'আমাদের প্রধান শত্রু আমরাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে তিনি আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিয়েছেন । সাবেক মিডফিল্ডার আলেসান্দ্রো সাবেলার ওপর ২৮ বছরের শিরোপা-খরা ঘোচানোর দায়িত্ব। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে সাবেলা অবশ্য দলকে শিরোপাজয়ীদের কাতারে রাখেননি

lআপনি কি একমত যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট?

আলেসান্দ্রো সাবেলা: আমার মনে হয় ব্রাজিল, জার্মানি ও ​েস্পন সবচেয়ে শক্তিশালী। আরও কিছু শক্ত দল আছে, কিন্তু এদের চেয়ে পিছিয়ে। আমরা সেই দলে।

lকোনো ইউরোপিয়ান দল আমেরিকায় বিশ্বকাপ জিততে পারেনি কেন?

সাবেলা: মেক্সিকোতে উচ্চতা ও তাপের ব্যাপার ছিল। যুক্তরাষ্ট্রেও তাপটা ছিল খুব বেশি। এই হলো দুটি কারণ। দক্ষিণ আমেরিকায় চিলি, আর্জেন্টিনা, উরুগুয়েতে আবার বিশ্বকাপের সময় ছিল তীব্র শীত। ব্রাজিল তো মহাদেশের মধ্যে আরেক উপমহাদেশ।যারা উত্তরে খেলবে তাদের জন্য ব্যাপারটা কঠিন হবে। আমাদের জন্য আরেকটি দুশ্চিন্তার কারণ, ধকলটা সামলে ওঠার পথে দূরত্বের সঙ্গে আবহাওয়াও ঝামেলা করবে৷

l১৯৯০ সালের পর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পার হতে পারেনি। এটা কি আপনাদের ওপর কোনো চাপ?

সাবেলা: এটা কাটিয়ে উঠতে হবে। শেষ চারে যেতে হবে—এই বিষয়টা আমাদের মনে সব সময় খেলা করে। সেমিফাইনালে পেঁৗছাতে  পারাটা আমাদের প্রথম অগ্রাধিকার।

l২০১০ বিশ্বকাপে মেসি কোনো গোল করতে পারেননি। জাতীয় দলে তাঁর পারফরম্যান্স কতটুকু বদলেছে?

সাবেলা: গত বিশ্বকাপে সে গোলের অনেক সুযোগ পেয়েছিল। নাইজেরিয়ার সঙ্গে খেলায় গোলরক্ষক অসাধারণ খেলেছিল, এমন না মেসি সেদিন বাজে খেলেছে। আমার মনে হয় সে এখন আগের চেয়ে অনেক পরিণত, অন্তত জাতীয় দলের হয়ে খেলার সময়। হয়তো অধিনায়ক হওয়ার পর সে নিজেকে দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। তার দায়িত্বও অনেক বেড়েছে, এটা তাকে আরও পরিশীলিত করেছে।

lমেসি ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যে তুলনা চলছেই। আর্জেন্টিনায় এটাকে কীভাবে দেখা হয়?

সাবেলা: ম্যারাডোনা তার সময়ের সেরা খেলোয়াড় ছিল, এখন যেমন মেসি। আর্জেন্টিনা ফুটবল-পাগল, দুজনই এখানে আইডল। লিওর (মেসি) জন্য কাজটা হয়তো কঠিন, কারণ সে আর্জেন্টিনায় খেলেনি। সে ক্যারিয়ারটা স্পেনে শুরু করেছে, সে জন্য তাকে এখানে আগন্তুক হিসেবেও দেখা হতো। কিন্তু নিজেদের দিনে দুজনই বিশ্বের সেরা খেলোয়াড়, সর্বকালের সেরাদের অন্যতম।

lআক্রমণাত্মক ফুটবল খেলতেই হবে—আপনার ওপর কি এমন বাধ্যবাধ্যকতা আছে?

সাবেলা: ফুটবলে আপনার আক্রমণ ও রক্ষণ দুটিই করতে হয়। দল হিসেবে খেলতে হয়, প্রতিপক্ষকে প্রহরায় রাখতে হয়। স্পষ্টতই বিশ্বের সেরা খেলোয়াড় আমাদের দলে, দুজন অসাধারণ স্ট্রাইকারও আছে আমাদের। আক্রমণ খুবই শক্তিশালী। ডি মারিয়াও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড় দলগুলোর সঙ্গে আমাদের ঠিক ভারসাম্যটা বের করতে হবে।

lআপনি তো কখনো নিচে পাঁচজনকে খেলান। ট্যাকটিক্যাল পরিবর্তন কি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ?

সাবেলা: সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনা। তবে আমি ‘প্ল্যান বি’ রাখতে পছন্দ করি। হয়তো অন্য ট্যাকটিকসও পরখ করে দেখতে পারি। আমরা কোনো কোনো ম্যাচে পাঁচজন ডিফেন্ডারও খেলিয়েছি। বিশ্বকাপে এটা হতেই পারে।

l১৯৯৮ বিশ্বকাপে আপনি ছিলেন ড্যানিয়েল পাসারেলার সহকারী। সেই অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?

সাবেলা: সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলার মধ্যে ধকলটা কাটিয়ে ওঠা। ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে খেলেছিলাম, ওটা ছিল আমাদের জন্য ক্লাসিকো। আমরা হল্যান্ডের সঙ্গে এক দিন পরে খেলেছিলাম, তার ওপর অতিরিক্ত সময় ও পেনাল্টি পর্যন্ত খেলতে হয়েছিল। অতিরিক্ত মানসিক চাপ ছিল, এরপর ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের খেলতে হয়েছিল হল্যান্ডের সঙ্গে। খেলাটা সমান সমান হচ্ছিল, যে কেউই জিততে পারত। কিন্তু আপনি যখন একটা দিন কম পাবেন, তখন বিশ্রামের সময়টাও কমে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।

lগ্রুপের তিন প্রতিপক্ষকে নিয়ে কী ভাবছেন?

সাবেলা: এখনো আমরা ওটা বিশ্লেষণ করছি। এটা গ্রুপ অব ডেথ নয় (কথাটা আমি পছন্দ করি না, তবে মানুষ এটাই বলে)। আমাদের গ্রুপটা সে রকম হয়নি। কিন্তু আমাদের প্রধান শত্রু আমরাই। আমাদের মাঠে ১২০ ভাগ ঢেলে দিতে হবে, প্রতিটি ম্যাচকে ফাইনাল মনে করে খেলতে হবে। নাইজেরিয়াকে আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপে হারিয়েছে, কিন্তু প্রতিবারই এক গোলে জিতেছে।

lব্রাজিলে বিশ্বকাপ খেলাটা আর্জেন্টাইনদের কাছে কেমন?

সাবেলা: এই ক্রীড়া দ্বৈরথের সঙ্গে কোনো কিছুরই তুলনা হতে পারে না। রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ । আমরা দক্ষিণ আমেরিকার চালিকাশক্তি, দক্ষিণ আমেরিকার উন্নতির জন্য একসঙ্গে কাজ করতে হবে আমাদের৷ কিন্তু অবশ্যই এখানকার শক্তিশালী দুটি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে৷