‘আমাদের ব্যাটিং যেকোনো সময়ের চেয়ে ভালো’
প্রথম ওয়ানডেতে ‘আশির দশকের’ ব্যাটিং নিয়ে আলোচনা চলছে এখনো। চলছে কারণ বোঝার চেষ্টা। সবাইকে অবাক করে জেমি সিডন্স জানালেন, আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিস্ময় হয়ে এসেছে তাঁর কাছেও! কাল মিরপুরের অনুশীলন শেষে বাংলাদেশের কোচ খোলামেলা কথা বললেন আরও অনেক কিছু নিয়েই। সেসবই তুলে ধরেছেন আরিফুল ইসলাম প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হলো?জেমি সিডন্স: প্রথম বল থেকেই লক্ষ্য ছিল জয়। কিন্তু মনে রাখতে হবে, ম্যাচটা হয়েছে এক নম্বর দলের সঙ্গে নয় নম্বর দলের। ওরা আমাদের চেয়ে ভালো খেলেই জিতেছে। সবচেয়ে বড় প্রশ্ন তো অবশ্যই আমরা কেন আরেকটু চেষ্টা করিনি। আমি তামিম ও সাকিবকে এত স্লো খেলার কারণ জিজ্ঞাসা করেছিলাম, কারণ আমাদের পরিকল্পনা ছিল ৪০ ওভারের মধ্যে দুই শর মতো করা। এরপর শেষ ১০ ওভারে ৭০। আমার মনে হয়েছিল, এটা খুবই সম্ভব। দ্রুত তিনটি উইকেট হারালাম, এরপর হয়তো বিশ্বকাপের ৫৮ ও ৭৮-এর কথাই আমাদের মাথায় বেশি ঘুরেছে। সাকিব ও তামিম দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক। ওদেরই ঠিক করতে হতো খেলার ধরন কী হবে। আমি ভেবেছিলাম, সাকিব-তামিম উইকেটে থাকতেই পাওয়ার প্লে নেওয়া হবে। কিন্তু হয়নি। এরপর তামিম আউট হয়ে গেল। ৫ উইকেট হাতে রেখে ৬০ রানে হারা একটু হতাশার। ম্যাচের আগের দিন তো সাকিব বলেছিল আমাদের লক্ষ্য ৫০ ওভার ব্যাটিং করা...সিডন্স: সাকিব বলেছে? আমাদের প্রথম পরিকল্পনা ছিল ৪০ ওভারে ২০০ করা। কিন্তু দ্রুত ৩ উইকেট হারানোর পর কাজটা কঠিন ছিল। সাকিব-তামিম দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক বলে মাঠে যা হচ্ছে ওরাই সবচেয়ে ভালো বুঝেছে। সিদ্ধান্তটাও ওদেরই ছিল। ওদের মনে হয়েছে উইকেট খুব মন্থর, শট খেলা কঠিন। কিন্তু আমার মতে আরও কিছু বাউন্ডারি আমরা পেতে পারতাম। বিশ্বকাপের আগে বলেছিলেন ব্যাটিং আমাদের মূল শক্তি। এখনো কি আপনার ধারণা একই?সিডন্স: যারা বলছে বাংলাদেশের ব্যাটিং ভালো নয়, আমি বলব তাদের স্মৃতিশক্তি ভালো নয়। ভুলে যাবেন না, তিন-চার বছর আগে আমাদের ব্যাটিংয়ের কী অবস্থা ছিল। একটা উদাহরণ দিই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রান তাড়া করে বড় জয়গুলোর সবগুলোই এসেছে ২০১০ সালে। পরিসংখ্যানে প্রমাণ পাওয়া যাবে আরও। এই বিশ্বকাপে আমরা ছয় ম্যাচের চারটিতে দুই শ করেছি। আগের সব বিশ্বকাপ মিলে করেছিলাম মাত্র তিনবার। সব বিশ্বকাপ মিলিয়ে তিনবার, এই বিশ্বকাপেই হলো চারবার। এটা কি উন্নতি নয়? একটা দল এক দিনে বা দুই বছরে গড়ে ওঠে না। কিন্তু বিশ্বকাপে তো ৫৮ ও ৭৮-ও আছে?