে দিয়েছিল। আশা করছি, এবার কাউকে এমন কিছু করতে দেব না। তার পরও যদি হয়েই যায়, এর পরও খেলায় ফিরে আসার মানসিকতা থাকতে হবে আমাদের। এই দৃষ্টিভঙ্গি থাকাটা খুব জরুরি।  ফাইনালের আগে শ্রীলঙ্কা দলের মুডসাঙ্গাকারা: সবাই রোমাঞ্চিত, তবে সেই রোমাঞ্চটা যে নিয়ন্ত্রণে আছে, এটি দেখে ভালো লাগছে। সবাই নির্ভার, মজা করছে। এর মধ্যেও কালকের বড় কাজটা করার দৃঢ় প্রতিজ্ঞাটা টের পাওয়া যাচ্ছে। বিশ্বকাপ ফাইনাল বিরাট একটা উপলক্ষ, স্বাভাবিক থাকাটা তাই কঠিন। বিশ্বকাপ জিতলে সেটির কী তাৎপর্যসাঙ্গাকারা: ইট মিনস অল। আমরা খুব দুঃসহ সময় পাড়ি দিয়েছি, অনেক মানুষ দেশের জন্য জীবন দিয়েছে। আশা করি, নতুন ভবিষ্যতের সূচনালগ্নে আমরা কাপ নিয়ে দেশে ফিরে সবাইকে উৎসবে মাতিয়ে তুলতে পারব। মাঠভর্তি ভারতীয় সমর্থকের উপস্থিতি প্রসঙ্গেসাঙ্গাকারা: এটা দুভাবেই কাজ করতে পারে। নিজেদের দর্শকের সামনে খেলাটা অবশ্যই বাড়তি একটা প্রেরণা। আবার প্রত্যাশার চাপটা ঠিকই অনুভূত হয়। মাঠভর্তি দর্শক প্রত্যাশা করছে, আপনি সবকিছুই ঠিকঠাক করবেন—এটা খুব কঠিন। দেশে খেলতে পারলে তো ভালোই হতো। তা হচ্ছে না, কি আর করা! তবে আমি নিশ্চিত, ভারতীয় দর্শকেরা ভালো খেলার সমঝদার। টেন্ডুলকারকে শততম সেঞ্চুরি করতে না দেওয়ার লক্ষ্য আছে কি না সাঙ্গাকারা: আমরা এখানে কারও উৎসবে জল ঢেলে দিতে আসিনি। শচীনই হোক বা অন্য যে কেউ, ফাইনালে সবাই রান করতে চাইবে। তবে শচীনের ক্ষেত্রে ঘটনা হলো, এই প্রথম কোনো খেলোয়াড়ের শততম শতক হবে। বিশ্বকাপ ফাইনালের প্রত্যাশার সঙ্গে এটাও যোগ হচ্ছে। আমাদের লক্ষ্য হলো, ভারত যেন বেশি রান না করতে পারে সেটি নিশ্চিত করা। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয় কতটা প্রেরণাসাঙ্গাকারা: সেই প্রেরণা তো সব সময়ই আছে। (শ্রীলঙ্কান ক্রিকেটে) এরপর যা হয়েছে, সবই এর ইতিবাচক ফল। তবে আমাদের কাছে ১৯৯৬ সেই নির্দিষ্ট দলটির অর্জন। এরপর আরও অনেক দল তাদের ছাপ রেখে গেছে, শ্রীলঙ্কান ক্রিকেটের ঐতিহ্য ধরে রেখেছে। তবে শ্রীলঙ্কান ক্রিকেটের অগ্রযাত্রার সূচনা ১৯৯৬ বিশ্বকাপ দিয়েই, এরপর তা অনেক উচ্চতায় উঠেছে। যদিও বিশ্বকাপ বিশ্বকাপই। ১৯৯৬ হোক বা ২০১১—বিশ্বকাপ জেতাটা সবার কাছে একই রকম।  