‘আমাদের দুজনের বোঝাপড়া ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল কোচ লোডভিক ডি ক্রুইফ থাকছেন সামনে, সেটাই স্বাভাবিক। কিন্তু পেছন থেকে খেলোয়াড় তৈরি করার আসল কাজটা করছেন রেনে কোস্টার। বয়স মাত্র ৩২, ২১ বয়স বয়সেই হয়েছেন হল্যান্ডের সর্বকনিষ্ঠ কোচ। ক্রুইফের সঙ্গে জুটি গড়া কীভাবে? কাল রাতে অনুশীলন শেষে এসব নিয়েই বললেন বাংলাদেশ দলের সহকারী কোচ ক্রুইফের সঙ্গে আপনার যোগাযোগটা কীভাবে?রেনে কোস্টার: চার বছর আগে। ক্রুইফের সঙ্গে আমার প্রথম পরিচয় আয়াক্সের একাডেমিতে। আয়াক্সের দুটি একাডেমি আছে। একটা হলো আমস্টারডামে, অন্যটা অ্যামেরা শহরে। অ্যামেরার একাডেমির প্রধান কোচ আমি। জুন পর্যন্ত সেখানে আমার চুক্তি আছে। তো সেই একাডেমিতেই দুজন একসঙ্গে কাজ করেছিলাম।  এটা কবেকার কথা? কোস্টার: ২০০৯ সালে। টানা তিন বছর আমরা কাজ করি আয়াক্সের একাডেমিতে। গত বছর ক্রুইফ নাইজেরিয়ায় ছিল একটা ক্লাবের দায়িত্ব নিয়ে। সাময়িক একটা বিচ্ছেদ এসেছিল। তবে এখন তো বাংলাদেশে এলাম একসঙ্গে। আপনাদের দুজন একসঙ্গে জুটি বাঁধার বিশেষ কোনো কারণ আছে? কোস্টার: তা তো আছেই। সে আমার সঙ্গে কাজ করতে চায়, আমিও চাই। আয়াক্সের একাডেমিতে লোডভিক অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করেছে। তখন থেকেই আমাদের দুজনের বোঝাপড়া ভালো। আমরা আসলে একে অন্যকে অনেক ভালো সহযোগিতা করতে পারি।  আপনার ফিটনেস প্রশিক্ষণ পর্বগুলো দেখে ভালোই লেগেছে। ক্রুইফের কাজটা সহজ করে দিচ্ছেন। তা আপনি এত অল্প বয়সে কোচিংয়ে এলেন কেন?কোস্টার: আমি আসলে টুকটাক ফুটবল খেলতাম কিশোর বয়সে। কিন্তু বেশি দূর যাইনি। কারণ, আমি বুঝে ফেলেছিলাম পেশাদার ফুটবলে গেলে আমি তেমন ভালো করতে পারব না। এ জন্যই কোচিং পেশাই বেছে নিই। তার পরের গল্পটা শুনতে চাই...কোস্টার: আমি হল্যান্ডে সবচেয়ে কম বয়সী কোচ হয়েছি। মাত্র ২১ বছর বয়সে ‘এ’ লাইসেন্স পেয়েছি। এটা আসলে আমি অর্জন করি। আমি এমন একজন, যে কি না ট্রেনিং সেশন পরিচালনাসহ অনেক কিছুই করতে পারে। লোডভিক মূলত কোচ হয়েছে তার খেলোয়াড়ি অভিজ্ঞতায়। কিন্তু আমার উঠে আসাটা একটু অন্য রকম। আমার মনে হয়েছিল, কোচ হলে খেলোয়াড়ের চেয়ে ভালো করব। আমি মনে করি, ঠিক কাজটাই করেছি। এই বয়সেই আয়াক্সে কাজ করেছি, আমেরিকা, জাপানে যুব ফুটবল নিয়ে কিছু কাজ করেছি কয়েক বছর। এখানে আপনার পরিকল্পনা কী?কোস্টার: এখানে মূলত আমরা ছেলেদের শক্তিশালী করতে চাই। খেলোয়াড়দের সক্ষমতা বাড়ানোর ওপর হল্যান্ডের একাডেমিতে জোর দেওয়া হয়। সেটা আমি এখানে করব। খেলোয়াড়দের সবকিছুই শক্তিশালী হতে হবে, যাতে ইনজুরি কম হয়। একই সঙ্গে এখানে ছেলেদের শেখাতে চাই, কীভাবে আক্রমণে যেতে হয়। কীভাবে রক্ষণে কাজ করতে হয়।  বাংলাদেশের খেলোয়াড়দের ফিটনেস কেমন দেখলেন? কোস্টার: কিছু খেলোয়াড়ের সমস্যা আছে। তাদের ফিটনেস আরও ওপরে নিতে হবে। আপনি বাফুফের একাডেমিরও প্রধান কোচ। এ নিয়ে কী ভাবছেন?কোস্টার: প্রথমে একাডেমির সুযোগ-সুবিধা ভালো হতে হবে। নইলে কাজ করতে পারব না। ফেডারেশন প্রেসিডেন্ট মিস্টার সালাউদ্দিন বলেছেন, চেলসির মতো একাডেমি করে দেবেন। যদি তা হয়, তা হলে কাজ করতে ভালো লাগবে।