সিডন্স: হ্যাঁ, ওই দুটি ম্যাচে আমরা খুব খারাপ করেছি বলতে আমার সমস্যা নেই। ওই দুই ম্যাচের ব্যাটিং ছিল ভয়াবহ ও বিব্রতকর। তবে পরিসংখ্যানই সবচেয়ে বড় প্রমাণ, আমাদের ব্যাটিং আগের যেকোনো সময়ের চেয়ে এখনই সবচেয়ে ভালো। আমাদের সাঙ্গাকারা নেই, রিকি পন্টিং নেই, গ্রায়েম স্মিথ নেই। এমন ক্রিকেটার আমাদের গড়ে তুলতে হবে। হয়তো শাহরিয়ার নাফীস, হয়তো ইমরুল কায়েস...অবশ্যই তামিম। ওরা এখনো ওই পর্যায়ে যেতে পারেনি। এত দ্রুত সম্ভবও নয়। ধৈর্য ধরতে হবে। মাশরাফিকে কেমন দেখলেন?সিডন্স: মাশরাফি কাল উতরে গেছে কেবল ও মাশরাফি বলেই। ওর দক্ষতার জন্য, ওর অভিজ্ঞতার জন্য। সবাই ওকে কেন ‘বিগ হার্ট’ বলে, এটা কাল দেখা গেছে। তবে ওর গতি ছিল বড়জোর ১১৫ কিমি, নিজের সেরা রূপে থাকলে যেখানে ১৩৫ করতে পারে। কাজেই এটা পরিষ্কার, সবকিছু ঠিকঠাক ছিল না। তার পরও আমি বলব শেষ ওভার দুটি ছাড়া ওর বোলিং ছিল খুব ভালো। প্রথম ম্যাচের কোন প্রাপ্তিটাকে পরের ম্যাচে কাজে লাগানো যাবে?সিডন্স: আমাদের তিনজন ব্যাটসম্যান রান পেয়েছে, এটাও তো কিছুটা উন্নতি। আমি তামিম-সাকিবের ব্যাটিং সমর্থন করছি না। তবে আমি খুশি যে অস্ট্রেলিয়াকে নিয়ে মিথটা ভাঙা গেছে। এখন ওরা জানে লি-জনসন-হেস্টিংসরা কী করতে পারে। ভয়টা তাই এখন আর নেই। আশা করি, পরের ম্যাচটায় আমরা আরও সাহসী হব। তবে সবাইকে এটাও মনে রাখতে হবে, এখানকার উইকেট খুব মন্থর। ব্যাটিং করা কঠিন। উইকেট ফ্লাট হলে আমরা যে ভালো রান করতে পারি এটা তো বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচেই প্রমাণ হয়েছে। সাকিব ফিফটি করেছে, ১০ ওভারে ৩৫ রান দিয়েছে, অথচ ওকে নিয়ে কেউ ভালো কোনো কথা বলছে না। অথচ আমার মতে, ও বিশ্বের সেরা বাঁহাতি স্পিনার। সিরিজের বাকি ম্যাচগুলো নিয়ে আপনার প্রত্যাশা কী?সিডন্স: আশা করি, আরও ইতিবাচক ব্যাটিং দেখা যাবে। তবে মনে রাখতে হবে ওরা বিশ্বের এক নম্বর দল। আমরা চেষ্টা করব, আমাদের বাঁহাতি স্পিনারদের দিয়ে ওদের বেঁধে রাখতে। আমি খুবই পজিটিভ। আগের ম্যাচেও ছিলাম। কালও থাকব। লি-জনসনরা ভালো বোলার, কিন্তু এই উইকেটে ১৬০ কিমি গতিতে বোলিং করা ওদের পক্ষে সম্ভব নয়। ভয়ের তাই কিছু নেই। দেখা যাক কাল (আজ) কী হয়।