'আমাদের তাকাতে হবে সামনে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে তো তাঁর ওপরেই থাকে সব আলো। অনুশীলনের ফাঁকে আড্ডায়ও মধ্যমণি লিওনেল মেসি। কাল বার্সার অনুশীলন মাঠে    রয়টার্স
মাঠে তো তাঁর ওপরেই থাকে সব আলো। অনুশীলনের ফাঁকে আড্ডায়ও মধ্যমণি লিওনেল মেসি। কাল বার্সার অনুশীলন মাঠে রয়টার্স

বল পায়ে তিনি কখনো পাবলো পিকাসোর মতো শিল্পী, কখনো ডেভিড কপারফিল্ডের মতো জাদুকর। লিওনেল মেসির জন্য যেন অভিধানেও বিশেষণের কমতি! গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন, এই মৌসুমের শুরুতেই আভাস দিচ্ছেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার। পরশু উয়েফার সঙ্গে এক সাক্ষাৎকারে টানা চারবারের বিশ্বসেরা ফুটবলার এই মৌসুমে দল নিয়ে তাঁর ভাবনাটা জানালেন। বললেন বার্সেলোনার নতুন কোচ আর চ্যাম্পিয়নস লিগের প্রতিপক্ষদের নিয়েও
 আপনি এত কিছু জিতেছেন। তার পরও কীভাবে সাফল্যক্ষুধাটা ধরে রাখেন?
লিওনেল মেসি: আমরা সব সময় আরও বেশি চাই। লিগ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল একটু বিশেষ কারণে—আগের মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছ থেকে শিরোপা ফিরিয়ে আনা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও একটা তিক্ত স্মৃতি আছে। দুই দলের মধ্যে অনেক বেশি ব্যবধান ছিল। আমরা পুরো প্রস্তুত হয়ে নামিনি। তবে এসবই অতীত। আমাদের তাকাতে হবে সামনে।
 বায়ার্নের বিপক্ষে সমস্যাটা আসলে কী ছিল?
মেসি: ওরা আমাদের চেয়ে সবদিক দিয়েই ভালো ছিল। শারীরিকভাবে এবং ফুটবলীয় দৃষ্টিতেও। ওরা প্রথম লেগে অসাধারণ খেলে এগিয়ে গেল। পরের লেগেও তারাই আমাদের চেয়ে ভালো ছিল।

 বায়ার্নের ফ্রাঙ্ক রিবেরি আপনাকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন। দুর্দান্ত একটা মৌসুমের পরও এটা জিততে না পেরে আপনি কি হতাশ?
মেসি: নাহ্, মোটেই না। আরও একবার ইউরোপের সেরা তিনের মধ্যে থাকতে পারাটাই সম্মানের। বিশ্বে অনেক অসাধারণ ফুটবলার এবং প্রতিযোগিতায় থাকাটা সত্যিই আনন্দের। তবে রিবেরির এটা পাওনা ছিল।
 চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গ্রুপ নিয়ে কী ভাবছেন? ‘এইচ’ গ্রুপে আপনাদের সঙ্গে আয়াক্স, সেল্টিক আর মিলান।
মেসি: সবগুলোই বড় দল এবং ঐতিহ্যবাহী। ওদের সঙ্গে আমরা আগেও খেলেছি, সুতরাং তাদের সম্পর্কে কিছুটা হলেও জানি। আয়াক্সের সঙ্গে খুব বেশি খেলিনি, তবে আমরা ওদের খেলতে দেখেছি। আমার মনে হয়, এটা রোমাঞ্চকর একটা গ্রুপ।
 আপনার শহর রোজারিওর মানুষ জেরার্ডো মার্টিনো এখন আপনার দল বার্সেলোনার কোচ...
মেসি: আমরা খুব দ্রুত ওর সঙ্গে মানিয়ে নিয়েছি। সে যা চাইছে আমরা সেটাই করার চেষ্টা করি। অবশ্যই সে নতুন কোচ এবং অনেক নতুন পরিকল্পনা আছে তার। তবে আমাদের মানসিকতা আগের মতোই আছে—দারুণভাবে মৌসুমটা শুরু করা যাতে আমরা সবগুলো শিরোপা জিততে পারি। আমরা আমাদের সমর্থকদের সেরাটা দিতে চেষ্টা করি, সব সময়ই তা করে এসেছি। আমাদের পারস্পরিক সহযোগিতা দরকার এবং আশা করছি এ বছর আমরা মিলিতভাবেই উদ্যাপন করতে পারব।