ফাইনালের দুই দলের অধিনায়কই উইকেটকিপারসাঙ্গাকারা: এম এস ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ এক ব্যাপার, বিশ্ব ক্রিকেটের জন্যও। দুই দলের অধিনায়কই উইকেটকিপার, ভালোই তো! উইকেটকিপারদের সম্পর্কে অনেকেই বলে, আমাদের ওপর খুব চাপ। হ্যাঁ, কাজটা সহজ নয়, তবে এতে মজাও আছে। সব সময়ই খেলাটিতে ডুবে থাকা যায়। দুই অধিনায়কই উইকেটকিপার, ম্যাচটা ইন্টারেস্টিং হবে। শ্রীলঙ্কা দলে পারস্পরিক বোঝাপড়াসাঙ্গাকারা: যেকোনো দলে যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ, আর শ্রীলঙ্কা এতে বরাবরই খুব ভালো। আমাদের মধ্যে বন্ধনটা খুব দৃঢ়, সবাই সবার কথা শুনি, সবার মতামতই মূল্য পায়। আমাদের দলে কোনো বড়-ছোট ভেদ নেই। সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই, কারও প্রথম ম্যাচ হোক বা কারও শততম, সবাই সমান। সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিতে আমাদের মধ্যে তর্ক হয়, আলোচনা হয়।  গত বিশ্বকাপের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ভূমিকাসাঙ্গাকারা: মাহেলা দলের সহ-অধিনায়ক, কাজেই মাঠে নামার আগে তাঁর সঙ্গে সব কিছু নিয়েই আলোচনা হয়। অন্য সবার মতো তাঁর মতামতও খুব মূল্যবান। ফাইনালে ওঠার পথে সেভাবে শ্রীলঙ্কার পরীক্ষা দিতে হয়নি—এটা ভালো না খারাপ?সাঙ্গাকারা: এটা আপনি কীভাবে জিতছেন, এর ওপরও নির্ভর করে। যদি আপনি আরামে জেতেন, লোকে বলবে পরীক্ষা দিতে হয়নি। ক্লোজ ম্যাচ জিতলে বলবে, ভালো পরীক্ষা হয়েছে। কোনটা যে ভালো, বলা কঠিন। আমরা যা খেলেছি তাতে খুশি। আমাদের কাজ হলো ম্যাচ জেতা। এই টুর্নামেন্টে আমরা যে অন্যতম সেরা দল, এ নিয়েও আমাদের কোনো সন্দেহ নেই। তবে ভারতও খুব ভালো খেলছে। ওরা সব সময়ই ফেবারিট ছিল। বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ, সঙ্গে দারুণ সব বোলার। আমার ধারণা, পুরো বিশ্বই আশা করছে, ফাইনালে ওরাই জিতবে।  ফাইনালে দলের কার দিকে বেশি তাকিয়ে আছেনসাঙ্গাকারা: আমাদের ক্রিকেট কখনো ব্যক্তিকেন্দ্রিক নয়। কোনো টুর্নামেন্টেই এমন হয়নি যে এটি কোনো একজনের টুর্নামেন্ট হয়ে গেছে, সব সময়ই এটা সম্মিলিত চেষ্টা। বিশ্বকাপই বলুন বা অন্য যেকোনো ম্যাচ, সবাই অবদান রাখলেই কেবল জেতা সম্ভব। ফাইনালের স্ট্র্যাটেজি? ওদের চেয়ে বেশি রান করা, বেশি উইকেট নেওয়া।  শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে মুরালিধরনের মুডসাঙ্গাকারা: আমাদের ড্রেসিংরুমে সবাই জানে, মুরালির মুড যেমনই থাকুক, ওকে চুপ করানো খুব কঠিন। ও খুব চনমনে আছে। ও সব সময়ই কথা বলতে থাকে, মজা করে, অন্যদের খোঁচায়। আজও ব্যতিক্রম নয়। ওকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার। আশা করছি কাল বিশ্বকাপ ফাইনালে ও আমাদের সঙ্গে থাকবে। আমরা ওর জন্য খেলতে চাই, শুধু ওর জন্যই নয়, সবাই সবার জন্য খেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।